১১:৫৮ এম
চাঁদপুরে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) শীর্ষ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) তারা দিনভর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চররাও ও ঈশানবালার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সামনে এই প্রকল্পের সার্বিক সম্ভাবনা ও রূপরেখা তুলে ধরেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। হাইমচরের নীলকমল ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে নদী ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই অগ্রগতির নানা দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন জেলা প্রশাসক।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মে চাঁদপুর সফর করেন। ওই দিন তিনি জেলার দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং পৃথক সমাবেশে যোগ দেন। সফরকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে একটি অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার জোর দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে।
এই এমপির এই দাবির পর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সুবিধাজনক স্থানে প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় বেজার এই শীর্ষ প্রতিনিধি দল চাঁদপুর পরিদর্শনে আসেন।
এদিকে মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হতে যাওয়ার খবরে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, ঘুচবে বেকারত্ব এবং চাঁদপুরের বাণিজ্যিক পরিচিতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন