ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইওয়ায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর স্বাস্থ্যঝুঁকির শঙ্কা কাটেনি


আইওয়ায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর স্বাস্থ্যঝুঁকির শঙ্কা কাটেনি

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক অস্ত্র কারখানায় প্রায় পাঁচ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের পর প্রাথমিক পর্যবেক্ষণে বাতাসে সিসার উপস্থিতি পাওয়া যায়নি। তবে মাটি, পানি ও ধুলায় দূষণের আশঙ্কা পুরোপুরি কাটেনি। এই কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে কয়েক দফায় এ বিস্ফোরণ ঘটানো হয়। কারখানাটি মিডলটনের কাছে অবস্থিত। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার দুটি বড় কুণ্ডলী দেখা যায়। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বাতাসে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি। পরে প্রায় নয় ঘণ্টা পর আশপাশের এলাকায় জারি করা সতর্কতা তুলে নেওয়া হয়।

কারখানাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিপজ্জনক বিস্ফোরক লেড অ্যাজাইড সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছিল। লেড অ্যাজাইড গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরকে ব্যবহৃত হয়। পদার্থটি অত্যন্ত অস্থিতিশীল হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

আরও পড়ুন: নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: মেদভেদেভ

ইপিএ জানিয়েছে, বিস্ফোরণের আগে বাতাস, পানি, মাটি ও ধুলার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ২০০টির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিস্ফোরণের পরও পরিবেশের বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহের কাজ চলছে। সংস্থাটির প্রায় ৩০০ কর্মী ও ঠিকাদার এ কার্যক্রমে যুক্ত ছিলেন।

বিস্ফোরণের আগে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করা এবং দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কারখানার কাছাকাছি কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। পরে সতর্কতা তুলে নেওয়া হলেও পরিবেশে সিসার উপস্থিতি পুরোপুরি নাকচ করা যায়নি।

বিশেষজ্ঞদের মতে, সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং আগে থেকে অসুস্থ ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। মাটি, পানি বা ধুলার মাধ্যমে সিসা শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

কৃষিজমি ও গবাদিপশুর ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। আইওয়া কৃষি বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের ধোঁয়া কোন দিকে ছড়িয়েছে, তার ওপর নির্ভর করে প্রায় ৩৫০টি খামার সম্ভাব্য প্রভাবের আওতায় পড়তে পারে। কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং খামারের ভবন ও সরঞ্জাম পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে দুই বন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ

এদিকে, কয়েকজন গবেষক বিস্ফোরণের আগে ও পরে মাটি ও বাতাসের নমুনা সংগ্রহ করে স্বাধীনভাবে পরীক্ষা করছেন। তাঁদের মতে, পরীক্ষার ফলাফল পেতে সময় লাগতে পারে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিজেদের উদ্যোগে মাটি বা অন্য কোনো নমুনা সংগ্রহ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড এ ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, বিস্ফোরণের পর পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: মেদভেদেভ

জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য রাশিয়ার কাছে সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, কিছু বিশেষ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতা তৈরি হতে পারে।

মেদভেদেভ সোমবার প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করেন যে, ইউক্রেন এবং ন্যাটো সদস্য দেশগুলো এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে রাশিয়া পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

তবে তিনি উল্লেখ করেন যে, ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের "সরাসরি প্রয়োজনীয়তা" এখনও সৃষ্টি হয়নি।

মেদভেদেভ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন "সব ধরনের পরিস্থিতি ও উপাদান বিশদভাবে বিশ্লেষণ" করেন। এছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে পাল্টা পদক্ষেপের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, "এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত ইউক্রেন সংকটের গতিপ্রকৃতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজনীয়তা তৈরি করেনি।"

নিবন্ধে ১৯৯৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পারমাণবিক অস্ত্রের বৈধতা সংক্রান্ত পরামর্শমূলক মতামতের উল্লেখ করেন মেদভেদেভ। তার দাবি, ওই মতামতে এমন পরিস্থিতির সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো পারমাণবিক রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইনে সরাসরি নিষেধাজ্ঞা নেই।

তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না এবং কোনো আন্তর্জাতিক আইনি ব্যবস্থার লঙ্ঘনও হবে না।

মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিতে আগাম হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে প্রকাশ্যে বা গোপনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করে, তাহলে মস্কো আগাম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।

তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ হলে রাষ্ট্রপ্রধানের সামনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কেবল অধিকার হিসেবে নয়, বরং বাধ্যবাধকতা হিসেবেও দেখা দিতে পারে।

মেদভেদেভ হুঁশিয়ারি দেন, "কিয়েভ ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো বিপজ্জনক ভুল ধারণা পোষণ করা উচিত নয়।"

এদিকে, জার্মানি ও ন্যাটোর পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় যুক্ত হওয়ার প্রচেষ্টারও সমালোচনা করেন মেদভেদেভ। তার মতে, ন্যাটোর পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সর্বজনস্বীকৃত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ চুক্তিটির কার্যকারিতা দুর্বল করছে।

মেদভেদেভ অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, যদিও তেহরান এ চুক্তির প্রতি অঙ্গীকার বজায় রেখেছে।

তার মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈতনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের প্রতিফলন ঘটছে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার মাহমুদা সুলতানা নাসায় ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


পাবনার মাহমুদা সুলতানা নাসায় ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছেন। অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের বায়ুমণ্ডলে থাকা গ্যাস অথবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক উপাদান শনাক্ত করার জন্য অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের প্রয়োজন হয়। এসব যন্ত্র উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন পাবনার ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা।

মাহমুদা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনের উপর কাজ করছেন। তার গবেষণার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানকে আরো কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলা। পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামে জন্ম নেওয়া মাহমুদার বিজ্ঞানের প্রতি আগ্রহ শৈশব থেকেই তৈরি হয়। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। যন্ত্রপাতি কীভাবে কাজ করে এবং প্রযুক্তির সাহায্যে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়, এসব প্রশ্ন তাকে ভাবিয়ে তুলত। তার বাবা গোলাম জাকারিয়া একজন প্রকৌশলী ছিলেন। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুবাদে ছোটবেলাতেই যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখার সুযোগ হয় তার। সেই অভিজ্ঞতাই বিজ্ঞানের প্রতি আগ্রহকে আরো গভীর করে তোলে। মহাকাশ গবেষণার স্বপ্ন দেখার পেছনে পারিবারিক অনুপ্রেরণাও ছিল।

মাহমুদার এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ওই আত্মীয়ের কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্পই একসময় তার সামনে মহাকাশ গবেষণায় যুক্ত হওয়ার স্বপ্ন তৈরি করে। মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান তিনি। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা নেন। অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে লাভ করেন সুমা কাম লাউড সম্মাননা।

উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হন বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখান থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন তিনি। তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলীর উপস্থিতি খুব একটা দেখেননি মাহমুদা। ফলে একসময় তার মনে প্রকৌশলকে পুরুষদের পেশা হিসেবে দেখার ধারণা তৈরি হয়েছিল। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ভালোবাসা সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে তাকে সাহস জুগিয়েছে। নিজের মেধা, যোগ্যতা ও স্বপ্নের প্রতি অবিচল থেকে তিনি এগিয়ে গেছেন। ঈশ্বরদীর সেই কিশোরী আজ নাসার গবেষণাগারে কাজ করছেন মহাকাশের অজানা জগৎ সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে। তার গবেষণার মাধ্যমে ভবিষ্যতে গ্রহ-উপগ্রহের পরিবেশ বিশ্লেষণ এবং মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

মাহমুদা সুলতানার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের জন্যও গর্বের। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণীদের কাছে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার পথচলা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস, অধ্যবসায় ও মেধা থাকলে বাংলাদেশের মাটিতে বেড়ে উঠেও বিশ্ববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ঢাকা থেকে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন (২৪) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দলের মাধ্যমে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার হওয়া ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তার ঠিকানা মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।

তবে, ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং কবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ডিবি।

ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে তিনি আলোচনায় ছিলেন। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও তিনি সক্রিয় ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি,নেতৃত্বে শাহ পরান ও ফারুক

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


বেরোবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি,নেতৃত্বে শাহ পরান ও ফারুক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন শাহ পরান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফারুক ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) তারিখে প্রকাশিত কমিটির বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব ও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আইরিন লাবণ্য। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুমান ইসলাম। সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা সজিব, শুভ মোহন্ত, রুবিনা আক্তার, প্রান্ত, সুরভী রাণী, মো. আশিরুল ইসলাম রাব্বি ও আব্দুল মালেক।

কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন রাজু ইসলাম এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন জারিন শাইমা। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রানা এবং উপকোষাধ্যক্ষ হয়েছেন মো. মুবাশশীর রহমান। প্রচার সম্পাদক হয়েছেন মোছা. হালিমা আক্তার বর্ণি।

এ ছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রেহেলাতুন জান্নাত রেশমা ও মো. রাশিদুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মো. হিমেল ইসলাম ও মো. রুমন আল-মামুন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে নিশাত আতিয়া, মোছা. মাহবুবা আফরিন ও মোছা. হাবিবা আক্তার হাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. ফাতেমা আক্তার ও রিনি আক্তার।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. শাহিন আলম সোহাগ। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলুফা ইয়াসমিন ও মো. নাঈম নিশাত পারভেজ। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. বাবর হোসেন বাদল ও মো. লায়ন ইসলাম।

মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মো. রিফাত ও শ্রাবন চন্দ্র রায়, বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে ছাদ্দাম ইসলাম এবং ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. সারমিন আক্তার, মোছা. মুমতাজ ইবনাত ঐশী ও মো. ফাহিম ফয়সাল দায়িত্ব পেয়েছেন। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আপন রায় ও রোকেয়া খাতুন।

ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আয়শা সিদ্দিকা আশামনি ও মোছা. জান্নাতুল খুশবু, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবে ভূবন চন্দ্র বর্মন ও অন্তর চন্দ্র বর্মন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম ও মোছা. মিলি আক্তার দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. লিমন ইসলাম।

নবগঠিত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, মানবিক কার্যক্রম ও পারস্পরিক কল্যাণে সংগঠনটি ভূমিকা রাখতে পারে। সংগঠনটির মূল স্লোগান ‘জ্ঞান, সৌন্দর্য ও সৃজনশীলতার আধার শিক্ষা’।

নবনিযুক্ত সভাপতি শাহ পরান পাপ্পু বলেন, “পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি জেলা-ভিত্তিক সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জায়গা। নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাঁদের শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সৃজনশীল ও মানবিক কার্যক্রম পরিচালনায় আমরা গুরুত্ব দিতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমের পরিসর আরও বিস্তৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%