মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৫ এম
কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ফলে ১০ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪ ধারা অন্তর্ভুক্ত না করার বিষয়টি আদালতের দৃষ্টিতে এসেছে। এ ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা রেকর্ড করার ক্ষেত্রে গুরুতর অবহেলার অভিযোগে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারকে আদালতে তলব করা হয়েছে। ১০ জনের মামলা জামিনযোগ্য ধারায় রেকর্ড করার ঘটনাটি আদালত পাড়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উখিয়ার আমলি আদালতের বিচারক ও কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এই আদেশ প্রদান করেন।
গত ১৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় রিসোর্ট থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে এখনো একজন নিখোঁজ রয়েছে। ওই রাতেই উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশিস সূত্রধর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় রিসোর্টের একজন মালিক ও তিন ব্যবস্থাপকসহ মোট চারজনকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া রিসোর্টের ১৯ কর্মচারীকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার চার নম্বর আসামি, রিসোর্টের ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমন (২৯), গ্রেপ্তার হয়ে বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছেন। মঙ্গলবার তার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার এফআইআর, এজাহার ও সংশ্লিষ্ট নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে, টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ফায়ার লাইসেন্স ছিল না। রিসোর্টটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি নির্গমন পথ (ফায়ার এক্সিট) ছিল না। ফলে আগুন লাগার পর পর্যটকরা বের হতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনার পর দায়ের করা মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৪-ক, ৩৩৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় সর্বোচ্চ সাজা পাঁচ বছর সশ্রম কারাদণ্ড। তবে অবহেলার মাত্রা ও ঘটনার গুরুত্ব বিবেচনায় দণ্ডবিধির ৩০৪ ধারা অন্তর্ভুক্ত না করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সাইফুদ্দিন খালেদ কালের কণ্ঠকে বলেন, "যে ঘটনায় ১০ জন মানুষের প্রাণহানি ঘটেছে সেই ঘটনার একটি এজাহার এমন তুচ্ছতাচ্ছিল্যভাবে রেকর্ড করা গুরুতর অপরাধজনক কাজ বলে মনে করছি। এমনকি ১০ জন মানুষের প্রাণহানির শাস্তি কি মাত্র ৫ বছরের কারাদণ্ড?"
নথিতে দেখা যায়, ১৭ অক্টোবর ৩০৪-ক, ৩৩৮ ও ৩৪ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। এর এক দিন পর, ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দ-বিধির ৩০৪ ধারা সংযোজনের আবেদন করেন। অথচ মামলা রেকর্ড করার সময় ওসি আতিকুর রহমান মজুমদার ওই ধারাটি অন্তর্ভুক্ত করেননি। দণ্ডবিধির ৩০৪ ধারায় অপরাধের ধরণ অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে সোমবার রাতে উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, "এ ধরনের মামলার ঘটনা সচরাচর ঘটে না। তাই ভুলক্রমে মামলায় ৩০৪ ধারা উল্লেখ করা হয়নি। পরে ভুল বুঝতে পেরে ৩০৪ ধারা (অজামিন যোগ্য) সংযোজনের আবেদন করা হয় আদালতে। আদালত সেই আবেদন শুনানি করতে গিয়ে ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।" অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) রোমন ঘোষ জানান, "মামলার তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যা করার, তাই করা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিংগাইরে ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে গহনার চুরির অভিযোগে স্থানীয় জনতা দুই নারীসহ এক যুবককে আটক করে থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার হাজিপাড়া গ্রামের আব্দুস সালাম জমশেদ আলী ওরফে মনু মিয়া ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (২৮), একই জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কাপাড়া গ্রামের শাহা আলমের মেয়ে সাগরিকা বেগম ওরফে আফসানা (২৬) এবং তার আপন বোন সফিকা বেগম ওরফে সামিয়া আক্তার (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৩৯ ভরি রুপার গহনা, যার আনুমানিক মূল্য এক লাখ ২৬ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকান খুলে সিন্দুক থেকে স্বর্ণ ও রুপার অলংকার বের করে সাজানোর জন্য সুকেজের ওপরে রাখেন। দোকান খোলার ১৫ মিনিট পর, পৌনে ১০টার দিকে, দুজন নারী ও এক যুবক এসে স্বর্ণের কানের দুল দেখতে চান। তখন তিনি কানের দুল বের করে দেন এবং স্বর্ণালংকার সুকেজের মধ্যে সাজাতে থাকেন। কিছুক্ষণ পর, কানের দুল পছন্দ হয়নি বলে, সুকেজের ওপরে থাকা ৩৯ ভরি ওজনের রুপার তৈরি ১০ জোড়া নুপুর ও একটি মাথার কাটা চুরি করে অটোরিকশাযোগে পালিয়ে যান।
এ ঘটনার পর, বিষয়টি বুঝতে পেরে দোকানের ম্যানেজার মজিবর রহমান মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করেন এবং চারিগ্রাম বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অটোরিকশা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হন। এ সময় তাদের দেহ তল্লাশি করে চুরি হওয়া ৩৯ ভরি ওজনের রুপার অলংকার উদ্ধার করা হয়। পরে বিষয়টি থানার পুলিশের কাছে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটক জাবেদ ওরফে জারিফ হোসেন, সাগরিকা বেগম ওরফে আফসানা এবং সফিকা বেগম ওরফে সামিয়া আক্তারকে আসামি করে থানায় মামলা করেছেন জুয়েলার্সের মালিক বাবুল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে রিমাণ্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা টাকা চাওয়ার কারণে মো. ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ইমরান মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে। জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওই টাকা চাইতে বাড়ি থেকে বের হন তিনি।
আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন অথবা আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যদি কেউ দায়ীদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করেন, তাহলে এই পুরস্কার দেওয়া হবে। খবর আনাদোলুর।
সোমবার, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ‘অতীতের নির্বাচন কিংবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য যাঁরা দেবেন, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হলে তাদের ১০ লাখ ডলার দেওয়া হবে।’
যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবেন ভোটাররা।
নির্বাচনের স্বচ্ছতা ও ভোটের নির্ভরযোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক চলমান। ট্রাম্পের এই ঘোষণার পর, পুরস্কার দেওয়ার আওতায় কী ধরনের তথ্য গ্রহণ করা হবে এবং অর্থ প্রদানের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জর্ডানের সামরিক বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে, যা গির্জায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হয়েছে। সোমবারের এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নারী এবং কয়েকটি শিশু রয়েছে।
জর্ডানের সামরিক বাহিনী জানায়, গত সপ্তাহে কারাক গভর্নরেটে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সোমবারের বিমান অভিযান পরিচালিত হয়েছে।
জর্ডানের দাবি, হামলার লক্ষ্য ছিল সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা, যাদের গির্জায় হামলাকারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে।
বিমান হামলার পর জর্ডানের সামরিক বাহিনী জানায়, হামলায় এসব গোষ্ঠীর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করা হয়েছে।
তবে, কোন বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি জর্ডান।
জর্ডান জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু সিরিয়া এই দাবি অস্বীকার করেছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, জর্ডানের হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে তিনটি শিশু, একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
এছাড়া, অন্য দুটি হামলায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে এই হামলাগুলো চালানো হয়।
সিরিয়ার সরকার এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে এবং এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে।
জর্ডানের হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে, ফলে দুই দিকের যান চলাচল স্থগিত হয়ে গেছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ