প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন যে, নির্দিষ্ট পরিস্থিতিতে দেশটি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।
মেদভেদেভ, যিনি ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন, সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত একটি নিবন্ধে এ মন্তব্য করেন। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে কাজ করছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের অংশে মেদভেদেভ উল্লেখ করেন, ‘বিপর্যয় সৃষ্টি করতে পারে—এমন অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রুশ ফেডারেশনকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর সুযোগ তৈরি করে।’
‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের ওই নিবন্ধে তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো গোপনে বা আড়ালে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হতে পারে।
মেদভেদেভ লেখেন, ‘কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রুশ ফেডারেশনের শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, বিভিন্ন পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।’
রুশ এই রাজনীতিকের দাবি, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন।
এদিকে, রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যে মেদভেদেভের এই হুঁশিয়ারি এসেছে। জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওই স্যাটেলাইটের নাম ‘স্পুতনিক-এস’। পারমাণবিক অস্ত্রবাহী এই স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অন্য স্যাটেলাইটগুলোকে অকার্যকর বা ধ্বংস করা সম্ভব হতে পারে।
জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ন্যাটোপ্রধান মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জোটটি প্রতিরক্ষা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিবিসি।
তবে বার্লিনে রাশিয়ার দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে এগুলোকে ‘প্রচারাভিযানের’ অংশ বলেও দাবি করেছে দূতাবাসটি।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন