ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার, ক্ষুব্ধ পিসিবি


স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার, ক্ষুব্ধ পিসিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দি রাখার বিষয়ে দেশটির রাজনৈতিক পরিসরে চলমান বিতর্ক এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েছে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছে। এই ঘটনার কারণে পিসিবি তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো, দ্য গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাইয়ের সম্প্রচারক মাইকেল আথারটন সাক্ষাৎকারটি নিয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৫৩৪ গ্রেপ্তার

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে দেশ ও বিদেশে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি পাঠিয়েছেন বিভিন্ন দেশের ২১ সাবেক অধিনায়ক, যারা ইমরানের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি ছিল তাদের ছয় মাসের মধ্যে দ্বিতীয় চিঠি। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আথারটনও রয়েছেন।

তবে সাবেক ইংলিশ অধিনায়ক শুধু চিঠিতে স্বাক্ষর করেই থেমে থাকেননি। তিনি ইমরানকে নিয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, "রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।"

ক্রিকইনফো সূত্রে জানা যায়, সাক্ষাৎকারটি প্রচারের আগে পিসিবি স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে। তারা অনুষ্ঠানটি সম্প্রচার না করার জন্য অনুরোধ জানায়। এমনকি সাক্ষাৎকার প্রচার হলে লাঞ্চের পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নামবেন না—এমন হুমকিও পিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সাক্ষাৎকারটি প্রচারে কিছুটা বিলম্ব ঘটে। তবে শেষ পর্যন্ত স্কাই স্পোর্টস ১৮ মিনিটের সাক্ষাৎকারটি সম্প্রচার করে। যদিও পিসিবির অভিযোগের বিষয়ে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানি ক্রিকেটাররা দ্বিতীয় সেশনে নির্ধারিত সময়েই মাঠে প্রবেশ করেন।

আরও পড়ুন: মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করল ইসরাইল

আথারটন গত বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে সুলেইমান ও কাশিমের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগে সাক্ষাৎকারটির একটি টিজারও সম্প্রচার করেছিল স্কাই স্পোর্টস। পাকিস্তানে সিরিজটির সম্প্রচার করছে পিটিভি। তবে স্বাভাবিকভাবেই ইমরানের ছেলেদের ওই সাক্ষাৎকারটি তারা সম্প্রচার করেনি।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার অভিযোগে সরকারের সমালোচনা করে আসছে বিরোধী দল। এ বিষয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগও রয়েছে তাদের। তবে সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান ও তার দল।

পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ও অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার অবস্থান অনন্য।

আরও পড়ুন: ৫১তম বিশেষ বিসিএসে ১৫ হাজারের বেশি চিকিৎসকের আবেদন

১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দ্বারপ্রান্ত থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতিয়েছিলেন ইমরান। তার নেতৃত্বে পাওয়া সেই বিশ্বকাপ জয় এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় রূপকথা হয়ে আছে।

সূত্র: গার্ডিয়ান, ক্রিকইনফো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ এম


মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান

সৌদি আরবের সাথে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক জোট গঠনের তিন সপ্তাহ পর, পাকিস্তান কুয়েতের সাথে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে।

কুয়েতের সাথে এই চুক্তিটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত হয়।

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘কুয়েত টাইমস’ এই তথ্য নিশ্চিত করেছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ উভয় দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে দুই পক্ষ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার চূড়ান্ত পর্যায়ে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দুই প্রতিরক্ষামন্ত্রী। এ সময় কুয়েতি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ আল শারিয়ান এবং রাষ্ট্রদূত নাসের আব্দুলরহমান আল-মুতাইরি উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর পেশাগত সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হলো।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব জোরদারে পাকিস্তান একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। এর আগে গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব ও তুরস্কের সাথে বহুল আলোচিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছিল ইসলামাবাদ। ঐতিহাসিক চুক্তিতে যেকোনো এক দেশের ওপর হামলাকে অপর দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার অঙ্গীকার করা হয়। এর পরপরই কুয়েতের সাথে এই নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে যবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ এম


মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে যবিপ্রবি প্রকৌশলী শিক্ষার্থীদের বি-ক্ষোভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ডিপ্লোমা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস, সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ এবং প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও যৌক্তিক দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

সমাবেশে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়, ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘জাতীয় প্রকৌশলী সম্মেলন, সফল হোক সফল হোক’ এবং ‘মেধার সাথে প্রহসন, মানি না মানবো না’সহ নানা স্লোগান।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া রাফিদ বলেন, আমাদের প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া উচিত। আমাদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদে প্রবেশের জন্য সকলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি অন্য কোনো নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, “দ্বিতীয়ত, টেকনিক্যাল ১০ম গ্রেড, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি—উভয় ডিগ্রিধারীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।”

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে টেকনিশিয়ান ও ডিপ্লোমাধারীদের বসিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন খাতে দুরবস্থার জন্য প্রকৌশলীদের নানা ধরনের দোষারোপ করা হয়। অথচ অনেক ক্ষেত্রেই প্রকৌশলীদের দায়িত্বের জায়গায় টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ে তাত্ত্বিক জ্ঞান, চিন্তা ও বিশ্লেষণী দক্ষতার প্রয়োজন রয়েছে। দেশের বিদ্যুৎ, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে দক্ষ প্রকৌশলীর প্রয়োজন রয়েছে। যেমন দেশের জন্য চিকিৎসক প্রয়োজন, তেমনি প্রকৌশলীরও প্রয়োজন রয়েছে।”

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি প্রকৌশল খাতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন এবং নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে প্রকৌশলীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ এম


আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারকে সামাজিকভাবে একঘরে করা এবং মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার অভিযোগের অবসান হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে। ফিরে এসেছে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি।

আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নওয়াপাড়া গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আলফাডাঙ্গা থানা চত্বরে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসিবের সার্বিক সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে চর নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী ওসমান গণির জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বিরোধ নিরসনের জন্য স্থানীয়ভাবে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে পরিবারের পক্ষ থেকে গ্রামের বাইরে থাকা আত্মীয়স্বজনকে নিয়ে আসার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারটিকে সামাজিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের স্থানীয় মসজিদে নামাজ আদায়েও নিষেধ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য খালিদ হাসান গত ২৬ আগস্ট আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা আরও জোরালো হয়। পরে সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
সমঝোতা বৈঠকে দুই পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর তারা পরস্পরের প্রতি থাকা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগের মতো মিলেমিশে বসবাস এবং স্বাভাবিক সামাজিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে গ্রামবাসীর পক্ষ থেকে শেখ সাদী হাসান ভুক্তভোগী খালিদ হাসানের কাছে পরিবারটিকে একঘরে করার সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন। পরে উপস্থিত সবার সামনে দুই পক্ষ পরস্পরকে কোলাকুলি করেন। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে।

আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, ঘটনাটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের পরিপন্থী ছিল। তাই বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তারা এখন থেকে মিলেমিশে বসবাস করার অঙ্গীকার করেছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় থানা চত্বরে উভয় পক্ষকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে তারা নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে আপস-মীমাংসায় পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগে সৃষ্ট ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা, যাদের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীও রয়েছেন। তারা হল প্রভোস্টের কাছে লিখিত আবেদন করে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৭ আগস্ট) হলের আবাসিক পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন গত ৬ আগস্ট বিজয়-২৪ হলের ১০২ নম্বর কক্ষে ওঠেন। এরপর তার আচরণ ও ব্যবহারের কারণে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা হলের সিনিয়রদের অবহিত করেন।

এ ঘটনার পর গত ১৬ আগস্ট রাতে আমিরের বন্ধু ইউসুফ ইকবাল তাকে ৩১৩ নম্বর কক্ষে সিনিয়রদের সঙ্গে দেখা করতে বলেন। পরে রাত ১২টার দিকে আমির হোসেন তার সহপাঠী অপূর্ব দেবনাথকে সঙ্গে নিয়ে ওই কক্ষে যান। সেখানে পূর্বের অভিযোগের বিষয়ে কথা কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা আবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে আমির হোসেন কক্ষ থেকে বের হয়ে যান।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রুম থেকে বের হওয়ার পর আমির তার সিনিয়র সরোয়ার হাসান রিয়াদকে ফোন করে হুমকি দেন। পরদিন অন্তু দাশকে একটি ভার্চুয়াল নম্বর থেকে ফোন করে আমির হোসেনের বড় ভাই পরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ থানায় অন্তু দাশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অন্যদিকে, গত ২৩ আগস্ট আমির হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার হাসান রিয়াদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ করেন। অভিযুক্তরা ওই অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে বলেন, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে বিশ্ববিদ্যালয়, হল এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তাদের দাবি, পুরো ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ থাকায় কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট শিক্ষার্থী, ফোনকলসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

আবেদনে তারা হলের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খাঁন বলেন, ‘আমি তাদের আবেদনটি পেয়েছি। যদিও বিষয়টি হলের সঙ্গে সংশ্লিষ্ট, তবে সর্বশেষ আনুষ্ঠানিকভাবে আজ আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। অথচ হলের প্রভোস্ট হিসেবে উভয় পক্ষের কাছ থেকেই বিষয়টি প্রথমে আমার কাছে জানানোর প্রয়োজন ছিল। আমি শুধু এক পক্ষের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। যেহেতু বিষয়টি আমার কাছে আসার আগেই বিভাগ, প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গেছে, তাই সবার সঙ্গে বসে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট বিজয়-২৪ হলের ৩১৩ নম্বর কক্ষে অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেনকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার হোসেন রিয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন আমির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%