১২:৩১ পি.এম
নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত সমস্যাগুলি নির্ভয়ে প্রকাশ করা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনকে দৃঢ় করার উদ্দেশ্যে উইমেন স্কোয়াড একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন রোডের INDR, ৫২/১ ঠিকানায় ‘YOUR PRIVACY IS OUR RESPONSIBILITY’ থিমে এই সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. উম্মে সাইকা নীলা, Certified Sensory Integration Specialist (University of Southern California, USA) এবং ডা. সংযুক্তা মুবিন, MBBS (DU), DMU (Sristy), Consultant।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
সেশনে অংশগ্রহণকারী নারীরা তাদের ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ, বিষণ্ণতা এবং নারীর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। চিকিৎসকরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইমেন স্কোয়াডের প্রতিষ্ঠাতা সদস্য মীর ফাতেমা আক্তার। তিনি উল্লেখ করেন, জীবনের নানা পরিচয়ে নারীরা প্রতিদিন অসংখ্য দায়িত্ব পালন করেন। কেউ মা, কেউ মেয়ে, কেউ স্ত্রী, কেউ উদ্যোক্তা কিংবা পেশাজীবী। পরিবার ও কর্মক্ষেত্র সামলানোর পাশাপাশি তারা অন্যদের ভালো রাখার চেষ্টা করেন। কিন্তু এই ব্যস্ততার মাঝে অনেক সময় নিজেদের মনের খোঁজ নেওয়া হয় না।
তিনি আরো বলেন, নারীদের হাসিমুখের আড়ালে জমে থাকে অনেক না বলা গল্প। সেই গল্পগুলো প্রকাশের সুযোগ তৈরি করা, নিজেদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন হওয়া এবং মনের যত্ম নেওয়ার গুরুত্ব উপলব্ধি করতেই উইমেন স্কোয়াডের এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনটির অপর প্রতিষ্ঠাতা সদস্য শাহিনা জামান দোলন। তিনি বলেন, আমরা প্রায়ই অন্যদের ভালো রাখার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের ভালো থাকার বিষয়টি ভুলে যাই। কিন্তু আজকের আয়োজন থেকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে—নিজের মনের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশ।
আরও পড়ুন: অ্যান্ডোক্রাইনোলজির জন্য জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য সুলতানা আক্তার লিজা।
আয়োজকদের মতে, নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নীরবতা দূর করা অত্যন্ত জরুরি। অনেক নারী বিচারিত হওয়ার ভয়ে কিংবা নিজের সমস্যাকে গুরুত্বহীন মনে করে মানসিক কষ্টের কথা প্রকাশ করেন না। তাদের জন্য একটি নিরাপদ, আস্থাশীল ও বিচারহীন পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও পরামর্শের পাশাপাশি অনুষ্ঠানটি নারীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্বের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন এবং একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উইমেন স্কোয়াডের পক্ষ থেকে জানানো হয়, নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ সামাজিক পরিসর তৈরির এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনটির প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নারীদের নিজেদের কথা বলতে উৎসাহিত করবে এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন