ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনভর ২২ জন অনশনে, রাতে ২০ জনকে নিয়োগপত্র প্রদান


দিনভর ২২ জন অনশনে, রাতে ২০ জনকে নিয়োগপত্র প্রদান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে দিনভর অনশনের পর ২০ জন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর তাদের নিয়োগপত্র প্রদান করা হয়। তবে অনশনে থাকা দুজন এখনও নিয়োগপত্র পাননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলে ময়মনসিংহ জেলায় ২৫৯ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। অন্য ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ২২ জনের নিয়োগ স্থগিত ছিল। তারা গতকাল দিনভর ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর দিবাগত রাত ১২টার পর নিয়োগপত্র জারি করা হয়। বাকি দুজনের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। কেন তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে।

আরও পড়ুন: ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

ফুলপুর উপজেলার মহদীপুর গ্রামের কাজী অনিক ২০ জনের একজন। সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়ার সময় তিনি গণপূর্ত অধিদপ্তরে নকশাকার পদেও নিয়োগ পেয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেবেন—এই আশায় সেখানে যোগ দেননি। পরে প্রাথমিকের নিয়োগ না হওয়ায় গতকাল অনশনে বসেন। তিনি বলেন, ‘আমরা অনশন করায় রাত একটার পর ওয়েবসাইটে নিয়োগপত্র জারি করা হয়। আমরা ২২ জন বঞ্চিত থাকলেও ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। দুজন বাদ পড়েছে। আজ যোগদান করব। অবশেষে নিয়োগ পাওয়ায় ভালো লাগছে।’

নিয়োগপত্র না পাওয়া দুজনের একজন গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের জাহিদ হাসান। তিনি বলেন, ‘২০ জন নিয়োগপত্র পেলেও আমি কেন পাইনি, জানি না। আমি কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা ছিলাম না, কোনো ফৌজদারি মামলাও নেই। গতকাল দিনভর শিক্ষা অফিসে জানার চেষ্টা করেছিলাম কী কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু কিছুই জানায়নি।’

অন্যজন ধোবাউড়া সদরের মাশরুর হাসান। উপজেলা মেধাতালিকায় তিনি ২২তম হয়েছিলেন। মাশরুর জানান, তার উপজেলায় তিনিই একমাত্র নিয়োগবঞ্চিত হয়েছেন। কেন তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি, তা তিনি জানেন না।

প্রসঙ্গত, ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ২২ জন প্রার্থী আমরণ অনশনে বসেন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ২২ জন প্রার্থী আমরণ অনশনে বসেন।

আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. শাহীনুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. শাহীনুজ্জামান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে তৃতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। কর্তৃপক্ষ জানায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর (২০২৬) তারিখে শেষ হবে। উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এটি অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের জন্য তৃতীয়বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের ঘটনা। তিনি প্রথমবার ২০২৪ সালের অক্টোবরে এই পদে নিয়োগ পান এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো নিয়োগ লাভ করেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "আমি আমার ডিউটি পালন করে যাচ্ছিলাম। রাতে চিঠি ইস্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে আগলে রাখতে। বরাবরই সবার সহযোগিতা কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পেলেই ফরম ফিলাপের টাকা দেবেন সভাপতি লিটন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট- শাহ্ জালাল সরদার, কালকিনি,মাদারীপুর

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পেলেই ফরম ফিলাপের টাকা দেবেন সভাপতি লিটন তালুকদার

 

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পেলে ফরম ফিলাপের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি কামরুল হাসান লিটন তালুকদার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভাপতি কামরুল হাসান লিটন তালুকদার বলেন, “২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পাবে, তাদের ফরম ফিলাপের টাকা আমি দেব।” শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে লেখাপড়ায় মনোযোগী করতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বাদল বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আব্দুল করিম খান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল লতিফ, জসিম উদ্দিন হাওলাদার ও নুর মোহাম্মদ সরদার।

এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি বিএম রেজাউল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, জালাল সরদার,সামচু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো ফলাফলের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্ক হার্বস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্ক হার্বস্ট

ক্যানসার রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। তিনি সাইকেলে ৩০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছেন।

মার্ক এই অনন্য অর্জনের মাধ্যমে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।

শুধু রেকর্ড গড়াই নয়, এই অভিযানের মাধ্যমে ক্যানসার গবেষণার জন্যও তহবিল সংগ্রহ করেছেন মার্ক। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

স্ত্রী জ্যাকিকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, “জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।” দীর্ঘ সাত বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২১ সালে ৫৫ বছর বয়সে মারা যান জ্যাকি।

২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে নিজের যাত্রা শুরু করেন মার্ক। মাত্র ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর তিনি ব্যাংককের সেই শুরুর স্থানেই ফিরে আসেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাকে মোট ২৫টি দেশ অতিক্রম করতে হয়েছে। যাত্রাপথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্ত্রী জ্যাকির চিতার ছাইও সঙ্গে রেখেছিলেন তিনি। জ্যাকি বেঁচে থাকাকালীন যেসব জায়গায় যেতে চেয়েছিলেন, পথের বিভিন্ন স্থানে সেই ছাই ছড়িয়ে দেন মার্ক।

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সড়ক পাড়ি দেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন মার্ক। মালয়েশিয়ায় পুলিশ তাকে এসকর্ট প্রদান করেছে, আবার পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাকে নিজের ক্যাফেতে রাত কাটানোর সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া বহু সাধারণ মানুষ তার জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছেন এবং খাবার দিয়েছেন—যা তার এই কঠিন যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
খালেদ মুহিউদ্দীনের টকশো

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" এমন মন্তব্য করেছেন। তবে, প্রচারিত ভিডিওটিতে তাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলমের "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই টকশোতে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি ও সমালোচনা করেন, কিন্তু আলোচিত মন্তব্যটি তাকে করতে শোনা যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের টকশোটির ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক টকশোর ওই পর্বটি প্রকাশিত হয়। টকশোটির সেদিনের পর্বটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানান। তবে পুরো টকশোতে কোথাও তাকে "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনুস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।

এছাড়াও, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।

সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%