প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দি রাখার বিষয়ে দেশটির রাজনৈতিক পরিসরে চলমান বিতর্ক এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েছে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছে। এই ঘটনার কারণে পিসিবি তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো, দ্য গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাইয়ের সম্প্রচারক মাইকেল আথারটন সাক্ষাৎকারটি নিয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে দেশ ও বিদেশে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি পাঠিয়েছেন বিভিন্ন দেশের ২১ সাবেক অধিনায়ক, যারা ইমরানের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি ছিল তাদের ছয় মাসের মধ্যে দ্বিতীয় চিঠি। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আথারটনও রয়েছেন।
তবে সাবেক ইংলিশ অধিনায়ক শুধু চিঠিতে স্বাক্ষর করেই থেমে থাকেননি। তিনি ইমরানকে নিয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, "রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।"
ক্রিকইনফো সূত্রে জানা যায়, সাক্ষাৎকারটি প্রচারের আগে পিসিবি স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে। তারা অনুষ্ঠানটি সম্প্রচার না করার জন্য অনুরোধ জানায়। এমনকি সাক্ষাৎকার প্রচার হলে লাঞ্চের পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নামবেন না—এমন হুমকিও পিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কারণে সাক্ষাৎকারটি প্রচারে কিছুটা বিলম্ব ঘটে। তবে শেষ পর্যন্ত স্কাই স্পোর্টস ১৮ মিনিটের সাক্ষাৎকারটি সম্প্রচার করে। যদিও পিসিবির অভিযোগের বিষয়ে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানি ক্রিকেটাররা দ্বিতীয় সেশনে নির্ধারিত সময়েই মাঠে প্রবেশ করেন।
আথারটন গত বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে সুলেইমান ও কাশিমের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগে সাক্ষাৎকারটির একটি টিজারও সম্প্রচার করেছিল স্কাই স্পোর্টস। পাকিস্তানে সিরিজটির সম্প্রচার করছে পিটিভি। তবে স্বাভাবিকভাবেই ইমরানের ছেলেদের ওই সাক্ষাৎকারটি তারা সম্প্রচার করেনি।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার অভিযোগে সরকারের সমালোচনা করে আসছে বিরোধী দল। এ বিষয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগও রয়েছে তাদের। তবে সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান ও তার দল।
পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ও অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার অবস্থান অনন্য।
১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দ্বারপ্রান্ত থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতিয়েছিলেন ইমরান। তার নেতৃত্বে পাওয়া সেই বিশ্বকাপ জয় এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় রূপকথা হয়ে আছে।
সূত্র: গার্ডিয়ান, ক্রিকইনফো
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন