ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা?


ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর, প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরী মোজতবা খামেনি। সম্প্রতি একটি কট্টরপন্থী ইরানি পত্রিকা সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের নেতাদের নাম।

মোজতবা খামেনি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর, শনিবার, তার প্রথম প্রকাশ্য বার্তায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, 'প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি, এটি নিতেই হবে। তালিকায় থাকা অপরাধীরা বিছানায় শান্তিতে মরার আক্ষেপ নিয়েই কবরে যাবে।' তবে, তিনি নির্দিষ্টভাবে কোনো নাম প্রকাশ করেননি।

পরে, সরকারি পত্রিকা হামশাহরি অনলাইনে একটি গ্রাফিক প্রকাশ করে, যেখানে একটি তালিকায় ১৩ জন বিদেশি নেতার ছবি রয়েছে। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্রেৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও আছেন। তবে এই তালিকা সরকারিভাবে অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়, কারণ রোববারের ছাপানো পত্রিকায় এটি ছিল না।

আরও পড়ুন: সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের অভিযোগ, সংঘাতের সময়ে ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সহায়তা করেছে, এবং তারা ইরানে হামলার বিরুদ্ধে কোনো নিন্দাও জানায়নি। খলিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী, যে হামলায় আায়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, সেখানে মোজতবা খামেনিও আহত হয়েছিলেন। সংঘাতের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ

দেশি বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (১২ জুলাই) এই বিষয়ে জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, রপ্তানিমুখী দেশি বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্কুলারে বলা হয়, দেশি উৎস থেকে কাঁচামাল সংগ্রহের মাধ্যমে উৎপাদিত রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ বর্ধিত সুবিধা প্রযোজ্য হবে। তবে নগদ সহায়তা পেতে রপ্তানিকারকদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।

এর মধ্যে বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য রপ্তানিকারকদের দেশি উৎস থেকে সুতা, কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

এ বিষয়ে পূর্বে জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার, বিশেষ করে ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট নির্দেশনার বিধানগুলো বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের বিপক্ষে জয়েও সন্তুষ্ট নন টুখেল, চান আরও উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৮ এম


নরওয়ের বিপক্ষে জয়েও সন্তুষ্ট নন টুখেল, চান আরও উন্নতি

 

জয়ের আনন্দের মধ্যেও স্বস্তি নেই টমাস টুখেলের। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে পড়ার পরও ইংল্যান্ড সেমি-ফাইনালে উঠেছে, তবে দলের খেলায় আরও উন্নতির দরকার মনে করছেন এই জার্মান কোচ।

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক ছিলেন জুড বেলিংহ্যাম। তবে এই জয় পেলেও, দলের পারফরম্যান্স নিয়ে কোচ টমাস টুখেল পুরোপুরি সন্তুষ্ট নন।

ম্যাচ শেষে বেলিংহ্যাম সতীর্থদের লড়াই ও আত্মত্যাগের জন্য প্রশংসা করেন। কঠিন পরিস্থিতিতে যে সকল সদস্য পরিশ্রম করেছেন, সেটিকে তিনি সবচেয়ে বড় অর্জন বলেই অভিহিত করেছেন।

শিষ্যের এই মূল্যায়নের সঙ্গে টুখেল একমত প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "খেলোয়াড়দের লড়াই, দলীয় চেতনা ও প্রতিকূলতা কাটিয়ে জয়ের মানসিকতা প্রশংসার দাবিদার।" তবে একজন কোচ হিসেবে তিনি মনে করেন, ইংল্যান্ডের খেলায় আরও উন্নতির সামর্থ্য রয়েছে।

টুখেল বলেন, "দলের প্রচেষ্টা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সামগ্রিক পারফরম্যান্স প্রত্যাশার মানে পৌঁছায়নি। অতীতে দল আরও ভালো খেলেছে।" তার মতে, বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, সামনে এগোতে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতে হবে।

ম্যাচের ৩৬তম মিনিটে একটি গোল করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা নরওয়েকে এগিয়ে দেন তাদের এক খেলোয়াড়। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান বেলিংহ্যাম। পরে ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয়ের স্বাদ দেন।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের করা ১৩ গোলের মধ্যে ১২টি এসেছে জুড বেলিংহ্যাম ও অধিনায়ক হ্যারি কেইনের পা থেকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার, বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যাকেজিং হাউসের অভাবে আটকে আছে সিলেটের কৃষিপণ্য রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


প্যাকেজিং হাউসের অভাবে আটকে আছে সিলেটের কৃষিপণ্য রপ্তানি

দীর্ঘ অপেক্ষার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 'এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স' চালু করা হয়েছে, তবে আধুনিক প্যাকেজিং হাউসের অভাবে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এই অঞ্চলের টাটকা শাকসবজি যথেষ্ট পরিমাণে রফতানি করতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি সিলেটে একটি আন্তর্জাতিক মানের প্যাকেজিং হাউস স্থাপন করা হয়, তাহলে কৃষিপণ্য রফতানি কয়েক গুণ বাড়াতে সক্ষম হবে।

দেশে কৃষিপণ্য রফতানিতে নতুন সম্ভাবনার উদ্ভব হলেও সিলেট অঞ্চলের কৃষক ও রফতানিকারকরা একটি আধুনিক প্যাকেজিং হাউসের অভাবে অসুবিধায় পড়ছেন। সিলেটে উৎপাদিত রফতানিযোগ্য সবজিজাত পণ্য প্রায় আড়াইশ কিলোমিটার দূরের ঢাকার শ্যামপুরে নিয়ে প্যাকিং করতে হয়। এর ফলস্বরূপ, সবজির গুণগত মান হ্রাস পাওয়ার পাশাপাশি পরিবহণ খরচও বেড়ে যাচ্ছে, যা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

কৃষি বিভাগ জানাচ্ছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃষি ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে নিরাপদ, মানসম্মত ও টেকসই উপায়ে রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের জন্য 'গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP)' ফর্মুলা অনুসরণ করা হচ্ছে। এই ফর্মুলার ভিত্তিতে, সিলেটের কৃষকদের প্রশিক্ষিত করার কাজ চলছে। ইতিমধ্যে, সিলেটের জৈন্তাপুরে ৩০ হেক্টর জমিতে দুই শতাধিক জারা লেবুর বাগান স্থাপন করা হয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, জারা লেবুসহ নানা জাতের লেবু, গোয়ালগাদ্দা শিম, নাগা মরিচ, পান, শিম ও ফরাসের বিচি, সাতকরাসহ সিলেটে উৎপাদিত ২৫টি রফতানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী কাউন্সিলর জাহাঙ্গীর হকের মতে, যুক্তরাজ্যে বিভিন্ন দেশের শাকসবজি পাওয়া গেলেও সিলেটের টাটকা শাকসবজির চাহিদা বেড়েছে।

সিলেট জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার গ্রুপের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘সিলেট থেকে কাঁচা শাকসবজি শ্যামপুর প্যাকিং হাউস হয়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পর্যন্ত পৌঁছাতে ২০-২২ ঘণ্টা সময় লাগে। এতে খরচ বাড়ার সঙ্গে সঙ্গে সবজির গুণগত মান ধরে রাখা সম্ভব হচ্ছে না।’

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ‘সিলেটে প্যাকিং হাউস স্থাপন হলে দ্রুত বিদেশের বাজারে এ অঞ্চলের টাটকা শাকসবজি পৌঁছানো সম্ভব হবে।’

অন্যদিকে, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ জানান, সিলেটে প্যাকেজিং হাউস স্থাপন করা বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। এর কার্যক্রম শুরু করলে বিপুল পরিমাণে সবজি রফতানি করা সম্ভব হবে।

পরিসংখ্যান বলছে, প্যাকেজিং হাউসের অভাবে দিনে দিনে রফতানি কমছে। ২০২২-২৩ অর্থবছরে সিলেটে উৎপাদিত কৃষিপণ্য রফতানি হয়েছিল ২ হাজার ৩০০ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ মেট্রিক টনে। আর ২০২৪-২৫ অর্থবছরে এটি আরও কমে ১ হাজার ৮৭৭ মেট্রিক টনে নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসমিল্লাহ পাঠের সাতটি অনন্য উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ এম


বিসমিল্লাহ পাঠের সাতটি অনন্য উপকারিতা

বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগায়। আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায়। জীবনকে আলোকিত করে তোলে। বিসমিল্লাহর রয়েছে অফুরন্ত বরকত। রয়েছে অনন্য উপকারিতা। আজ আমরা সাতটি উপকারিতা নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। কোরআনের অনুসরণ : কোরআনুল কারিম। আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি শ্রেষ্ঠ উপহার। এর প্রতিটি সুরায় রয়েছে নূর, রয়েছে হিদায়াত। আলোয় আলোয় ভরা পবিত্র এই কিতাবের প্রতিটি সুরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ১১৪টি সুরার মধ্যে সুরা তওবা ব্যতীত বাকি ১১৩টি সুরার সূচনাই বিসমিল্লাহর মাধ্যমে। এ থেকেই বিসমিল্লাহর অনন্য উপকারী ও সুউচ্চ মর্যাদার কথা ফুটে ওঠে দিবালোকের ন্যায়। বরকতহীনতা থেকে মুক্তি : বিসমিল্লাহ বরকতের মাধ্যম। কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে তাতে বরকতের স্পর্শ পাওয়া যায়। পক্ষান্তরে বিসমিল্লাহ ছেড়ে দিলে কাজটি বরকতহীন হয়ে পড়ে। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ‘প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহকে স্মরণ (বিসমিল্লাহ) করে শুরু না করা হয়, তাহলে তা লেজকাটা বা বরকতহীন হয়ে যায়।’ (আল জামেউস সগীর : ৬২৬৬)। আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা : বিসমিল্লাহ বলার মাধ্যমে মানুষ প্রতি মুহূর্তে তার জীবনের গতিবিধি একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে রাখে এবং তাঁর আনুগত্য স্বীকার করে। আর প্রতিটি কাজে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতাই বান্দার সফলতা বয়ে আনে। নবীদের পবিত্র অভ্যাসের অনুকরণ : বিসমিল্লাহর আমল শুধু উম্মতে মুহাম্মাদির পবিত্র বৈশিষ্ট্যই নয়, বরং পূর্ববর্তী নবীদের পবিত্র জীবনাদর্শেও বিসমিল্লাহর অপরিহার্য উপস্থিতি লক্ষণীয়। পবিত্র কোরআন মাজিদে সে বিবরণ পাওয়া যায়। হজরত নূহ (আ.) মহাপ্লাবনের সময় নৌকায় আরোহণকালে বিসমিল্লাহ বলে আল্লাহর সাহায্য কামনা করেছিলেন। ইরশাদ হয়েছে-নূহ (তাদের সবাইকে) বলল, তোমরা এ নৌকায় আরোহণ কর। এর চলাও আল্লাহর নামে এবং নোঙর করাও। নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা হুদ : ৪১)। হজরত সুলায়মান (আ.)-এর আমল বা চিঠিপত্রও বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছিল, যা আমাদের জন্য আদর্শ। ইরশাদ হয়েছে, (সাবা সম্প্রদায়ের) রানি (বিলকিস বিনতে শারাহীল) (তার দরবারের লোকদের) বলল, হে জাতির নেতৃবর্গ! আমার সামনে একটি মর্যাদাসম্পন্ন চিঠি ফেলা হয়েছে। তা এসেছে সুলাইমানের পক্ষ থেকে। তা শুরু করা হয়েছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিমের’ মাধ্যমে (আল্লাহর নামে, যিনি রহমান ও রাহিম।)। (সুরা নামল : ২৯-৩০)। সর্বব্যাপী আল্লাহর রহমত : ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এ পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নাম রয়েছে, যার ফলে বান্দা আল্লাহর দয়া ও রহমত লাভ করে। আল্লাহর রহমত ও দয়া আমাদের সবারই আকাক্সিক্ষত। আমরা প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাই প্রতিনিয়ত বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর রহমত ও দয়ার আশ্রয় গ্রহণ করার বিকল্প নেই। কৃতজ্ঞতা প্রকাশ : ওজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। নামাজ শুরুর প্রাক্কালে আমরা বিসমিল্লাহ বলি। পানাহারের আগেও আমরা বিসমিল্লাহ বলে থাকি। এভাবে বিভিন্ন ক্ষেত্রে বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর দয়া ও রহমত কামনার পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করা হয়। আল্লাহর দয়া ও অনুগ্রহের স্বীকৃতি দেওয়া হয়। নিজের অন্তরে বিনয় নম্রতা তৈরি হয়। আর আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। নিয়ামত বৃদ্ধি পায়। ইরশাদ হয়েছে, স্মরণ কর, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (সুরা ইবরাহিম : ৭)। সুসংবাদ ও নিরাপত্তার নিশ্চয়তা : আমরা সবাই নিরাপত্তা চাই। এই নিরাপত্তা লাভের অনন্য মাধ্যম বিসমিল্লাহ। আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (অর্থ : আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া আর কারও কোনো ক্ষমতা নেই।) তখন তাকে বলা হয়, তুমি হিদায়াতপ্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানরা তার থেকে দূরে সরে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ওই ব্যক্তিকে কী করতে পারবে যাকে হিদায়াত দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে! (সুনানে আবু দাউদ- ৫০৯৫)। লেখক : খতিব, আউচপাড়া জামে মসজিদ টঙ্গী, গাজীপুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%