মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৯ এম
চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৪ কোটি ১২ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। ফলে, বছরে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ঘটেছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছরে এই প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের মাসগুলোতে, আগস্টে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাছের ডালপালা কাটা, লাইন রক্ষণাবেক্ষণ এবং উপকেন্দ্রের বার্ষিক মেরামতের জন্য আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সদর দফতর অফিসের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন করা হবে। এজন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাঝগাঁও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারী এবং দোগাছি এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বগুড়া নেসকো বিবিবি-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ জানিয়েছেন, বার্ষিক মেরামত এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার ১১ কেভি ইয়াছিননগর ও ঠনঠনিয়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এই সময় চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এসেনসিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস এবং সেউজগাড়ী পানির ট্যাংক রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান জানিয়েছেন, ১১ কেভি নিউ মডেল ফিডারের রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কর্তনকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময় সাবস্টেশন, নেসকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, তাবলীগ মসজিদ, লালবাগ কেডিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত সড়কের দুই পাশ, আবু সাঈদ চত্বর, সর্দারপাড়া এবং ঘাঘটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
দিরাই সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জানিয়েছেন, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই ও শাল্লা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে" বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন।
পেজেশকিয়ান জানান, ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।"
তিনি আরও বলেন, "আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।"
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি জানান, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।
তিনি বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।"
এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই ওই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সূত্র: এএনআই
তালাশ বিডি/মিডিয়া লিঃ