প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রেস সচিব।
সালেহ শিবলী মন্তব্য করেন, ‘বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। গণমাধ্যম সরকারের যাবতীয় কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।’
প্রেস সচিব সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হলেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জনগণ খুব শীঘ্রই এর স্থায়ী সুফল পেতে শুরু করবে।’
সালেহ শিবলী জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন। ক্ষমতা কোনো ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব এবং সরকার সেভাবেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে।
গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নিশ্চিতে প্রতিটি টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিটের জন্য ফ্যাক্ট চেক বা সত্য-মিথ্যা যাচাইকরণ সংবাদ পরিবেশন করা উচিত। এর মাধ্যমে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজবের হাত থেকে রক্ষা পাবে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন