১২:৫১ এম
মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রদর্শিত হয়েছে তাদের তৈরি হস্তশিল্প, সেলাই ও পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক পণ্য, প্রাণিসম্পদ পালন এবং ক্ষুদ্র ব্যবসা। ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বেসরকারি সংস্থা অগ্রগতির উদ্যোগে, বৃহস্পতিবার সাতক্ষীরার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা আজ শুক্রবার শেষ হয়েছে।
মেলা বিসিক সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ। উইনরক ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-১৮ আসনে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ
আয়োজকরা জানিয়েছেন, মানবপাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসনে অর্থনৈতিক স্বাবলম্বিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহায়তা ও পুঁজি পেয়ে অনেকেই ইতোমধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তাদের যাত্রা শুরু করেছেন। তাদের হাতে তৈরি পণ্যের তালিকায় রয়েছে হস্তশিল্প, সেলাই ও পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক পণ্য, প্রাণিসম্পদ পালন এবং ক্ষুদ্র ব্যবসা।
তবে, এসব ক্ষুদ্র পরিসরের উদ্যোগের জন্য বড় চ্যালেঞ্জ হলো বাজারের সীমাবদ্ধতা। বৃহত্তর বাজারে প্রবেশ, ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ, আর্থিক সেবায় সহজ প্রবেশাধিকার এবং ব্যবসা সম্প্রসারণের কারিগরি জ্ঞানের অভাব তাদের অগ্রযাত্রাকে ধীর করে রেখেছে। মেলায় খুলনা ও সাতক্ষীরার ভুক্তভোগী নারী-পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক ও বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশ নিয়ে পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।
উদ্বোধনের পর প্রথম দিন বিকেলে দুটি মতবিনিময় ও শেখার অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে বেসরকারি খাত ও সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের নেটওয়ার্কিং বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় এবং দ্বিতীয় অধিবেশনে অভিজ্ঞতা বিনিময় ও সফলতার গল্প তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এ মেলা শুধুমাত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পাচারের শিকার ব্যক্তিদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয়দের সমন্বয় এই পুনর্বাসন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন