ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিউক বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা করল


সিউক বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা করল

সিলেটে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি উল্লেখ করেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ শুধুমাত্র উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করার উদ্দেশ্যে এই ম্যারাথনের আয়োজন করা হবে।

শুক্রবার সকালে সিলেট রানার্স ক্লাবের আয়োজিত ম্যারাথন শেষে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ২১ দশমিক ১ কিলোমিটারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কয়েস লোদী আরও বলেন, সিলেটে অনেকগুলো ক্লাব ও অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে এবং এসব উদ্যোগ প্রশংসনীয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষের উদ্যোগে একটি বড় ম্যারাথন আয়োজন করা হবে। এই আয়োজনে সংশ্লিষ্ট ক্লাব ও অ্যাসোসিয়েশনসহ সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সহযোগিতা এবং মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া অত্যন্ত ইতিবাচক। সমাজ পরিবর্তনের এই উদ্যোগে তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান। এ ধরনের সহযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: একদিনেই শান্ত হলো গোপালগঞ্জ

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে সিউক চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-ঢাকা রিটার্ন টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ধরনের সহযোগিতা ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। পরে শুক্রবার সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। এর মধ্যে ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। ভোরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: বরিশালে নিখোঁজ নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাস চার ঘণ্টা পর উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রনজিতের সভাকাণ্ডের ব্যানার হাতে দাঁড়ানো ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


রনজিতের সভাকাণ্ডের ব্যানার হাতে দাঁড়ানো ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায়

সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুককে। সিলেটের গোয়াইনঘাটে রনজিত চন্দ্র সরকারের সভায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বন্দে আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, ওমর ফারুক জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। জামালগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। গত ৮ নভেম্বর রাতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হয় ওই সভা।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে সভাটির একটি ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকারের পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক। এরপর থেকেই তাঁর নিয়ে আলোচনা শুরু হয়। এ ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা করে পুলিশ। রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে।

এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। এ মামলায়ও অভিযুক্ত আসামির তালিকায় ছিলেন ওমর ফারুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৮ আসনে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


ঢাকা-১৮ আসনে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির সময় বক্তব্য প্রদান করতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন উল্লেখ করেন, “জিয়া পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তারেক রহমান সুস্থ থাকলে বাংলাদেশ ভালো থাকবে।” তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় তারেক রহমান ঘোষণা করেছিলেন যে, সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করবেন। এই ঘোষণার ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে বিবেচনা করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

দোয়া মাহফিলের সময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের পাহাড়ে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন লুকিয়ে আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ এম


আফগানিস্তানের পাহাড়ে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন লুকিয়ে আছে

আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি, যা ২৮০ লাখ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তান দীর্ঘকাল ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিত। তবে, দেশটির যুদ্ধপরবর্তী অর্থনৈতিক দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বলে মনে করা হচ্ছে।

এই প্রাকৃতিক সম্পদের একটি বৃহৎ অংশ এখনও মাটির নিচে রয়েছে এবং উত্তোলনের কাজ শুরু হয়নি। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারগুলোর পরিমাণ এবং মূল্য সম্পর্কে বিভিন্ন ধারণা বিদ্যমান।

আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য বোঝার জন্য বলা যেতে পারে যে, দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে এবং সরকারের বার্ষিক সাধারণ বাজেট ও উন্নয়ন খাতে ধার্য বাজেট প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হয়, তাহলে প্রায় ৩০০ বছর দেশটিকে কোনো বৈদেশিক সাহায্যের প্রয়োজন হবে না।

কোথায় কী সম্পদ রয়েছে?

আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটি স্পষ্ট চিত্র এই প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। বোঝার চেষ্টা করা হয়েছে, কোন প্রদেশে কোন সম্পদ রয়েছে, তার পরিমাণ এবং সরকারের তরফে নির্ধারিত আনুষ্ঠানিক মূল্য কত।

আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে প্রথম বড় আকারের গবেষণা পরিচালনা করা হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে। অভিযানের সময় দেশটির বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয়।

শিলা এবং ভূগর্ভস্থ স্তরের মূল্যায়ন, আকাশপথে জরিপ এবং খনিজ সম্পদের ভাণ্ডার খোঁজার কাজ সম্পন্ন হয়েছিল। এই গবেষণামূলক নথিগুলোর মধ্যে কিছু নথি আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত আছে। কিছু নথি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। তবে, আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা ও খোঁজের কাজ অব্যাহত ছিল।

আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ ও তার ভাগ

উদাহরণস্বরূপ, ২০০৭ সালে আফগানিস্তানে এই বিষয়ে সমীক্ষা চালানো হয়। এরপর আফগানিস্তান জিওলজিকাল সার্ভে (আফগানিস্তানের ভূতাত্ত্বিক জরিপ) এবং ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ) ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

সমীক্ষার ভিত্তিতে আফগানিস্তানে সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদের ভাণ্ডার শনাক্ত করা হয়েছে। পাশাপাশি, আফগানিস্তানে তেল ও প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে। প্রতিবেদনটি তৈরির সময় আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নথি ও তথ্য পর্যালোচনা করা হয়েছে।

ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগের সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞ সংস্থার প্রতিবেদন, জরিপ ও পরিসংখ্যানও খতিয়ে দেখা হয়েছে।

যেসব ক্ষেত্রে ভিন্ন সংস্থার তথ্যে এবং অনুমানের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে, তার সূত্র এবং ভিত্তি খতিয়ে দেখা হয়েছে। এই পর্যবেক্ষণ আফগানিস্তানে মজুদ সম্পদ (প্রামাণ্য তথ্য রয়েছে) এবং সম্ভাব্য খনিজ সম্পদ সম্পর্কে অনুমানের পার্থক্যকে বুঝতে সাহায্য করেছে।

আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে-

১. ধাতু: সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, সীসা এবং অন্যান্য ধাতু।

২. মূল্যবান পাথর: লাপিস লাজুলি, পান্না, রুবি এবং অন্যান্য পাথর। লাপিস লাজুলি হলো গাঢ় নীল রঙের রূপান্তরিত শিলা, যা প্রাচীনকাল থেকেই রত্ন হিসাবে গুরুত্ব পেয়ে এসেছে।

৩. বিরল উপাদান: লিথিয়াম, ইউরেনিয়াম এবং অন্যান্য উপাদান।

৪. তেল, গ্যাস, কয়লা।

ধাতব খনিজ

এই বিভাগে সোনা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা এবং দস্তা-সহ অন্যান্য মৌলিক ধাতুর ভাণ্ডারের উপর পরীক্ষা চালানো হয়েছে। এর মূল্য এক ট্রিলিয়ন (এক লক্ষ কোটি) ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে।

আফগানিস্তানের বেশিরভাগ সোনার খনি বাদাখশান এবং তাখারের কিছু অঞ্চলে অবস্থিত। এছাড়াও, জাবুল এবং গজনীতে দুই হাজার সাতশো কেজি খাঁটি সোনা মজুদ রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।

একটি অনুমান বলছে, আফগানিস্তানে মোট সোনার মজুদ প্রায় ৬৮২ টন। দেশে কয়েকটি তামার খনি রয়েছে, যেখানে সোনাও মজুদ রয়েছে। সোনার বর্তমান বৈশ্বিক মূল্য অনুযায়ী আফগানিস্তানের এই রিজার্ভের মূল্য প্রায় ১০৭ বিলিয়ন ডলার বা (১০ হাজার ৭০০ কোটি)।

বর্তমানে মূলত আফগানিস্তানের বাদাখশান প্রদেশে অবস্থিত সোনার খনিতে খননের কাজ চলছে। কিছুদিন আগে তালেবান সরকারের জল ও জ্বালানি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা জানিয়েছেন, সরকার বাদাখশান খনি থেকে প্রতি মাসে কয়েক টন করে সোনা উত্তোলন করছে।

আফগানিস্তানের তাখার প্রদেশে ‘চা আব’ নামে একটি সোনার খনি রয়েছে। সেখানে ৩১ টন সোনার মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।

পাঁচ বছরের জন্য ‘চায়না আফগানিস্তান' এবং 'জারওয়ার আফগানিস্তান' নামে দুটি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। এই চুক্তির মূল্য ৩১ কোটি ডলার। খনি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খনি থেকে প্রাপ্ত সম্পদের রয়্যালটিতে সরকারের ৫৬% অংশ নির্ধারণ করা হয়েছে।

ইস্পাত বা লোহা

আফগানিস্তানে এই অঞ্চলের সবচেয়ে বড় লৌহ ভাণ্ডার মজুদ রয়েছে। এখানে মজুদ ধাতু প্রায় তিন বিলিয়ন টন বা ৩০০ কোটি টন।

তবে, এই পরিসংখ্যান চূড়ান্ত নয় এবং অনুসন্ধানের পর এর পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত আফগানিস্তানের বামিয়ান, পাঞ্জশির, পারওয়ান, হেরাত, কান্দাহার, বাদাখশান ও কাবুল প্রদেশে লৌহ ভাণ্ডারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গবেষকরা গোটা দেশে ৭২টি লৌহ আকরিকের খনি এবং খনিজ ভাণ্ডারের রেকর্ডও তৈরি করেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে রয়েছে বামিয়ানের হাজিগাক, পাঞ্জশিরের তাল ও নুকরা খানা, পারওয়ানের জাবাল আল-সিরাজ, হেরাতের পালাংসুর, কান্দাহারের হাজী আলম, বাদাখশানের সায়াজির এবং কাবুলের পাগমান এলাকার খনি।

গত কয়েক বছরে, তালেবান সরকারের খনি মন্ত্রণালয়ের তরফে হেরাত প্রদেশের ঘোরিয়ান এলাকার চারটি লৌহ আকরিকের ব্লক ইজারায় দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই খনিগুলোতে প্রায় ১.৮ বিলিয়ন বা ১৮০ কোটি টন লোহা রয়েছে। এই চুক্তিগুলোর মোট মূল্য ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলার।

বিশ্ববাজারে প্রতি টন লৌহ আকরিকের দাম প্রায় ১০০ ডলার। তাই আফগানিস্তানে মজুদ লৌহ আকরিকের আনুমানিক মূল্য ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারেরও বেশি।

তামা

আফগানিস্তানে এই অঞ্চলের সবচেয়ে বড় তামার ভাণ্ডার মজুদ রয়েছে। আগের হিসাব অনুযায়ী, ওই দেশে প্রায় তিন মিলিয়ন টন বা ৩০ লক্ষ টন তামা মজুদ রয়েছে বলে জানা গেছে। নতুন রিপোর্টে তামা মজুদের পরিমাণকে ছয় মিলিয়ন টন বা ৬০ লক্ষ টন হিসাবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব বাজারে এক টন তামার দাম ১০ হাজার থেকে ১২ হাজার ডলারের মধ্যে। সেই মূল্য অনুযায়ী, আফগানিস্তানের মজুদ তামার আনুমানিক মূল্য ৭২০ বিলিয়ন বা ৭২ হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে।

আফগানিস্তানের লোগার, হেরাত, জাবুল, গজনী, সরপুল এবং বাদগীশ প্রদেশে তামা মজুদ রয়েছে বলে জানা গেছে।

তামার এই খনিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোগার প্রদেশের মোহাম্মদ আঘা জেলায় অবস্থিত 'আয়নাক' খনি। আফগানিস্তানের বৃহত্তম তামার খনি এবং এশিয়ার অন্যতম বৃহৎ তামার আধার হিসেবে গণ্য করা হয় আয়নাককে।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে পরিচালিত জরিপ থেকে জানা যায় যে, এই খনিগুলোতে প্রায় ২৪ কোটি টন তামা মজুদ রয়েছে।

আফগানিস্তানের খনি মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই খনি থেকে ১.১৫ কোটি টন তামা উত্তোলন করা সম্ভব, যার মূল্য প্রায় ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।

এই খনি থেকে তামা উত্তোলনের জন্য চীনা কোম্পানি এমসিসি-র সঙ্গে ২০০৮ সালে ২.৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

তালেবান আবার ক্ষমতায় আসার পর, ২৪৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মেস আইনাক তামার খনি 'টেভার' নামে এক বেসরকারি কোম্পানির কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪১১ মিলিয়ন বা ৪.১১ কোটি ডলার বিনিয়োগ করার এবং সরকারকে ১২ শতাংশ রয়্যালটি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে 'টেভার' নামক ওই কোম্পানি।

অ্যালুমিনিয়াম

আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম মজুত রয়েছে জাবুল প্রদেশে। আনুমানিক ১১ মিলিয়ন ১.১ কোটি টন অ্যালুমিনিয়াম রয়েছে। লোহার পর বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ধাতু হলো অ্যালুমিনিয়াম। নির্মাণ, পরিবহন এবং প্রযুক্তির জন্য অ্যালুমিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের গড় দাম প্রতি টনে তিন থেকে চার হাজার ডলারের মধ্যে।

জাবুল, কান্দাহার ও বাঘলানে উত্তোলনযোগ্য অ্যালুমিনিয়াম মজুদের মোট মূল্য ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়।

আফগানিস্তানে সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদও উল্লেখযোগ্য পরিমাণে মজুদ রয়েছে। কান্দাহারে দেশের বৃহত্তম সীসা ও দস্তা মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৯০ হাজার টন বলে অনুমান করা হয়। কান্দাহারে টিন ও টাংস্টেনেরও মজুদ পাওয়া যায়। তালেবান সরকার বামিয়ান ও ঘোর প্রদেশে সীসা এবং দস্তার খনিও চুক্তিতে ইজারা দিয়েছে। ঘোর প্রদেশের খনির মূল্য ৫০.৭ কোটি ডলার বলে জানা গেছে।

এই খনিজ ভাণ্ডারের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি এবং এর জন্য আরও অনুসন্ধানের প্রয়োজন। দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানে পারদের মজুদ প্রায় ৩২ হাজার টন বলে অনুমান করা হয়।

দ্বিতীয় ভাগ-মূল্যবান পাথর

দীর্ঘদিন ধরে আফগানিস্তান মূল্যবান পাথরের জন্য বিশেষভাবে পরিচিত। এই তালিকায় রয়েছে- লাপিস লাজুলি, পান্না, রুবি এবং গার্নেট।

এই মূল্যবান পাথরের প্রধান খনিগুলো বাদাখশান, পাঞ্জশির, কুনার, নুরিস্তান এবং কাবুলে অবস্থিত।

বাদাখশানের লাপিস লাজুলি ও পাঞ্জশির পান্নার খ্যাতি আন্তর্জাতিক স্তরে রয়েছে। তবে আফগানিস্তানে মজুদ মূল্যবান পাথরের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এইসব পাথরের মূল্য কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মার্বেল পাথর

আফগানিস্তানে মার্বেলও মজুদ রয়েছে। ওই দেশের খনি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি টন মার্বেল রয়েছে বলে অনুমান করা হয়। চীনা বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান শুধুমাত্র চীনে মার্বেল রফতানি করে বার্ষিক ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার উপার্জন করতে পারে।

তৃতীয় ভাগ- বিরল উপাদান

আফগানিস্তানে রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা মৌলের ভাণ্ডারও রয়েছে। আফগানিস্তানে ১৪ লক্ষ টন রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌল মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।

এ ছাড়া হেলমন্দ প্রদেশের খানশিন অঞ্চলে ইউরেনিয়াম-সহ ৩৫ লক্ষ টন বিরল খনিজ রয়েছে। বিরল মৃত্তিকা মৌল শব্দটা ১৭টা রাসায়নিক উপাদানের জন্য ব্যবহৃত হয়। এই উপাদান সমূহ ব্যাপকভাবে আধুনিক প্রযুক্তি এবং শিল্পে ব্যবহৃত হয়।

স্মার্টফোন, কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য অনেক শিল্প পণ্য তৈরির জন্য এই উপাদান অপরিহার্য। আফগানিস্তানে লিথিয়াম, বারাইট, অ্যাসবেস্টস, সেলেস্টাইট, কাদামাটি এবং পটাশ প্রচুর পরিমাণে মজুদ রয়েছে।

এর মধ্যে লিথিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু অনুমান অনুযায়ী, আফগানিস্তানের লিথিয়াম মজুদের মূল্য এক ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

আফগানিস্তানের গজনী, ফারাহ ও দাইকুন্ডি প্রদেশে আনুষ্ঠানিকভাবে লিথিয়ামের মজুদ চিহ্নিত করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও লিথিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুমান করা হয় যে আফগানিস্তানের লিথিয়াম ভাণ্ডার বেল্ট হেরাত থেকে নুরিস্তান পর্যন্ত বিস্তৃত। দশকের পর দশক ধরে এখানে খননের কাজ চলছে। এটি আফগানিস্তানকে এই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল মজুদ সম্পন্ন দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

এই খনিজগুলো ছাড়াও আফগানিস্তান ট্যাল্কও রপ্তানি করে। ট্যাল্ক যা ট্যালকাম হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত কাদামাটির খনিজ, যা আর্দ্র ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত।

চতুর্থ ভাগ-তেল, গ্যাস ও কয়লা

আফগানিস্তানে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে। প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল তেল এবং ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ঘন মিটার প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে।

আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের মজুদ রয়েছে আমু দরিয়া এবং আফগান-তাজিক অববাহিকায়। এর বিস্তৃতি বালখ, জাওজান, ফারিয়াব, সরপুল এবং সামাঙ্গান প্রদেশের কিছু অঞ্চল পর্যন্ত।

এছাড়াও পশ্চিম ও দক্ষিণ আফগানিস্তানেও তেল ও গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে হেরাত-ত্রিপোলি অববাহিকা, হেলমান্দ অববাহিকা এবং কাতভাজ অববাহিকা।

এই প্রাকৃতিক সম্পদগুলো আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং দেশের অন্যতম প্রধান শক্তির উৎসও বটে।

আফগানিস্তানে এবার ক্ষমতায় আসার পর তালেবান সরকার ২০২৩ সালের জুলাই মাসে ঘোষণা করেছিল তারা দেশের দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১২০০ টন করেছে। এটি আফগানিস্তানের মোট তেলের চাহিদার প্রায় ১০ শতাংশ।

অনুমান করা হয় যে ওই দেশে প্রতিদিন আট হাজার থেকে দশ হাজার টন তেলের প্রয়োজন রয়েছে। আফগানিস্তানে প্রতি বছর প্রায় ২৭ মিলিয়ন টন বা ২৭০ লক্ষ টন তেলের প্রয়োজন। এর একটি বড় অংশ আমদানি করা হয়।

আফগানিস্তানের খনি বিষয়ক মন্ত্রণালয়ের তরফে ২০১৯ সালে প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের তেল ভাণ্ডার এবং কূপগুলোতে প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, ১.৬ ট্রিলিয়ন বা এক লক্ষ ৬০ হাজার কোটি ঘন ফুট প্রাকৃতিক গ্যাস এবং ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ব্যারেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে।

ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ মূল্যায়নের কথাও উল্লেখ করা হয়েছে। এই হিসাব অনুযায়ী, আফগানিস্তানে শুধুমাত্র অপরিশোধিত তেলের বর্তমান মূল্য প্রায় ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলার।

কয়লা

আফগানিস্তানে কয়লার মজুদ প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি টন বলে জানা গিয়েছে। এই কয়লার গুণমানও ভালো বলে মনে করা হয়। আফগানিস্তানের প্রধান কয়লা মজুদ বাদাখশান থেকে হেরাত পর্যন্ত বিস্তৃত। এটি তাখার, কুন্দুজ, বাগলান, সামাঙ্গান, বালখ, সরপুল, বামিয়ান, দাইকুন্ডি, জওজান এবং বাদগিশের মধ্য দিয়ে গেছে।

এখনো পর্যন্ত আফগানিস্তানে ১১৩টিরও বেশি কয়লা খনি এবং খনিজ ভাণ্ডারের মজুদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৮টি খনিতে ৮৪.৭ কোটি টনেরও বেশি কয়লা রয়েছে বলে অনুমান করা হয়।

কয়লা আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। দেশে কয়লা খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য খনি সামাগান, বামিয়ান, তাখার, বাগলান, হেরাত এবং সরপুলে রয়েছে।

তালেবান ক্ষমতায় ফিরে আসার প্রথম চার বছরে, আফগানিস্তান ১১০ কোটি ডলারেরও বেশি মূল্যের কয়লা রফতানি করেছে। দেশের আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে কয়লা রফতানি। ক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান, ইরান, তুরস্ক, ভারত ও চীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী, নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী, নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়

একটি সাদা শার্ট। একটি অনাড়ম্বর দৃশ্য। তবে এর ভেতরেই যেন প্রকাশ পায় ক্ষমতার এক ভিন্ন পাঠ। সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে রয়েছেন মেয়ে জাইমা রহমান।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে তারা হেঁটে ফিরছেন। সেখানে রাজকীয় বহরের কোনো দৃশ্যমান আয়োজন নেই। ক্ষমতার চেনা জাঁকজমকও অনুপস্থিত। বরং রয়েছে বাবা-মেয়ের পাশাপাশি পথচলা এবং প্রধানমন্ত্রীর গায়ে একটি সাদা শার্ট।

দৃশ্যটি সাধারণ মনে হলেও, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন অনাড়ম্বর মুহূর্ত বিরল। কারণ, এই দেশে ক্ষমতা প্রায়ই নিজেকে প্রকাশ করে দূরত্বে, আয়োজনে এবং দৃশ্যমান আড়ম্বরে। এখানে এই সাধারণ পথচলা অন্য একটি বার্তা দেয়। মনে করিয়ে দেয়, ক্ষমতার উচ্চতায় থেকেও মানুষের নাগালে থাকা যায়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায়ও ব্যক্তিগত সরলতা হারিয়ে যেতে হয় না।

সেদিন আমার চোখে তাই শুধু একজন প্রধানমন্ত্রী ধরা পড়েননি। বরং ধরা পড়েছিল একটি সাদা শার্ট, যেন অনাড়ম্বরতার এক নীরব প্রতীক।

আমি জানি না, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সাদা শার্ট পরেন কেন। এর পেছনে কোনো দর্শন আছে কিনা, তাও জানি না। পোশাক দিয়ে মানুষের চরিত্রের মাপ নেওয়া যায় না। তবে কিছু দৃশ্য ভাবনার জন্ম দেয়। আমাদের রাজনীতিতে ক্ষমতা মানেই যেখানে দূরত্ব, সেখানে অনাড়ম্বর উপস্থিতি আলাদা করে চোখে পড়ে।

ঢাকার যানজটে প্রধানমন্ত্রীকে নিজেই গাড়ি চালাতে দেখা গেছে। পাশে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। লালবাতিতে গাড়ি থেমেছে। পথচারীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে।

কারণ, আমাদের স্মৃতিতে প্রধানমন্ত্রীর যাত্রা মানেই রাস্তা ফাঁকা, দীর্ঘ গাড়িবহর, সাইরেন এবং অসংখ্য মানুষের অপেক্ষা।

এই চেনা দৃশ্যপটের বিপরীতে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একজন প্রধানমন্ত্রী অন্য রকম রাজনৈতিক বার্তা দেয়। রাস্তা কারও একার নয়। প্রধানমন্ত্রীরও নয়। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীও নাগরিকদের মতো একই শহরের বাসিন্দা। এই উপলব্ধি ছোট নয়।

রমনা ট্রাফিক বিভাগের একজন এডিসির সঙ্গে এক আলাপে বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল। তার কাছেই শুনেছি, প্রধানমন্ত্রীর চলাচল নিয়ে আগের মতো দীর্ঘ প্রস্তুতি কিংবা আগাম রাস্তা ফাঁকা করার প্রয়োজন অনেক ক্ষেত্রে হচ্ছে না। কাকরাইলের একটি ঘটনার কথাও বলেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর গাড়ি থেমেছিল। তাকে কাছে ডেকে কুশল বিনিময় করেছেন। কাজের খোঁজ নিয়েছেন। উৎসাহ দিয়েছেন। নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

এডিসি সাহেবের কাছে ঘটনাটি ছিল প্রায় অবিশ্বাস্য। তার কণ্ঠে সেই বিস্ময় তখনো ছিল। বলেছিলেন, ঘটনাটি তাকে দায়িত্ব পালনে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভাবুন, যার জন্য একসময় রাস্তা ফাঁকা রাখার কথা, সেই প্রধানমন্ত্রীই থামলেন রাস্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার জন্য। মানুষটির শ্রমকে স্বীকৃতি দিলেন। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কখনো কখনো এমন একটি সৌজন্যেই নতুন অর্থ পায়।

এখানে আমার মনে পড়ে জাক দেরিদার কেন্দ্রের ধারণা। ক্ষমতা সব সময় নিজেকে কেন্দ্র করে পৃথিবীকে সাজাতে চায়। অথচ গণতন্ত্রের সৌন্দর্য হলো, সেই কেন্দ্রকে নাগরিকের দিকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী যদি নিজের যাত্রাকে শহরের অন্য মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে না করেন, তবে সেটি কেবল ব্যক্তিগত বিনয় নয়; ক্ষমতার একটি ভিন্ন অনুশীলন।

একে বলা যায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাষ্ট্রকে নিজের চারপাশে ঘোরানোর বদলে নিজেকে রাষ্ট্রের মানুষের মধ্যে মিশিয়ে দেওয়া।

প্রশাসনিক আচরণেও এমন কিছু সংকেত দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে সচিবালয়ে উপস্থিতি, বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, অপ্রয়োজনে কক্ষের বাতি বন্ধ রাখা কিংবা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার নির্দেশ। শুনতে সামান্য। কিন্তু রাষ্ট্রের সংস্কৃতি গড়ে ওঠে এমন সামান্য অনুশীলনেই। জনগণের অর্থ ব্যবহারে সংযম, সময়ের মূল্য এবং প্রশাসনিক শৃঙ্খলা—এসব বিষয়ে নেতৃত্বের ব্যক্তিগত আচরণও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের খরচ নিয়েও আলোচনা হয়েছে। তার খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে—এমন বক্তব্য সংসদে আলোচনায় এসেছিল। সেই বক্তব্যের সূত্র ধরেই সংশ্লিষ্ট নেতাকে একদিন একসঙ্গে দুপুরের খাবারের আমন্ত্রণ জানানোর ঘটনাও সংবাদে এসেছে। খাবারের দাম দিয়ে মানুষের মহত্ত্ব মাপা যায় না। তবে ক্ষমতার সঙ্গে ভোগের সম্পর্কটি গুরুত্বপূর্ণ। পদ যত বড় হবে, ব্যক্তিগত বিলাসও তত বাড়তে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে।

প্রখ্যাত সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে এক আড্ডায় তারেক রহমানের প্রসঙ্গ উঠেছিল। তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম। প্রিন্স মাহমুদ বলেছিলেন, মানুষটি অত্যন্ত বিনয়ী। অল্প সময় কথা বললেই তার সৌজন্যবোধ বোঝা যায়। তার পোষা বিড়াল জেবুর প্রতি মমতার কথাও সংবাদমাধ্যমে এসেছে। এসব কোনো রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি নয়। তবে মানুষের সংবেদনশীলতার কিছু অনুষঙ্গ নিশ্চয়ই।

তবে আমার কাছে ব্যক্তিগত সরলতা কিংবা সৌজন্যের চেয়েও বড় যে বিষয় সেটি হচ্ছে প্রতিহিংসা ও ন্যায়বিচারের প্রশ্ন। তারেক রহমান নিজেই নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতার কথা বলেছেন। তার রাজনৈতিক জীবনের ক্ষতও কম নয়। অথচ বিভিন্ন সময়ে ব্যক্তিগত প্রতিশোধের অসারতা নিয়ে কথা বলেছেন। হারানো সময় প্রতিশোধে ফিরে আসে না। ক্ষতিও পূরণ হয় না। ২০২৪ সালের ৫ আগস্টের পরও তার আহ্বান ছিল প্রতিহিংসা পরিহার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া।

রাজনীতিতে এই অবস্থানের তাৎপর্য আছে। ক্ষমতার পালাবদলের পর প্রতিশোধ প্রায়ই ন্যায়বিচারের ভাষা ধার করে। অথচ প্রতিশোধ আর বিচার এক নয়। প্রতিশোধ ব্যক্তিগত আক্রোশের সম্প্রসারণ। বিচার রাষ্ট্রের দায়িত্ব। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত হবে। প্রমাণের ভিত্তিতে বিচার হবে। অপরাধী যে-ই হোক, আইনের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত প্রতিহিংসা পরিহারের অর্থ অপরাধের দায় মুছে দেওয়া নয়। বরং ন্যায়বিচারকে প্রতিহিংসার হাত থেকে রক্ষা করা। ক্ষমতার আসল পরীক্ষা প্রতিপক্ষকে কতটা পরাস্ত করা গেল, তা নয়; প্রতিপক্ষের প্রতি নিজের ক্ষমতা কতটা সংযত রাখা গেল, সেটিও।

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও কিছু ইতিবাচক সংকেত আছে। ২০২৪ সালের ১১ আগস্ট কার্টুনিস্ট মেহেদী হকের একটি কার্টুন নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাজনৈতিক কার্টুনের স্বাধীনতা ফিরে আসার কথা বলেছিলেন তারেক রহমান। ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসেও সাংবাদিকের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান জানান।

গণতন্ত্রে ক্ষমতাবানের একটি বড় যোগ্যতা হলো নিজের বিরুদ্ধে বলা কথাও সহ্য করতে পারা। তবে একটি কার্টুন শেয়ার করলেই গণমাধ্যম স্বাধীন হয় না। তার জন্য প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান, সাংবাদিকের নিরাপত্তা, কার্যকর আইন এবং রাষ্ট্রের সমালোচনা করার বাস্তব সুযোগ।

এই লেখাটি কোনো আনুগত্যের দলিল নয়। তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। কখনো দেখা হয়নি। কিছু ঘটনা দেখেছি। কিছু কথা শুনেছি। কিছু বক্তব্য পড়েছি। সেগুলো আমাকে ভাবিয়েছে। সেই ভাবনা থেকেই এই লেখা। মুগ্ধতা থাকতে পারে। মতভেদও থাকবে। সমালোচনা হবে। প্রশ্ন উঠবে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক ব্যাকরণ।

একজন প্রধানমন্ত্রী সাদা শার্ট পরেন, নিজে গাড়ি চালান, সিগন্যালে দাঁড়ান, মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন—এসব অবশ্যই ইতিবাচক। কিন্তু ব্যক্তিগত সরলতা রাষ্ট্র পরিচালনার সাফল্যের বিকল্প নয়। বিনয় দুর্নীতি দূর করে না। ভালো ব্যবহার অর্থনীতির সংকট সমাধান করে না। অনাড়ম্বর জীবনযাপন দিয়ে বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত হয় না। শেষ পর্যন্ত তাকে মাপতে হবে অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, মানবাধিকার এবং সুশাসনের মানদণ্ডে।

তবু আচরণের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ক্ষমতাবানের আচরণ অনেক সময় প্রশাসনের ভাষা হয়ে ওঠে। তার সংযম অন্যদের সংযত করতে পারে। তার অসহিষ্ণুতা ছড়িয়ে পড়তে পারে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে। রাষ্ট্রের একটি মন আছে। সেই মন গড়ে ওঠে ক্ষমতাবানের প্রতিদিনের ব্যবহারে।

নাগরিকের সঙ্গে দূরত্বে। ভিন্নমত গ্রহণের ক্ষমতায়। ভুল স্বীকারের সাহসে। লালনের সেই পঙ্‌ক্তি মনে পড়ে—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’ রাজনীতিরও শেষ গন্তব্য মানুষ। রাষ্ট্রের সব ক্ষমতা, প্রতিষ্ঠান ও আয়োজন মানুষের মর্যাদা রক্ষার জন্যই।

সাদা শার্ট তাই আমার কাছে কোনো রাজনৈতিক প্রতীক নয়। এটি একটি দৃশ্যের স্মৃতি। একটি ভাবনার সূত্র। এই শুভ্রতার দাবি তার কাজে প্রতিফলিত হোক। শাসনে। ন্যায়বিচারে। নাগরিকের সঙ্গে সম্পর্কে। সমালোচনা সহ্য করার ক্ষমতায়। একজন প্রধানমন্ত্রী কত বড়, তা মাপব না তার সামনে কতজন মাথা নোয়ালেন, তা দিয়ে। দেখব, তিনি নিজে কোথায় মাথা নোয়াতে জানেন—মানুষের মর্যাদার সামনে, আইনের সামনে, গণতন্ত্রের সামনে।

আজ ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা।

মাহমুদ দিদার

ফিল্ম মেকার , ভিজুয়াল স্ট্রাটেজিস্ট , রাজনীতি পর্যবেক্ষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%