ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠে মৃত্যু খেলোয়াড়ের, তদন্ত শুরু করল পুলিশ


গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠে মৃত্যু খেলোয়াড়ের, তদন্ত শুরু করল পুলিশ

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে ঘটিত ভয়াবহ সংঘর্ষের পর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছেন তেনেরিফে ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। এই মর্মান্তিক মৃত্যুর পর স্প্যানিশ পুলিশ সম্ভাব্য অনিচ্ছাকৃত হত্যার (ইনভলান্টারি ম্যানস্লটার) অভিযোগে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। মাত্র ৩০ বছর বয়সে এই ফুটবলার না ফেরার দেশে চলে গেছেন।

গত সোমবার রাতে ম্যাচের যোগ করা সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। মাঠের মাঝখানে একটি দীর্ঘ পাস নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন দে মিগুয়েল। ঠিক সেই সময় বিপদমুক্ত করতে নিজেদের ডি-বক্স ছেড়ে অনেক দূর মাঝমাঠে ছুটে আসেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনো। দুজনের মধ্যে সংঘর্ষে সরাসরি দে মিগুয়েলের বুকে আঘাত লাগে। ঘটনার সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।

মাঠেই হাঁটু গেড়ে বসে পড়ে দে মিগুয়েল বুকে হাত দিয়ে কিছু সময় কুঁকড়ে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পিঠের উপর মাটিতে লুটিয়ে পড়েন এবং তার হাত দুটি নিস্তেজ হয়ে পাশে ঝুলে পড়ে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরদিন মঙ্গলবার ক্লাবটির পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি ঘটনার পর সঙ্গে সঙ্গেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ক্লাব তেনেরিফে এক শোকবার্তায় জানিয়েছে, "পুরো ক্লাব পরিবার এই আকস্মিক ও হৃদয়বিদারক ট্র্যাজেডিতে সম্পূর্ণ ভেঙে পড়েছে।" ক্লাবের প্রধান শেয়ারহোল্ডার রায়কো গার্সিয়া জানান, পরিবারের ইচ্ছানুযায়ী দে মিগুয়েলের মরদেহ তোলেদোর নাভাহেরমোসা শহরে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে তার সতীর্থ ও ক্লাব কর্মকর্তারা উপস্থিত থেকে শেষ বিদায় জানাবেন। এছাড়া আগামী শনিবার ঘরের মাঠে ভক্ত-সমর্থকদের নিয়ে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করবে ক্লাবটি।

খেলোয়াড়দের মানসিক অবস্থা বিবেচনা করে তেনেরিফে আগামী শনিবার গ্রানাডার বিপক্ষে তাদের লিগ ম্যাচটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। ক্লাবটির সভাপতি ফেলিপ মিনামব্রেস বলেন, "এই শোক কাটিয়ে উঠতে আমাদের খেলোয়াড় ও তাদের পরিবারগুলোর পেশাদার মানসিক সহায়তা এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন হবে।"

এদিকে ঘটনাটি নিয়ে মঙ্গলবার স্পেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে যে, তারা তদন্ত শুরু করেছে। স্প্যানিশ আইন অনুযায়ী, দুর্ঘটনা বা স্বাভাবিক নয় এমন যেকোনো মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে সান্তা ক্রুজ দে তেনেরিফের প্রধান প্রসিকিউটর জোসে লুইস সানচেজ-জাউরেগি স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে জানিয়েছেন যে, যেহেতু সংঘর্ষটি খেলার সাধারণ গতিপ্রকৃতির মধ্যেই ঘটেছে, তাই এ ঘটনায় দেওয়ানি বা ফৌজদারি অপরাধ প্রমাণিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

ঘটনার পর অ্যান্ডোরা গোলরক্ষক ওওনোর প্রায় ৩০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। একই পদবি হওয়ায় অন্য এক ৬ষ্ঠ ডিভিশনের গোলরক্ষক মিশেল ওওনো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান যে, তাকে অ্যান্ডোরার সেই গোলরক্ষক ভেবে একদল উগ্র সমর্থক বর্ণবাদী ও আপত্তিকর আক্রমণের শিকার বানাচ্ছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক

মাদ্রিদে জন্ম নেওয়া দে মিগুয়েল ২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। স্পেনের বিভিন্ন নিম্নবোর্ডের ক্লাবে খেলার পর গত বছর তিনি তেনেরিফে ক্লাবে যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, দে মিগুয়েলের আগে থেকে বড় কোনো জটিল স্বাস্থ্যগত বা শারীরিক সমস্যা ছিল না। তার মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। মৃত্যুর সময় তিনি রেখে গেছেন তার স্ত্রী ও ছোট্ট কন্যাসন্তানকে।

ফুটবল বিশ্বের এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক নেমে এসেছে। সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের মালিকানাধীন ক্লাব অ্যান্ডোরা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং লা লিগা কর্তৃপক্ষও এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জেরার্ড পিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, "আমি গভীর হৃদয়বিদারক ব্যথায় আচ্ছন্ন। শান্তিতে ঘুমাও, হেসুস।"

মঙ্গলবার ইউরোপজুড়ে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতেও দে মিগুয়েলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্পেনের মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে—বিশেষ করে বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের ঘরের মাঠে ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগের চিরাচরিত সংগীত বাজানো থেকে বিরত থাকে ক্লাবগুলো। ওল্ড ট্রাফোর্ডসহ ইউরোপের অন্যান্য স্টেডিয়ামেও ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বড় স্ক্রিনে প্রয়াত এই ফরোয়ার্ডের ছবি প্রদর্শন করা হয়।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অনুশীলনের সময় এক মিনিট নীরবতা পালন করে হেসুসকে স্মরণ করেন। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, "ভাষা হারিয়ে ফেলেছি। এই শোক সহ্য করার ক্ষমতা তার পরিবারকে যেন ঈশ্বর দেন।"

আরও পড়ুন: চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

শোকের আবহ হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের সব কোপা দেল রে ও কোপা দে লা রেইনা ম্যাচ স্থগিত করেছে। উয়েফাও ঘোষণা দিয়েছে যে, চলতি সপ্তাহে তাদের আয়োজিত প্রতিটি ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

ফুটবল মাঠে খেলোয়াড়দের এমন মারাত্মক সংঘর্ষে প্রাণহানির ঘটনা অত্যন্ত বিরল। এর আগে স্পেনে গত বছর পঞ্চম ডিভিশনের এক ম্যাচে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ১৯ বছর বয়সী এক গোলরক্ষক মারা গিয়েছিলেন। ফুটবল ইতিহাসের পাতায় ২০০১ সালে ইউক্রেনীয় গোলরক্ষক সেরহি পেরখুন এবং ১৯৮৭ সালে মালাগার গোলরক্ষক হোসে আন্তোনিও গালার্দো ম্যাচের মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহ ও প্রত্যাশার কথা জানিয়েছেন হাফেজ মাওলানা ইমরান হোসাইন। তিনি পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ বাবু শেখের ছেলে।

কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাফেজ মাওলানা ইমরান হোসাইন বলেন, আমি ৮ নম্বর ওয়ার্ডেরই সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও নাগরিক অধিকারকে গুরুত্ব দিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মাদক ও সামাজিক অবক্ষয় রোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেব।

তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মানসিকতা নিয়েই কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। এ জন্য ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আন্দোলনের সময় আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


গাজীপুরে আন্দোলনের সময় আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ মারা গেছেন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির পুত্র।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহফুজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার তার দাফন সম্পন্ন হবে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান। বুধবার সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

স্বজনদের তথ্য অনুযায়ী, তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে তৌফিক এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি গ্রহণ করেন। তিনি বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তৌফিক শেখের বড় ভাই হারুন মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন চলছিল। সোমবার আন্দোলনের সময় তৌফিক হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, এ সময় হামলাকারীরা তার ওপর আক্রমণ করে এবং তাকে বেধড়ক মারপিট করে। এতে তৌফিক গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


প্রথমবারের মতো একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর

মার্কিন সিনেটের ইতিহাসে একটি নতুন এবং অনন্য রেকর্ড তৈরি হতে যাচ্ছে। ইলিনয় অঙ্গরাজ্যের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পর, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো মার্কিন সিনেটে একই সঙ্গে তিনজন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করে ইলিনয় আসন থেকে মার্কিন সিনেটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন।

জুলিয়ানা স্ট্র্যাটনের এই জয়ের ফলে মার্কিন সিনেটে একসাথে তিনজন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করবেন। তিনি ডেমোক্র্যাট সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার (ডেলাওয়্যার) এবং অ্যাঞ্জেলা অলসুব্রুকস (মেরিল্যান্ড)-এর সাথে যুক্ত হচ্ছেন, যারা ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন।

মার্কিন সিনেটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দীর্ঘ ২৩৫ বছরের ইতিহাসে আগে কখনো একসাথে একাধিক কৃষ্ণাঙ্গ নারী সদস্য ছিলেন না।

পরিসংখ্যান অনুযায়ী, জুলিয়ানা স্ট্র্যাটন হচ্ছেন মার্কিন সিনেটের ইতিহাসে ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী সদস্য। একই সাথে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী। এর আগে ১৯৯২ সালে এই ইলিনয় থেকেই ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে ২০১৬ সালে ডেমোক্র্যাট দল থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হন। আর ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর কর্তৃক মনোনীত হয়ে ল্যাফনজা বাটলার তৃতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুলিয়ানা স্ট্র্যাটন জয়ী হওয়ার পর তার সহকর্মী সিনেটর ট্যামি ডাকওয়ার্থের সাথে ইলিনয় হবে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একই সাথে দুজন কৃষ্ণাঙ্গ নারী মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করবেন। আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন স্ট্র্যাটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে নির্বাচিত হলেন ক্রিস পাপাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


মার্কিন সিনেটে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে নির্বাচিত হলেন ক্রিস পাপাস

ডেমোক্র্যাট ক্রিস পাপাস নিউ হ্যাম্পশায়ারের সিনেট আসনে জয়ের সম্ভাবনা রয়েছে।

জানুয়ারিতে, পাপাস যখন শপথ গ্রহণ করবেন, তখন তিনি মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন।

২০১৩ সালে উইসকনসিনের সিনেটর ট্যামি বাল্ডউইন সংসদে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন।

নিউ হ্যাম্পশায়ারে নিজের জয় উদযাপন করছেন ক্রিস পাপাস, যেখানে তিনি সমর্থকদের উদ্দেশে একটি ভাষণে বলেন যে, রাজ্যের ভোটারদের জন্য ‘আমি লড়াই করতে প্রস্তুত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%