প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক অস্ত্র কারখানায় প্রায় পাঁচ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের পর প্রাথমিক পর্যবেক্ষণে বাতাসে সিসার উপস্থিতি পাওয়া যায়নি। তবে মাটি, পানি ও ধুলায় দূষণের আশঙ্কা পুরোপুরি কাটেনি। এই কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে কয়েক দফায় এ বিস্ফোরণ ঘটানো হয়। কারখানাটি মিডলটনের কাছে অবস্থিত। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার দুটি বড় কুণ্ডলী দেখা যায়। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বাতাসে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি। পরে প্রায় নয় ঘণ্টা পর আশপাশের এলাকায় জারি করা সতর্কতা তুলে নেওয়া হয়।
কারখানাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিপজ্জনক বিস্ফোরক লেড অ্যাজাইড সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছিল। লেড অ্যাজাইড গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরকে ব্যবহৃত হয়। পদার্থটি অত্যন্ত অস্থিতিশীল হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।
ইপিএ জানিয়েছে, বিস্ফোরণের আগে বাতাস, পানি, মাটি ও ধুলার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ২০০টির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিস্ফোরণের পরও পরিবেশের বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহের কাজ চলছে। সংস্থাটির প্রায় ৩০০ কর্মী ও ঠিকাদার এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
বিস্ফোরণের আগে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করা এবং দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কারখানার কাছাকাছি কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। পরে সতর্কতা তুলে নেওয়া হলেও পরিবেশে সিসার উপস্থিতি পুরোপুরি নাকচ করা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং আগে থেকে অসুস্থ ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। মাটি, পানি বা ধুলার মাধ্যমে সিসা শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
কৃষিজমি ও গবাদিপশুর ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। আইওয়া কৃষি বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের ধোঁয়া কোন দিকে ছড়িয়েছে, তার ওপর নির্ভর করে প্রায় ৩৫০টি খামার সম্ভাব্য প্রভাবের আওতায় পড়তে পারে। কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং খামারের ভবন ও সরঞ্জাম পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, কয়েকজন গবেষক বিস্ফোরণের আগে ও পরে মাটি ও বাতাসের নমুনা সংগ্রহ করে স্বাধীনভাবে পরীক্ষা করছেন। তাঁদের মতে, পরীক্ষার ফলাফল পেতে সময় লাগতে পারে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিজেদের উদ্যোগে মাটি বা অন্য কোনো নমুনা সংগ্রহ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড এ ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, বিস্ফোরণের পর পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। তথ্যসূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন