ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে


আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

জেলাগুলো হলো-কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই বিজিবি সদস্যরা আজ সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই অবস্থায় থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নাশকতা ঠেকাতে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

জেলাগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর এবং গাজীপুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদত্ত হয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কা করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে বাহিনীর অপরাধ বিভাগের ৮ হাজার, ডিবি ও সিটিটিসির আড়াই হাজার, ট্রাফিক পুলিশ সাড়ে ৪ হাজার এবং অতিরিক্ত অপারেশন্স বিভাগ থেকে ৫ হাজার সদস্য।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এ পুলিশ সদস্যরা রাজধানীর দুই শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড। গোয়েন্দা নজরদারিতে থাকবে এসবি ও আইএডি। স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম। পুরো ঢাকা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে ৪টি কন্ট্রোল রুম থেকে। কোনো ধরনের শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে ডিএমপি।

পুলিশের পাশাপাশি রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১৫ প্ল্যাটুন বিজিবি, কাজ করবে র‌্যাবের বিশেষ টিম। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

 

রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত নর্থ ভিউ আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে একটি কিশোরীর মৃত্যু ঘটেছে। সোমবার (২২ জুন) বিকেল সন্ধ্যা পৌনে ৬টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত কিশোরীর নাম নুজসাত, সে রংপুরের খলিফাপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। এ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, "আমরা ওই হোটেলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি।"

ফুটেজে দেখা যায় যে, ওই কিশোরী বিকেল ৪টা ৪৫ মিনিটে একাই হোটেলের ছাদে ওঠে। কিছুক্ষণ মোবাইল ফোন দেখার পর সে রেলিংয়ে উঠে যায়। এর পর আহালাদী সে নিচে পড়ে যায়।

সনাতন চক্রবর্তী আরও বলেন, "এটা আত্মহত্যা নাকি প্ররোচনা সেটির তদন্ত চলছে।"

এদিকে একটি অভিজাত আবাসিক হোটেলের ছাদ খোলা থাকার বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাটি জানার পর স্থানীয় জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে থাকা আব্দুর রহমান মন্তব্য করেছেন, "এত বড় একটি হোটেল, অথচ যে কেউ ছাদে যাবে, তা কীভাবে হতে পারে?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন বার্তা ইরানের জব্দ করা সম্পদ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন বার্তা ইরানের জব্দ করা সম্পদ নিয়ে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ওয়াশিংটনের মাধ্যমে মুক্ত করা হলে ইরানের জব্দকৃত তহবিল ব্যবহার করে দেশটির উচিত মার্কিন কৃষিপণ্য কেনা। তথ্যমতে, এই পদক্ষেপ একদিকে ইরানের জনগণের খাদ্য চাহিদা পূরণ করবে, অন্যদিকে মার্কিন কৃষকেরাও লাভবান হবেন।

সোমবার (২২ জুন) দেয়া এক বক্তব্যে ভ্যান্স জানান, এ ধারণাটি এসেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের কাছ থেকে। তিনি এটিকে ‘খুব ভালো এবং ট্রাম্প-ধাঁচের একটি চুক্তি’ বলে উল্লেখ করেন।

তবে ইরান এখনো এ ধরনের শর্ত মেনে নিতে আগ্রহী কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে ইরানের সঙ্গে অনুষ্ঠিত সবশেষ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ফেরার আগে ভ্যান্স বলেন, এটি একটি খুবই আকর্ষণীয় সমাধান। যদি কখনো ইরানের সম্পদ মুক্ত করা হয়, তাহলে সেই অর্থ ইরানি জনগণের খাদ্য নিশ্চিত করতে এবং মার্কিন কৃষকদের সমৃদ্ধ করতে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, সম্পদ (ইরানের) মুক্ত করার প্রক্রিয়ায় আমাদের অনুমোদন আছে। কাতারও সেই প্রক্রিয়ায় অনুমোদন দেবে। এরপর সেই অর্থ ব্যবহার করা হবে মার্কিন সয়াবিন, ভুট্টা ও গম কেনার জন্য, যা ইরানি জনগণের উপকারে আসবে।

প্রতিবেদন অনুসারে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ রয়েছে। এসব সম্পদের বড় অংশই তেল বিক্রির আয়, যা ইরানের পারমাণবিক কর্মসূচি ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে আটকে রাখা হয়েছে।

গত সপ্তাহে ‘সব ফ্রন্টে’ সংঘাত বন্ধে হওয়া একটি সমঝোতার পর যুক্তরাষ্ট্র ও ইরানের সামনে হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য ৬০ দিনের সময়সীমা রয়েছে। ১৪ দফা সমঝোতা স্মারক অনুযায়ী, চূড়ান্ত চুক্তি কার্যকর হলে জব্দ ইরানি সম্পদ ব্যবহারের সুযোগ দেয়া হবে।

বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। কৃষি উৎপাদনে ব্যবহৃত সার তৈরির জন্যও এসব জ্বালানি অপরিহার্য। প্রণালীটি বন্ধ হওয়ার আশঙ্কা মার্কিন কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষি খাতে আয় কমে যাওয়া এবং দেউলিয়া হওয়ার হার বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা এবং বেইজিংয়ের কঠোর আমদানি নীতির কারণে মার্কিন কৃষিখাত আরও চাপে পড়েছে। একসময় যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। কিন্তু শুল্কযুদ্ধের পর দেশটি ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে বেশি আমদানি শুরু করায় মার্কিন কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। এর ফলে অনেক কৃষককে লোকসানে ফসল বিক্রি করতে হয়েছে অথবা অতিরিক্ত খরচে সংরক্ষণ করতে হয়েছে।

যদিও সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দু’বার বৈঠক হয়েছে এবং হোয়াইট হাউস জানিয়েছে, চীন আগামী কৃষি মৌসুমে ২ কোটি ৫০ লাখ টন মার্কিন সয়াবিন কেনার বিষয়ে সম্মত হয়েছে। তবে মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বুকিং হয়েছে মাত্র ১ কোটি ৫০ লাখ টন। এছাড়া কৃষি বিভাগের এক প্রতিবেদনে ১ কোটি ৩৭ লাখ বুশেল সয়াবিন ‘অজ্ঞাত গন্তব্যে’ বিক্রির তথ্যও উল্লেখ করা হয়েছে। এর কিছু অংশ চীনের জন্য হতে পারে, তবে তা নিশ্চিত নয়।

এদিকে সারের দাম বেড়ে যাওয়ায় মার্কিন কৃষকরা এ বছর বেশি সয়াবিন এবং কম ভুট্টা চাষের পরিকল্পনা করছেন বলে সরকারি তথ্য ইঙ্গিত দিচ্ছে। চীনের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র বর্তমানে নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে নতুন বাজার খুঁজছে।

এই প্রেক্ষাপটে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ সপ্তাহে ভারত সফর করছেন সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। তবে ভারতে কৃষি একটি সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হওয়ায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএইউএস-এর ২০তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বিএইউএস-এর ২০তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস)-এর ২০তম সায়েন্টিফিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ আয়োজনটি ২০ জুন প্রি-কনফারেন্স ওয়ার্কশপের মাধ্যমে শুরু হওয়ার পর মূল বৈজ্ঞানিক অধিবেশন ২১ ও ২২ জুন রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের খ্যাতনামা ইউরোলজিস্টদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তাইওয়ান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১৯ জন বিদেশী বিশেষজ্ঞ ইউরোলজিস্ট উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের পাশাপাশি ৮৩০ জন বাংলাদেশি এই আন্তর্জাতিক সম্মেলনে রেজিস্ট্রেশন করেন। সম্মেলনে ইউরোলজি চিকিৎসার আধুনিক পদ্ধতি, নতুন গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় নিয়ে একাধিক বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের গবেষণাধর্মী প্রেজেন্টেশন। তিনি “Total Tubeless Mini-PCNL” শীর্ষক উপস্থাপনায় কিডনির জটিল পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এই পদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা তুলে ধরেন।

প্রেজেন্টেশনে জানানো হয়, “Total Tubeless Mini-PCNL” এমন একটি আধুনিক সার্জিক্যাল পদ্ধতি, যার মাধ্যমে কোনো ধরনের নেফ্রোস্টমি টিউব বা অতিরিক্ত ড্রেনেজ টিউব ব্যবহার ছাড়াই জটিল কিডনির পাথর অপসারণ করা সম্ভব। এর ফলে রোগীর অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা ও শারীরিক অস্বস্তি কম হয়, হাসপাতালে থাকার সময় হ্রাস পায় এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়।

গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম দুইটি সায়েন্টিফিক প্রেজেন্টেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, বিশ্বব্যাপী সমাদৃত এ প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং রোগীদের জন্য আরও আধুনিক ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

বাউস-এর আহবায়ক অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডাঃ এম এ সালাম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডাঃ নাসিরুদ্দিন কাজলসহ বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটের দেশবরেণ্য স্বনামধন্য চিকিৎসকরা সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক সম্মেলন দেশের ইউরোলজি চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে রোগীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতেও এসব আয়োজন কার্যকর অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে ছাত্রদলের বিক্ষোভ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সাভারে ছাত্রদলের বিক্ষোভ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে

 

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরাতার বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ জুড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরাতার বিরুদ্ধে প্রতিরোধসহ ফ্যাসিবাদের বিচারের দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সাভারে। সোমবার বিকেলে সাভারের পাকিজা মোড়ে শহীদ ইয়ামিন চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এছাড়া সাভার থানা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রতিরোধ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদল দীর্ঘকাল ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে এবং আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে।

সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এমতবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদল সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেয়া হবে না।’

সমাবেশ থেকে বক্তারা জানান, ‘মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এজন্য ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে।’

সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের শ্লেগান দেন নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোন ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছেন বলে জানান ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এ সময়ে তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন সাভার ও আশুলিয়ায় নাশকতা বা মিছিল করতে না পারে, এ জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছেন যাতে তাদেরকে প্রতিহত করা যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%