মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৭ এম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের সমান। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৯ নভেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৯৩ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর ৫ নভেম্বর পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮৫৫ দশমিক ৮১ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৮৫ দশমিক ৭৫ মিলিয়ন বা ২৯ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভের হিসাব আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ