১২:৫৩ এম
ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর বিক্ষোভ শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদে প্রায় ৪০০ নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের দাবি, পুরুষ শিক্ষকদের শ্রেণিকক্ষে আবার পাঠদান করার সুযোগ দিতে হবে।
অধিকারকর্মীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নারীদের প্রতি বৈষম্যমূলক এবং লিঙ্গভিত্তিক বিভাজনের পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মধ্যে কেউ কেউ এই পদক্ষেপকে আফগানিস্তানের তালেবান শাসনামলের সময়ের নারী-পুরুষ পৃথকীকরণ নীতির সঙ্গে তুলনা করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হলো, নারী ও পুরুষের ‘মেলামেশা রোধ’ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে, নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এমন অনুরোধ করা হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানের পাহাড়ে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন লুকিয়ে আছে
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক থাকার বিষয়টি তাদের পরিবার জানতেন। ভর্তি হওয়ার সময়ও বিষয়টি গোপন ছিল না। বরং তাদের পরিবার শিক্ষার্থীদের প্রতিবাদে সমর্থন জানিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নারী শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে লিঙ্গের পরিবর্তে যোগ্যতা এবং শিক্ষাদানের মানকে গুরুত্ব দেওয়া উচিত।
অন্যদিকে, অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এ ধরনের সিদ্ধান্ত উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এবং সমান সুযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ ইরাকে নারী-পুরুষের সমান অধিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে।
আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন