ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে গ্রেপ্তার যুবলীগ নেতা জেমস


নাটোরে গ্রেপ্তার যুবলীগ নেতা জেমস

 

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি ও নাটোর জেলা যুবলীগ নেতা রাকিবুল হাসান জেমসকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে জেলা ডিবি ও নাটোর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাকিবুল হাসান জেমস পলাতক ছিলেন। তার বাবার দুটি কিডনি ড্যামেজ এবং হার্টের আর্টারিতে বেশ কয়েকটি ব্লকেজ ধরা পড়ে। এই কারণে তিনি বাবাকে দেখতে বাড়িতে এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, রাকিবুল হাসান জেমসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৩৪ এম


একযোগে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন মোদি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একসঙ্গে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নামে তিনটি যুদ্ধজাহাজকে শনিবার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মোদি জানিয়েছেন, ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এই তিন যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলকাতার গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত এই তিনটি যুদ্ধজাহাজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন মোদি। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে আইএনএস দুনাগিরি ও আইএনএস অগ্রয় উদ্বোধনের পর নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। আন্দামানের উদ্দেশে রওনা হতে যাচ্ছে আইএনএস দুনাগিরি এবং আইএনএস অগ্রয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌবাহিনীতে যুক্ত হলো আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয়। নৌবাহিনী শক্তিশালী না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর ও সুরক্ষিত। বাংলা থেকেই আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।"

তিনি মন্তব্য করেছেন, "মিসাইল বহনে সক্ষম আইএনএস দুনাগিরিসহ তিনটি যুদ্ধজাহাজই দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারত শুধু ভোক্তা নয়, নির্মাতা হতে চায়। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিনই নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। তিনটি জাহাজের নকশাও ভারতের নিজস্ব। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস, আর আজই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজেরও সূচনা হলো।"

আইএনএস সংশোধকে হালকা ওজনের টর্পেডো ও রকেট লঞ্চার রয়েছে। এটি ভারতের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ। উপকূলীয় ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক খাতে তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে জাহাজটি তৈরি করা হয়েছে।

তিনটি জাহাজের মধ্যে আইএনএস দুনাগিরি প্রজেক্ট-১৭এ স্টেলথ ফ্রিগেট শ্রেণির একটি যুদ্ধজাহাজ। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে হামলা চালাতে পারে।

আইএনএস অগ্রয় সমুদ্রের উপকূলীয় অঞ্চল ও গভীর পানিতে জরিপ পরিচালনা করতে সক্ষম। এতে অত্যাধুনিক সার্ভে সিস্টেম রয়েছে। এটি আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রু সাবমেরিন মোকাবিলায় এটি অত্যন্ত কার্যকর। সমুদ্রের নিচ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার জন্য এতে টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার রয়েছে।

এর আগে গত শুক্রবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, তিনটি জাহাজই সমুদ্রযুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি-সাবমেরিন অভিযানে সক্ষম। এগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। জাহাজগুলোর নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। আর নির্মাণকাজ সম্পন্ন করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)।

ভারতীয় নৌবাহিনীর তথ্যমতে, উদ্বোধনের পর তিনটি জাহাজই সমুদ্রে একযোগে বিভিন্ন দায়িত্ব পালন করবে। দেশের সমুদ্রসীমা সুরক্ষায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে গুরুত্ব দিয়েই জাহাজগুলো নির্মাণ করা হয়েছে। ব্যবহৃত উপকরণের ৭৫ শতাংশেরও বেশি দেশীয়। জাহাজ নির্মাণে ২০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয় দেখিয়ে একাধিক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়ন শিক্ষকের, অতঃপর অভিযোগে স্থানীয়রা প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালকে আটক করে পুলিশে দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৪৯ এম


ভয় দেখিয়ে একাধিক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়ন শিক্ষকের, অতঃপর অভিযোগে স্থানীয়রা প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালকে আটক করে পুলিশে দিয়েছেন

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয়রা প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালকে আটক করে পুলিশে দিয়েছেন।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দারুল আরকান ইবতেদায়ী মাদরাসায় স্থানীয়রা ইমরানকে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে তাকে পালং মডেল থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, অভিযুক্ত ইমরান ছৈয়াল দারুল আরকান ইবতেদায়ী মাদরাসার অফিস সহকারীর পাশাপাশি শিশুদের কুরআন ও বাংলা পড়াতেন।

সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন এবং পরে ভয়ভীতি দেখান। সম্প্রতি আরেক শিশুকে যৌন নিপীড়ন করার পর সেই শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। তবে প্রথম দিকে পরিবারের সদস্যরা শিশুটির কথায় গুরুত্ব দেননি। ১৮ জুন ফিরে শিশুটি আরও একবার ইমরানের শিকার হলে মাদরাসা শেষে বিষয়টি পরিবারের কাছে তুলে ধরে। তাদের মাদরাসায় গিয়ে অভিযুক্তকে না পেয়ে উক্ত ঘটনার কিছুদিন পর স্থানীয়দের সঙ্গে মিলে পুনরায় গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন এবং ইমরানকে আটক করা হয়। এরপর পুলিশ আসে এবং তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, "কয়েকদিন ধরে আমার মেয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বৃহস্পতিবার আবারও মেয়ে এসে বলল শিক্ষক ইমরান তার শরীরে হাত দিয়েছেন। পরে আমরা মাদরাসায় গিয়ে তাকে খুঁজে পাইনি। আজ এলাকায় লোকজনের সহায়তায় তাকে ধরেছি এবং শুনেছি আমার মেয়ে ছাড়াও আরও অনেক শিশুর সঙ্গে ইমরান এমন কাজ করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।"

স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন জানান, "অনেক বাচ্চা তাদের মায়েদের বিষয়টি বলেছিল, কিন্তু লোকলজ্জার কারণে কিছু বলেনি। আজ একজন অভিভাবক প্রতিবাদ করায় সবাই এসে ঘটনাটি জানাল। আলেমরা সমাজের দর্পণ, তারা যদি এমন কাজ করে, তাহলে আমরা কোথায় যাব? আমরা এই অপরাধীর জন্য সর্বোচ্চ সাজা দাবি করছি।"

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, "স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছিল। খবর পাওয়ার পর ধানুকা এলাকা থেকে তাকে উদ্ধার করেছি। আমি ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উরুগুয়ের বিপক্ষে দারুণভাবে ম্যাচে ফিরল কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫০ এম


উরুগুয়ের বিপক্ষে দারুণভাবে ম্যাচে ফিরল কেপ ভার্দে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এইচ’ গ্রুপে মায়ামি স্টেডিয়ামে জমে উঠেছে লড়াই উরুগুয়ে ও কেপ ভার্ডের।

এই রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্ড প্রথমে পিছিয়ে পড়ে, কিন্তু দারুণভাবে প্রত্যাবর্তন করে ৬১ মিনিটে ২–২ ব্যবধানে সমতায় ফিরেছে আফ্রিকার দেশটি, যা বিশ্বকাপে তাদের অভিষেক।

ম্যাচের ২১ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি–কিকে কেপ ভার্দেকে এগিয়ে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা। এটি কেপ ভার্ডের জন্য বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল। একইসঙ্গে বিশ্বকাপে তাদের এই ফ্রি–কিকের মাধ্যমে গোল খাওয়ার ঘটনা উরুগুয়ের প্রথম। অতীতে বড় কোনো টুর্নামেন্টে তাদের সর্বশেষ গোল খাওয়ার ঘটনা ছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি ফ্রি–কিক থেকে।

প্রথমার্ধের শেষের দিকে উরুগুয়ে ম্যাচে ফেরে। ৪৪ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল পায়ের হালকা টোকায় জালে পাঠিয়ে উরুগুয়েকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন আগুস্তিন কানোবিও।

কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও চমক দেখায় কেপ ভার্ডে। উরুগুরের একজন খেলোয়াড়ের ভুলে বল পেয়ে ৬১ মিনিটে দুর্দান্ত ফিনিশে গোল করেন হেলিও ভারেলা। তাঁর গোলে ম্যাচে ২–২ সমতা ফিরে আসে।

এই ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই ড্র করে এবং ১ পয়েন্ট করে পায়। ফলে শেষ পর্যন্ত এই ম্যাচের ফল উভয় দলের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

স্কোরলাইন

উরুগুয়ে ২–২ কেপ ভার্ডে

২১' কেভিন পিনা (কেপ ভার্দে)

৪৪' মাক্সিমিলিয়ানো আরাউহো (উরুগুয়ে)

৪৫+৬' আগুস্তিন কানোবিও (উরুগুয়ে)

৬১' হেলিও ভারেলা (কেপ ভার্দে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হতে চলেছেন সামান্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫৩ এম


মা হতে চলেছেন সামান্থা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি তবে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমনটাই জোরালো গুঞ্জন শুরু হয়েছে। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'মা ইন্তি বাঙ্গারাম'-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সামান্থার মা হতে যাওয়ার জল্পনা তুঙ্গে। তবে এই বিষয়ে সামান্থা কিংবা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মূলত 'মা ইন্তি বাঙ্গারাম' ছবির সাফল্য উদযাপনের একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই এই আলোচনার সূত্রপাত হয়েছে। ভিডিওটিতে সামান্থাকে একটি সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্স পরিহিত অবস্থায় তার স্বামী, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর পাশে দেখা যায়। বেশ কয়েকজন নেটিজেন দাবি করেছেন, ভিডিওটিতে সামান্থার 'বেবি বাম্প' স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তাতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি?

যদিও এই বিষয়ে সামান্থা বা রাজের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুসারে, তাদের এক ঘনিষ্ঠ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, 'হ্যাঁ, খবরটি সত্যি। তারা দুজনেই জীবনের এই নতুন শুরুর জন্য অত্যন্ত আনন্দিত এবং খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে সবাইকে এটি জানাবেন।'

এই গুঞ্জনের মাঝেই সামান্থার মাতৃত্ব নিয়ে করা আগের কিছু মন্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এর আগে টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করার সময় নিজের ব্যক্তিগত জীবনেও মা হওয়ার ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছিলেন।

সামান্থা জানিয়েছিলেন, মা হওয়ার আকাঙ্ক্ষা তার বহু বছরের। বয়স কখনো মা হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না উল্লেখ করে তিনি বলেছিলেন, 'আমার মনে হয় না খুব বেশি দেরি হয়ে গেছে। মা হওয়ার স্বপ্ন আমার এখনো আছে এবং অবশ্যই আমি মা হতে পছন্দ করব। আমি সবসময়ই মা হতে চেয়েছি; এটি অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা। আমি এই সুন্দর সময়টার অপেক্ষায় আছি। মানুষ প্রায়শই বয়স নিয়ে চিন্তা করেন, কিন্তু আমার বিশ্বাস, জীবনে এমন কোনো নির্দিষ্ট সময় নেই যখন আপনি মা হতে পারবেন না।'

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের ১লা ডিসেম্বর পরিচালক জুটি রাজ ও ডিকে-র অন্যতম পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা রুথ প্রভু। পরবর্তীতে সামান্থা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সব জল্পনার অবসান ঘটান। রাজের সঙ্গে বিয়ের আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন সামান্থা। ২০১৭ সালে ভারতের গোয়াতে হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের প্রায় চার বছর পর, ২০২১ সালের অক্টোবরে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%