ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘কাউকে সন্দেহ করতে পারিনি’, আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু


‘কাউকে সন্দেহ করতে পারিনি’, আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু

ঢাকার মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির দিকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটিতে গুলি চালানো হয়। তবে এই ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন না আসিফ আকবর। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কোনো ধারণা পাচ্ছেন না বলে জানিয়েছেন তার স্ত্রী সালমা আসিফ মিতু।

শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘটনার বিস্তারিত বর্ণনা দেন সালমা আসিফ মিতু। তিনি বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে এসেছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’

আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়িটির দিকে ভোরের দিকে গুলি চালানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ আরো জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তানজিন তিশার ক্ষোভ, ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে প্রশ্ন তুললেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং তার বোনের বিরুদ্ধে অভিযোগ করা ফৌজদারি মামলাটি খারিজ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। অভিযোগটি ছিল কথিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির প্রচারে জড়িত থাকার কারণে বিনিয়োগকারীদের অন্তত ১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, শুক্রবার বিচারক মার্সেলো মার্তিনেস দে জর্জি রায়ে বলেন, ‘অভিযোগে বর্ণিত ঘটনাগুলো কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।’ এএফপি রায়ের অনুলিপি পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘লিব্রা’ নামের মিম কয়েনটির প্রশংসা করে বলেছিলেন, বিশ্ব আর্জেন্টিনায় লিব্রা বিনিয়োগ করতে চায়। তবে ক্রিপ্টোকারেন্সিটির দাম ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে মিলেই ওই ভার্চ্যুয়াল মুদ্রার প্রচার চালানোর কথা অস্বীকার করে বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত তথ্য আমি জানতাম না।’

ক্রিপ্টোকারেন্সি খাতের বিশেষজ্ঞরা ঘটনাটিকে ‘রাগ পুল’ বলে অভিহিত করেছেন। এটি এমন একটি প্রতারণা, যেখানে প্রকল্পের উদ্যোক্তারা প্রথমে একটি ক্রিপ্টো টোকেন চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং পরে দ্রুত নিজেদের অর্থ তুলে নিয়ে প্রকল্পটি থেকে সরে যান।

প্রেসিডেন্টের সম্পৃক্ততায় এ ঘটনায় সমন্বিত কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল। এ মামলায় তদন্তাধীন আরও নয়জনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি এবং ক্রিপ্টোকারেন্সিটির দামের দ্রুত উত্থান-পতন— এ দুটি বিষয় একা প্রতারণা প্রমাণের জন্য যথেষ্ট নয়। তদন্তকারীরা আর কোনো প্রমাণ পাননি, যা নির্দেশ করে যে মিলেইয়ের বোন কারিনা মিলেই উদ্যোক্তাদের সঙ্গে তার ভাইয়ের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছিলেন।

কারিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী। বিচারক বলেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা একটি বৈঠকের আয়োজন করতে সহায়তা করা— এগুলো নিজে থেকেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অপরাধ হিসেবে গণ্য হয় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাত থেকে এক অজ্ঞাতপরিচয় (৪০) পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ময়লাযুক্ত লুঙ্গি ও কালো গেঞ্জি ছিল।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক এসআই কামরুজ্জামান অভি সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত-ভবঘরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির মালামালসহ ৪ ডাকাত আটক, সোহেলও গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির মালামালসহ ৪ ডাকাত আটক, সোহেলও গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত অটো রিকশার গ্যারেজে ডাকাতির ঘটনার প্রায় দেড় মাস পর ধামরাই থানা পুলিশ বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ব্যাটারি, সিসি ক্যামেরার বক্স। আলোচিত এই ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার(২৪ অক্টোবর) সকালের দিকে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রামনগর এলাকার তাজুল ইসলামের ছেলে সোহেল (৩০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ধানুসারা গ্রামের মোমিন হোসেনের ছেলে ইমাম হোসেন শাওন (৩২), চাঁদপুর জেলার হাজিগন্জ থানার রামপুর থানার মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ সবুজ (২৯) এবং কুমিল্লা জেলার বরিচং থানার পালটি রাজাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। জানা গেছে, তারা সকলেই ডাকাতিসহ একাধিক মামলার আসামী।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশের উপ-পরিদর্শক এস এম কাউসার সুলতান বলেন, "তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনার দেড় মাস পর নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হুতা সোহেলসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।" তিনি আরও জানান, ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় একটি গ্যারেজ থেকে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ইজি বাইক, ব্যাটারি ও সিসি ক্যামেরার ডিভিআর বক্সসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩টি ব্যাটারিচালিত রিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কুমিল্লায় জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ জন গ্রেফতার

কুমিল্লায় জুমার নামাজের খুৎবা চলাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মিছিলে নেতৃত্বদানকারী মূলহোতা ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ অন্যান্য সক্রিয় অংশগ্রহণকারীদেরও গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার খুৎবা চলাকালীন নূরপুর তেলিকোনা এলাকায় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ একত্রিত হন। তারা এ সময় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ ও একটানা সাড়াশি অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী সাওয়ালপুর এলাকার ছাত্রলীগ নেতা কাইয়ুম এবং সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বাকিদের গ্রেফতারে জেলা পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%