মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৫ এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইতালির ভিসেন্সা বিএনপি। গত রবিবার বাদ মাগরিব স্থানীয় একটি হল রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভিসেন্সা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফিরোজ খন্দকার। সভার সভাপতিত্ব করেন সাবেক সভাপতি রহমান মোহাম্মদ আজিজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এম আলমগীর। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীত বাজানো হয়।
আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন, মঞ্জুর আহমেদ জুয়েল, আব্দুল রাজ্জাক, মাসুদ মোড়ল, নিজামুল হক সেলিম, জাকির হোসেন, আলম হাফিজ, সাইদুর রহমান, মাসুম, জুনায়েত জনি সরকার, যুবদল নেতা রবিউল আলম স্বপন, রাসেল পারোয়ারী, ইমতিয়াজ হোসেন রাজ, স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ফরিদুল ইসলাম, সদস্য সচিব সরদার মো. শাকিল, মোস্তাক আহমেদ, মো. কবীর হোসেন প্রমুখ।
বক্তারা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি মেজর জিয়াউর রহমানের মুক্তির ইতিহাস তুলে ধরেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্রে যুদ্ধ ও চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, সেই বর্ণনা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন শুরু করেন। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড়, পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
এই সময়ে তারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’, ‘ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।
বাইক শোডাউনে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। এছাড়া সিটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদলের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।
অংশগ্রহণকারী নেতারা জানান, ছাত্রদল সারা রাত ধরে রংপুর মহানগরীর রাজপথ পাহারা দেবে। যেখানে সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করার ঘোষণা তারা দেন।
এদিকে নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত ১২টার দিকে মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে স্থানীয়রা পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের সমান। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৯ নভেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৯৩ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর ৫ নভেম্বর পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮৫৫ দশমিক ৮১ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৮৫ দশমিক ৭৫ মিলিয়ন বা ২৯ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভের হিসাব আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ