ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার মতো একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, রোহিঙ্গা ক্যাম্পে রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে দুটি ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে একটি পুলিশ একাডেমি এবং পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হবে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি এবং মানবপাচারের ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এই কারণে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বিভিন্ন স্থানে সিসিটিভি স্থাপন করা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী মন্তব্য করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবসন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিধবার টিপসই নেন জামায়াত নেতা, পরে জানলেন বিয়ে হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


বিধবার টিপসই নেন জামায়াত নেতা, পরে জানলেন বিয়ে হয়ে গেছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড তৈরি করার কথা বলে এক বিধবার (৪৩) কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও একটি কাগজে টিপসই নেওয়া হয়েছে। এরপর গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে, ওই নারীর বিয়ে হয়ে গেছে। তাকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে তিনি দাবি করেন যে, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার কৌশলে তার কাছ থেকে টিপসই নেন। সেই টিপসই ব্যবহার করে জালিয়াতি করে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে।

কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম উল্লেখ রয়েছে। কুদ্দুস পূর্বে বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি কখনো প্রস্তাবে রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি রয়েছে।

স্ত্রী সুফিয়া খাতুন জানান, বিয়ের বিষয়ে তার স্বামী তাকে আগে কখনো কিছু জানাননি। ঘটনার প্রকাশ্যে আসার পর কুদ্দুস দাবি করেন যে, তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করেছেন; কিন্তু তিনি কারো কথায় কান দেননি।

অভিযুক্ত আবদুস ছাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। তার একটি কসমেটিকসের দোকান রয়েছে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি কোনো টিপসই নেননি। তিনি দাবি করেন, এলাকার জমিজমা নিয়ে বিরোধের কারণে তাকে ফাঁসানো হচ্ছে।

উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে খোঁজ নিয়েছি। তিনি (ছাত্তার) জামায়াতের পদধারী কোনো নেতা নন; বিগত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। আগে তিনি বিএনপি করতেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক।’

কাবিননামায় দেখা যায়, কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের উল্লেখ রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম রয়েছে। সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনো বিয়ের সাক্ষী হননি।

কাজি গোলাম মোস্তফা জানান, তিনি এই বিয়ের কিছু সম্পন্ন করেননি। তার দাবি, যে কাগজ ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ জাল। এর আগে ২০২০ সালে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করবেন।

গত সোম ও বুধবার গ্রামে দুই দফা সালিস অনুষ্ঠিত হয়েছে। তবে সালিসে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। আগামীকাল শুক্রবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। এরপরও আবদুস ছাত্তার যদি অবস্থান স্পষ্ট না করেন, তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালিসের নেতৃত্বে থাকা মোহাম্মদ রুস্তম আলী। তিনি বলেন, ‘কিভাবে কী হলো, আমরা যাচাই করছি। সালিসের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি তাঁরা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার জন্য সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তির স্বাক্ষর আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে সম্পন্ন হয়।

প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

এই চুক্তির শর্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।

এদিকে, চুক্তির বিরুদ্ধে আজ দুপুরে ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামের সামনে বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন অবস্থান নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক আসরে পুলিশের কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


মাদক আসরে পুলিশের কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ চারজন আটক

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে মাদক কারবারি মিরাজুল ইসলামের বাসায় একটি মাদকের আসর চলছিল। ওই আসরে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, মাদক কারবারি নাহিদ হাসান (২৬) এবং ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই বাসভবনটি ঘেরাও করেন। আত্মসমর্পণের জন্য তাদের আহ্বান জানানো হলেও, পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা কাদার মধ্যে পড়ে যান। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ডিএনসির পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার ভোরে পাচগাঁও গ্রামে মিরাজের বাসা ঘিরে রাখে এবং ভেতরে থাকা সবাইকে আত্মসমর্পণের জন্য আহ্বান করে। কিন্তু তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে লাফিয়ে কাদা মাটিতে পড়ে যান। তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা তাকে ধরতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এক পর্যায়ে তাকেসহ চারজনকে আটক করা হয়।

আটক চারজনের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, বিমানবন্দর থানা পুলিশের ওসি এসেছিলেন এবং আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে তার জিম্মায় নিয়ে গেছেন। বাকি তিনজনের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড স্থানান্তরের জন্য ডিএসসিসিকে চিঠি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড স্থানান্তরের জন্য ডিএসসিসিকে চিঠি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) একটি চিঠি প্রদান করেছেন। এই চিঠিটি গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

চিঠিতে ইশরাক হোসেন উল্লেখ করেন, "আমার নির্বাচনী এলাকার অন্তর্গত ধোলাইখাল এলাকায় বিদ্যমান ট্রাকস্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় যানজট, শব্দ ও বায়ুদূষণ, সড়ক নিরাপভাহীনতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।" তিনি আরও বলেন, বিশেষ করে ব্যস্ত সময়ে ভারী যানবাহনের চলাচল ও সড়কের ওপর ট্রাক অবস্থানের কারণে এলাকার স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এছাড়া, চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ধোলাইখাল রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায়, বর্তমান স্থানে ট্রাকস্ট্যান্ড পরিচালনা জনস্বার্থ, সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হচ্ছে। ইশরাক হোসেন বলেন, "একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব নগর বাবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাকস্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তর করা প্রয়োজন।"

প্রতিমন্ত্রী ইশরাক আরও বলেন, "এমতাবস্থায় জনস্বার্থে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের বর্তমান অবস্থান সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পর্যালোচনা করে উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণপূর্বক ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।"

তিনি বিষয়টির জনস্বার্থ ও পুরুত বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গৃহীত ব্যবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্যও অনুরোধ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%