১২:৫৩ এম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার পাশাপাশি বিতর্কিত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের দাবিতে গতকাল মধ্য দিল্লিতে একটি বিশাল বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র, কৃষক, শ্রমিক এবং নাগরিক সমাজের যৌথ মঞ্চ ‘পিপলস এগেইনস্ট এসআইআর’-এর আহ্বানে দিল্লির কনট প্লেসের ঐতিহাসিক বাংলা সাহিব গুরদুয়ারা থেকে প্যাটেল চকের কাছে অবস্থিত নির্বাচন কমিশন সদর দফতর অভিমুখে এ মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতাদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়।
‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ করার আহ্বান জানিয়ে আয়োজিত এই বিশাল কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘হর গলি যন্তর মন্তর, হার গাঁও যান্তার মান্তার, মেরা ঘার যান্তার মান্তার’ স্লোগান তোলেন। মূলত গত ১৪ অক্টোবর নতুন দিল্লির সুরজিৎ ভবনে কৃষক, দলিত, জনজাতি, মহিলা ও সংখ্যালঘু সংগঠনগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আত্মপ্রকাশ ঘটেছিল এ ‘পিপলস এগেইনস্ট এসআইআর’ মঞ্চের। আন্দোলনকারীদের দাবি, এসআইআর সম্পূর্ণ একটি বেআইনি প্রক্রিয়া। অবিলম্বে ২০২৪-পূর্ববর্তী মূল ভোটার তালিকাকে পুনর্বহাল করতে হবে এবং সিএজি ও নির্বাচন কমিশনের নিয়মাবলি মেনে ‘সোশ্যাল অডিট’-এর মাধ্যমে নতুন করে তালিকা আপডেট করতে হবে।
অন্যদিকে, গত ১৩ অক্টোবর যন্তর মন্তরের ঘটনায় পুলিশি তলব এড়িয়ে যাওয়া সিজেপি-র দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গতকাল নতুন করে সমন পাঠিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার রাজৌরি গার্ডেনে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে উপস্থিত না হয়ে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানান সৌরভ, আশুতোষ এবং দলের অন্য সদস্য অজিঙ্ক শিন্ডে। এক প্রবীণ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তের স্বার্থে অত্যন্ত দ্রুত তাঁদের আবার নতুন নোটিস বা সমন পাঠিয়ে তলব করা হবে।
আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত
প্রসঙ্গত, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টের পর থেকেই সিইসি জ্ঞানেশ কুমার বিরোধীদের নিশানা হয়ে উঠেছেন। ওই রিপোর্টে দাবি করা হয় যে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যপদ্ধতি নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার তীব্র আপত্তি জানিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ ফুঁ দিয়ে উড়িয়ে দেয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরসহ সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই কমিশনের সমস্ত আধিকারিকদের সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। সূত্র : দ্য ওয়াল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন