০৮:৪৫ এম
মুম্বাইয়ের জুহুতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফুটবল খেলে ফেরার পথে অভিনেতা টাইগার শ্রফের দিকে বৃষ্টির মতো গুলি ছোঁড়া হয়। এই বলিউড তারকা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ইতোমধ্যে ঘটনার বেশ কয়েকটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে, যা দেখে অনুরাগীরা শিউরে উঠছেন।
ঘটনাটি গত রোববার সন্ধ্যার। মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠ থেকে টাইগার শ্রফ তার বিএমডব্লিউ সেডান গাড়িতে উঠছিলেন। নতুন একটি ভিডিওতে দেখা যায়, টাইগারকে বহনকারী গাড়ির সামনে ও পাশের জানালার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতকারীরা সরাসরি গুলি চালাচ্ছে। হামলাকারীদের একজনের বন্দুক থেকে পরপর কয়েকটি গুলি বের হলেও, টাইগারের খুব কাছাকাছি আসার সময় তার পিস্তলটি জ্যাম হয়ে যায়। ফলে ষষ্ঠ রাউন্ড গুলিটি আর করতে পারেনি সে।
মাত্র ১৮ সেকেন্ডের ওই সিসিটিভি ক্লিপে দেখা যায়, গুলিতে আহত হওয়ার পর গাড়ির চালক কোনোমতে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: তানজিন তিশার ক্ষোভ, ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে প্রশ্ন তুললেন
ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিএমডব্লিউ গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসছেন টাইগার শ্রফ। এর কিছুক্ষণ পরেই একটি মোটরসাইকেলে করে তিনজন এসে গাড়িটিকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। ১৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, চালক ফিরদাউস আহত হওয়ার পর টাইগার নিজেই প্যাসেঞ্জার সিট থেকে চালকের আসনে বসছেন। এ সময় আশপাশের মানুষের আর্তনাদ শোনা যায়—‘বহুত গলত হো গ্যায়া ইয়ে!’
ঘটনার পর গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। এক নারী তখন টাইগারকে উদ্দেশ করে বলেন, ‘জলদি লে কে যাও, টাইগার।’ মূলত আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্যই তিনি এ কথা বলেন। পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ অক্ষত আছেন। তবে এই ঘটনায় তার গাড়িচালক ছাড়াও কাছাকাছি থাকা আরও একজন আহত হয়েছেন। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন।
বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সুসম্পর্কের কারণে টাইগার শ্রফকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই হামলার দায়ও তারা স্বীকার করেছে। এর আগে সালমানের অন্য সহযোগীদেরও নানাভাবে হুমকি ও হামলার মুখে পড়তে হয়েছে।
ঘটনার পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ওই অডিওতে বলা হয়, টাইগার শ্রফ তাদের হিটলিস্টে ছিলেন, কারণ তিনি তাদের কথা শুনছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। গুজরাটের কারাগারে বন্দি থাকা বিষ্ণোই এর আগেও বহুবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, বাদীকে হুমকির অভিযোগ
এদিকে, এই ঘটনার পর রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত একজনকে আটকের খবর নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন