ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াতের সমঝোতা


অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াতের সমঝোতা

দিনভর চলা বিভিন্ন নাটকীয়তার পর বিএনপি ও জামায়াত ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে, তবে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে। উপজেলা প্রশাসনের সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টায় কালীগঞ্জ থানায় জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমান এবং অন্যান্যরা।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মন্তব্য করেন, "কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।"

আরও পড়ুন: নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন

এর আগে, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ঘোষণার পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ করা হয়। এরপর পুলিশ সুপার কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে উক্ত আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ৪৬ বছর পর বাংলাদেশে বাবা-মাকে খুঁজছেন রাজিব ও সেলিনা

বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগীহাট এলাকায় এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন এমপি আবু তালিব, সাবেক আমীর ওলিয়ার রহমান।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা বলেন, "একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছি। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই প্রোগাম বাস্তবায়ন হবেই।"

এদিকে, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং বের করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী মোটরসাইকেল র‌্যালি করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে রাত ৯টায় সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সচেতন কালীগঞ্জবাসী পক্ষে ইলিয়াস রহমান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যান্যরা।

আরও পড়ুন: ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, "আমরা প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, যৌতুক, আত্মহত্যাসহ সামাজিক ব্যধির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ করে আসছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকালের সমাবেশ সফল করতে আমরা শহরে একটি মোটরসাইকেল র‌্যালি করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ১৩ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ এম


ঢাকায় ১৩ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি প্রকাশ

নামাজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হিসেবে পরিচিত। যারা নির্দিষ্ট সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

নামাজের সময়সূচি

ফজর-০৪:৫৫ মিনিট।

জুমা-১১:৪৬ মিনিট।

আসর-০৩:৩৮ মিনিট।

মাগরিব-০৫:১৭ মিনিট।

ইশা-০৬:৩৩ মিনিট।

আজ সূর্যোদয়-৬:১৩ মিনিট।

আজ সূর্যাস্ত-৫:১৩ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—

বিয়োগ করতে হবে—

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে—

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে পোশাক শ্রমিকরা ৩০ টাকা কেজিতে চাল পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ এম


আজ থেকে পোশাক শ্রমিকরা ৩০ টাকা কেজিতে চাল পাবেন

সরকার পোশাক শ্রমিকদের জন্য একটি বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। খাদ্য ব্যয় কিছুটা কমানোর লক্ষ্যে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পূর্বে তিন মাসের জন্য এই কর্মসূচি কার্যকর হবে।

বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজতর করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি পোশাক শ্রমিকদের জন্য বিশেষ এই কর্মসূচি পরিচালিত হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এই কার্যক্রম চলমান থাকবে।

চাল ক্রয়ের জন্য শ্রমিকদের তাদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচির সুবিধা প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তর এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কর্মসূচির সুষ্ঠুভাবে পরিচালনা এবং অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরেছে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতি বছরের মতো, এবারও নেত্রকোনার নিজ জেলা হিমু পাঠক আড্ডা হিমু উৎসবের আয়োজন করেছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি এবং মেয়েরা নীল শাড়িতে সজ্জিত হবে। লেখকের পরিচালিত সিনেমা ও নাটকের ব্যবহৃত গানের সঙ্গে মিলিয়ে নেচে গেয়ে সকালে কেক কাটবে হিমু রূপারা। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে ও আড্ডায় লেখক, সাংবাদিক, সাহিত্যিক এবং হুমায়ূন ভক্তরা লেখকের জীবনের কর্ম তুলে ধরবেন।

এই বিশেষ দিনটিকে ঘিরে প্রতিবছর নেত্রকোনা শহর লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। তারুণ্য নির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা আয়োজনে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লেখকের শিক্ষামূলক উক্তি লেখা টি শার্ট বিতরণ করা হবে।

সকাল ১১ টায়, বিভিন্ন বয়সের হিমু-রূপা সেজে লেখকের কালজয়ী সিনেমা ও নাটকের গানের সঙ্গে নেচে গেয়ে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রায় লেখক, সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করবে। শহরের সাতপাই নদীর পাড় (চক্ষু হাসপাতাল) থেকে শুরু করে দুই কিলোমিটার পদব্রজে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত যাবে আনন্দ শোভাযাত্রা। সেখানে কেক কাটা হবে।

পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে “গানে ও আড্ডায়” সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মন মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসার আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকে প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট বন্ধ থাকবে

ঢাকার বাসিন্দাদের বিভিন্ন দোকানপাট ও মার্কেটে নিয়মিত যাওয়া প্রয়োজন হয় নানা কারণে। তবে যদি তীব্র যানজট পেরিয়ে মার্কেটে গিয়ে দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে মূল্যবান সময় নষ্ট হবে।

তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া উচিত, আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে সেগুলি হল: বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%