০৬:১৪ পি.এম
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বুধবার (৩ জুন) সকালে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।
জানা গেছে, সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কুচাই চা বাগান এলাকায় ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামের একটি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। ফলস্বরূপ, চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
নিহত গরুর মালিকদের মধ্যে আছেন— কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস গবাদিপশু হওয়ায়, এই দুর্ভোগ তাদের জন্য চরম অনিশ্চয়তা নিয়ে এসেছে।
খবর পাওয়ার পর জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করেন।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিষয়টি অবহিত করেন। তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
সংসদ সদস্য আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। তাই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন