১১:১৭ এম
শ্বেতার দাবি, একাধিক ‘স্বঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা’ তাঁকে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর নেপথ্যে অস্বাভাবিক কিছু বিষয় ছিল। এখনও এমন বেশ কিছু প্রশ্ন রয়েছে, যার উত্তর মেলেনি বলেই দাবি শ্বেতার।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ছয় বছর পরেও রহস্য কাটেনি। অভিনেতার মৃত্যু নিয়ে ফের বিস্ফোরক দাবি করেছেন তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি। তাঁর দাবি, একাধিক স্বঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা তাঁকে জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর নেপথ্যে অস্বাভাবিক কিছু বিষয় ছিল। এখনও এমন বেশ কিছু প্রশ্ন রয়েছে, যার উত্তর মেলেনি, এই কথাও বলছেন শ্বেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “ছয় বছর হয়ে গেল, আমরা এখনও জানি না আসলে কী হয়েছিল। ময়নাতদন্ত করানোর এত তাড়া কেন ছিল? সুশান্ত কখনও নিজের ঘরের দরজা বন্ধ করে রাখত না। তাহলে ঘর ভিতর থেকে কীভাবে বন্ধ ছিল? অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।”
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
সুশান্তের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে শ্বেতার আরও বক্তব্য, “কিছু একটা ঠিক সমস্যা নির্ঘাত ছিল। কিছু একটা গণ্ডগোল হয়েছিল, আমি নিশ্চিত।”
সুশান্তের প্রাক্তন আপ্তসহায়ক দিশা সলীয়ানের মৃত্যুর প্রসঙ্গও তাঁর কথায় উঠে আসে। দিশার মৃত্যু হয়েছিল মুম্বইয়ের একটি আবাসনের ১৪ তলা থেকে পড়ে। শ্বেতার দাবি, দিশার মৃত্যুর পর থেকেই সুশান্ত খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, “দিশার মৃত্যুর পরে ও খুবই বিচলিত ছিল। বার বার বলত, ওরা ওকেও ছাড়বে না।”
‘ওরা’ বলতে কাদের বোঝাতেন সুশান্ত? বলিউডকেই কি ইঙ্গিত করেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে শ্বেতা বলেন, “জানি না।” তাঁর অনুমান, হয়তো এমন কোনও তথ্য সুশান্তের হাতে এসেছিল, যা তিনি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন।
তবে এখন আর সিবিআইয়ের কাছ থেকে কোনও নিষ্পত্তি চান না শ্বেতা। বরং ভাইয়ের স্মৃতি এবং তাঁর উত্তরাধিকারকে উদ্যাপন করতেই বেশি আগ্রহী তিনি। শ্বেতার কথায়, “আমাদের এখন সিবিআইয়ের কাছ থেকে কোনও নিষ্পত্তির দরকার নেই। আমরা জানি, কী হয়েছিল। ওরা হয়তো তা আড়াল করার চেষ্টা করছে। কিন্তু আমাদের অন্তর জানে, কী হয়েছিল।”
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
কোভিড-কালে, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতকে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও পরে তাঁর মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন এবং ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসে। ভাইয়ের মৃত্যুর পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সরব হন শ্বেতা। তবে সিবিআই জানায়, কোনও রকমের ষড়যন্ত্র নেই এই ঘটনায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন