শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৯ এম
বাড়ির অন্দরমহলে শেষ কথা গৌরী খানেরই চলে। অন্তত শাহরুখ খান নিজে এভাবেই মন্তব্য করেছেন। স্ত্রী এবং সন্তানদের নিয়ে মজার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফের হাসির রোল তুলেছেন বলিউডের বাদশা।
১১ নভেম্বর দুবাইয়ে নিজের আবাসন প্রকল্প ‘শাহরুখজ বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এমন নানা কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। এই আবাসন প্রকল্পের অন্যতম আকর্ষণ গৌরীর নকশা করা বিলাসবহুল পেন্টহাউজ।
অনুষ্ঠানের মঞ্চে কর্ণ জানতে চান, নিজের বাড়িতে এমন কোনও কাজ আছে, যা করার অনুমতি শাহরুখ পান না? উত্তরে অভিনেতার অকপট স্বীকারোক্তি ছিল, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন দর্শক।
কথার সূত্র ধরেই গৌরীকে নিয়ে শাহরুখ বলেন, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
এখানেই থামেননি অভিনেতা। দুবাইয়ের নতুন প্রকল্পের পেন্টহাউজ নিয়েও মজার মন্তব্য করেন তিনি। বলেন, ‘এখানে পেন্টহাউজে এলেও আমাকে একই কথা বলতে হবে। বলতে হবে, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ!’ বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনভর চলা বিভিন্ন নাটকীয়তার পর বিএনপি ও জামায়াত ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে, তবে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে। উপজেলা প্রশাসনের সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টায় কালীগঞ্জ থানায় জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমান এবং অন্যান্যরা।
এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মন্তব্য করেন, "কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।"
এর আগে, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ঘোষণার পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ করা হয়। এরপর পুলিশ সুপার কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে উক্ত আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগীহাট এলাকায় এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন এমপি আবু তালিব, সাবেক আমীর ওলিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা বলেন, "একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছি। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই প্রোগাম বাস্তবায়ন হবেই।"
এদিকে, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং বের করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী মোটরসাইকেল র্যালি করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে রাত ৯টায় সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সচেতন কালীগঞ্জবাসী পক্ষে ইলিয়াস রহমান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, "আমরা প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, যৌতুক, আত্মহত্যাসহ সামাজিক ব্যধির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ করে আসছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকালের সমাবেশ সফল করতে আমরা শহরে একটি মোটরসাইকেল র্যালি করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নামাজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হিসেবে পরিচিত। যারা নির্দিষ্ট সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—
নামাজের সময়সূচি
ফজর-০৪:৫৫ মিনিট।
জুমা-১১:৪৬ মিনিট।
আসর-০৩:৩৮ মিনিট।
মাগরিব-০৫:১৭ মিনিট।
ইশা-০৬:৩৩ মিনিট।
আজ সূর্যোদয়-৬:১৩ মিনিট।
আজ সূর্যাস্ত-৫:১৩ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার পোশাক শ্রমিকদের জন্য একটি বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। খাদ্য ব্যয় কিছুটা কমানোর লক্ষ্যে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পূর্বে তিন মাসের জন্য এই কর্মসূচি কার্যকর হবে।
বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হবে।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজতর করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি পোশাক শ্রমিকদের জন্য বিশেষ এই কর্মসূচি পরিচালিত হবে।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এই কার্যক্রম চলমান থাকবে।
চাল ক্রয়ের জন্য শ্রমিকদের তাদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচির সুবিধা প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তর এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কর্মসূচির সুষ্ঠুভাবে পরিচালনা এবং অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরেছে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতি বছরের মতো, এবারও নেত্রকোনার নিজ জেলা হিমু পাঠক আড্ডা হিমু উৎসবের আয়োজন করেছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি এবং মেয়েরা নীল শাড়িতে সজ্জিত হবে। লেখকের পরিচালিত সিনেমা ও নাটকের ব্যবহৃত গানের সঙ্গে মিলিয়ে নেচে গেয়ে সকালে কেক কাটবে হিমু রূপারা। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে ও আড্ডায় লেখক, সাংবাদিক, সাহিত্যিক এবং হুমায়ূন ভক্তরা লেখকের জীবনের কর্ম তুলে ধরবেন।
এই বিশেষ দিনটিকে ঘিরে প্রতিবছর নেত্রকোনা শহর লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। তারুণ্য নির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা আয়োজনে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লেখকের শিক্ষামূলক উক্তি লেখা টি শার্ট বিতরণ করা হবে।
সকাল ১১ টায়, বিভিন্ন বয়সের হিমু-রূপা সেজে লেখকের কালজয়ী সিনেমা ও নাটকের গানের সঙ্গে নেচে গেয়ে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রায় লেখক, সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করবে। শহরের সাতপাই নদীর পাড় (চক্ষু হাসপাতাল) থেকে শুরু করে দুই কিলোমিটার পদব্রজে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত যাবে আনন্দ শোভাযাত্রা। সেখানে কেক কাটা হবে।
পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে “গানে ও আড্ডায়” সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মন মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসার আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকে প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ