ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
মেদভেদেভের হুঁশিয়ারি

রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে: মেদভেদেভ


রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন যে, নির্দিষ্ট পরিস্থিতিতে দেশটি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।

মেদভেদেভ, যিনি ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন, সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত একটি নিবন্ধে এ মন্তব্য করেন। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে কাজ করছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের অংশে মেদভেদেভ উল্লেখ করেন, ‘বিপর্যয় সৃষ্টি করতে পারে—এমন অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রুশ ফেডারেশনকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর সুযোগ তৈরি করে।’

আরও পড়ুন: সৌদি আরবে দুই বন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ

‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের ওই নিবন্ধে তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো গোপনে বা আড়ালে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

মেদভেদেভ লেখেন, ‘কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রুশ ফেডারেশনের শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, বিভিন্ন পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।’

রুশ এই রাজনীতিকের দাবি, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন।

এদিকে, রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যে মেদভেদেভের এই হুঁশিয়ারি এসেছে। জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: হুতিদের সউদীর জেদ্দা ও জিজান বন্দরে হামলার দাবি

জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওই স্যাটেলাইটের নাম ‘স্পুতনিক-এস’। পারমাণবিক অস্ত্রবাহী এই স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অন্য স্যাটেলাইটগুলোকে অকার্যকর বা ধ্বংস করা সম্ভব হতে পারে।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ন্যাটোপ্রধান মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জোটটি প্রতিরক্ষা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিবিসি।

তবে বার্লিনে রাশিয়ার দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে এগুলোকে ‘প্রচারাভিযানের’ অংশ বলেও দাবি করেছে দূতাবাসটি।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

উত্তর প্রদেশের আলিগড় জেলা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার (এসএসপি) জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ভারতে অবৈধভাবে প্রবেশের কথা মেনে নিয়েছেন।

এসএসপি বনসাল বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকার করেছেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।”

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক হিসাবের নথি এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) কার্ডসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ তাদের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করেছে। এসএসপি জানান, জব্দ করা ফোন পরীক্ষা করে বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: এএনআই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের সউদীর জেদ্দা ও জিজান বন্দরে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


হুতিদের সউদীর জেদ্দা ও জিজান বন্দরে হামলার দাবি

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, তারা সউদী আরবের জেদ্দা ও জিজান বন্দরে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, সউদী নেতৃত্বাধীন জোটের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযানগুলো চালানো হয়েছে। তবে, দুই বন্দরে হামলার তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ অভিযানের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, প্রথম অভিযানটি জেদ্দা বন্দর এবং দ্বিতীয়টি জিজান বন্দরকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হোদেইদা বন্দরে হামলার জবাব দিতে এবং ‘বন্দরের বদলে বন্দর’ সমীকরণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, হোদেইদা বন্দরে ভবিষ্যতে যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

এছাড়া, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইয়েমেনের বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সউদী ভূখণ্ডের ভেতরে সামরিক অভিযান অব্যাহত থাকবে। হুতি বাহিনী ‘অবরোধের বদলে অবরোধ’ এবং ‘উত্তেজনার বদলে উত্তেজনা’ নীতি অনুসরণের কথাও জানায়। সউদী সামরিক সমাবেশ ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে, সউদী নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, বুধবার জিজান বন্দরে হুতিদের ছোড়া একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যদিও এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, প্রক্ষেপণাস্ত্রটির ধরন শনাক্ত করার চেষ্টা চলছে।

জেদ্দা বন্দরের কাছে হুতিদের একটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে জোট। তারা দাবি করেছে যে, পরে পশ্চিম সউদীর দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। তবে, জেদ্দা বন্দরে সরাসরি আঘাত হানার বিষয়ে জোটের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে, হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হোদেইদা বন্দরে হামলা হলে জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের সব বন্দরে হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বন্দরের কর্মী ও আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত হোদেইদা বন্দর দেশটির উত্তরাঞ্চলে খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ। বন্দরটি বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার সউদী নেতৃত্বাধীন জোট সেখানে হুতিদের সামরিক সক্ষমতাসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। তথ্যসূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের হল ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


চুয়েটের হল ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ তারেক হুদা হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাবার খেতে গিয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোসেফ আহমেদ খিচুড়ির সঙ্গে দেয়া মুরগির ঝোলে তেলাপোকা দেখতে পান।

তিনি জানান, দুপুরের খাবারের জন্য তিনি খিচুড়ি ও ডিম কারি নিয়েছিলেন। তবে ডিম কারিতে ঝোল না থাকায় ক্যান্টিনের কর্মীরা তাকে মুরগির তরকারি থেকে ঝোল দেন। সেই ঝোলেই একটি মৃত তেলাপোকা দেখতে পান তিনি। বিষয়টি ক্যান্টিনের কর্মী ও বাবুর্চিদের জানালে তারা দাবি করেন, রান্না শেষ হওয়ার পর পোকাটি উড়ে এসে খাবারে পড়েছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, 'তেলাপোকাটি রান্নার সময়ই খাবারের মধ্যে ছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি সেখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। অবশিষ্ট মুরগির মাংস ফেলে দেয়ার অনুরোধ জানালেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা না ফেলে অন্য শিক্ষার্থীদের কাছে পরিবেশন করছে।'

একই ক্যান্টিনে এর আগেও বেশ কয়েকবার পচা-বাসি খাবার পরিবেশন এবং খাবারে পোকা পাওয়ার অভিযোগ করেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ তারেক হুদা হলের ক্যান্টিন মালিক মো. গফুর বলেন, 'আমরা জেনেশুনে কাউকে খারাপ কিছু খাওয়ানোর পক্ষে নই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও পরিবেশনের চেষ্টা করি। তবে মাঝেমধ্যে ভুলবশত কিছু ছোটোখাটো ত্রুটি হয়ে যেতে পারে।'

ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্যান্টিনের সব কর্মচারীকে ডেকে বিষয়টি জানানো হবে এবং এ বিষয়ে সতর্ক করা হবে।

এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের সহকারী প্রভোস্ট ফরহাদ হোসেন বলেন, 'খাবারে তেলাপোকা বা নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে এটিই তার কাছে প্রথম অভিযোগ। এর আগে ক্যান্টিন মালিকের চাহিদার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন রান্নাঘর ও ধোয়ামোছার স্থান সম্প্রসারণ করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করে থাকে।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীরা এ ধরনের সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে হল কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হতো। বিষয়টি নিয়ে হল প্রভোস্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি ক্যান্টিনের নতুন টেন্ডার প্রক্রিয়াও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবির ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবি সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যার শিকার হওয়ার পর ডরিন আলোচনায় আসেন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছেন। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবি করতেও তিনি সক্রিয় ছিলেন।

ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত। বর্তমানে তার ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%