০৫:৫২ পি.এম
রাঙামাটি, ৭ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন এবং ভুলবশত বিকাশে চলে যাওয়া ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটের ১৮ এপিবিএন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার উল্লেখ করেন, সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে এই সাফল্য অর্জন করেছে। পাশাপাশি প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার করা হয়েছে এবং ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর মাধ্যমে ১ জন নাগরিককে জরুরি সেবা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের প্রযুক্তিগত সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এ ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ১৮ এপিবিএন এর সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএমসহ ব্যাটালিয়নের সকল নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা।
হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতারা পুলিশ বাহিনীর এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমার মাধ্যমে ধর্মীয় বৈচিত্র্যের প্রদর্শনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন