০৬:৩৪ পি.এম
রাজধানীর চাঁনখারপুলে একজন যুবক মারা গেছেন। জয়দেব (৪০) নামে এই যুবক নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের আরেকটি বাসের চাপায় নিহত হন।
এ দুর্ঘটনাটি ঘটে বুধবার (১০ জুন) বিকেল ৪টা নাগাদ। মুমূর্ষু অবস্থায় পথচারীরা জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজটি করেন মো. মুছা গাজী নামে একজন। তিনি জানান, জয়দেব ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তে ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়। এতে জয়দেব গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, ঘটনার পর স্থানীয়রা বাস দুটি আটকিয়ে রেখেছেন।
আরও পড়ুন: বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হবে
জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানালেন, জয়দেব এবং তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। আজ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলের দিকে তিনি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, মোবাইলে জানা যায়, রাস্তার দুর্ঘটনায় তার সহকর্মী জয়দেবের খোঁজ নেই। এরপর তিনি ঢাকা মেডিকেলে গিয়ে জয়দেবের মরদেহ দেখেন। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন