১২:৫১ এম
মানুষের মধ্যে কখনো দেখা যায় অতিরিক্ত উচ্ছ্বাস, আবার কখনো চরম বিষণ্ণতা। এই বিপরীতমুখী মানসিক পরিবর্তনশীলতা আমাদের চারপাশে বিদ্যমান। কিছু মানুষ হয়তো এটি লক্ষ্য করেছেন, আবার অনেকেই বুঝতে পারেন না। চিকিৎসকদের মতে, এই অবস্থাকে ‘বাইপোলার ডিসঅর্ডার’ বলা হয়। এটি ডায়াবেটিসের মতো একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বাইপোলার শব্দটির অর্থ হচ্ছে দুই মেরু। এর এক প্রান্তে রয়েছে অতিরিক্ত উচ্ছ্বাস বা ‘ম্যানিয়া এপিসোড’। এই অবস্থায় রোগী অনেক বেশি কথা বলেন এবং অত্যন্ত আনন্দিত থাকেন। অন্য প্রান্তে রয়েছে গভীর বিষণ্ণতা বা ‘ডিপ্রেশন এপিসোড’, যেখানে রোগী হতাশায় ভোগেন। এমনকি কিছু ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত তরুণ বয়সে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। জিনগত বা বংশগত কারণ, মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা এবং মানসিক রোগের ভুল চিকিৎসার ফলে এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে গবেষণায় অংশগ্রহণকারী প্রতি হাজারে চারজন মানুষ এই বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছেন।
আরও পড়ুন: চোখ ঘষে বিপদ ডাকছেন কি?
এ রোগের করণীয় সম্পর্কে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি কারো মধ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে দেরি না করে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিসের মতো নিয়মিত ওষুধ এবং পরিবারের সঠিক যত্নে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এছাড়া, যদি পরিবারের সদস্য বা পরিচিতদের মধ্যে এমন লক্ষণ দেখা যায়, তাহলে তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে কিংবা জোরাজুরি না করে, ধৈর্য ধরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলে সুস্থ থাকা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন