০১:০৩ পি.এম
মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায়, রাস্তার পাশে অসহায়ভাবে পড়ে থাকা প্রায় ৭০ বছর বয়সী এক পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা সোমবার রাতে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। বয়সজনিত দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। পথচারীরা তাকে খাবার ও পানি জুগিয়েছেন, তবে তার পাশেই কোনো স্বজনকে দেখা যায়নি।
উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ এ বিষয়ে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসি। তিনি হাঁটতে পারেন না এবং স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। আমরা চাই, দ্রুত তার স্বজনদের খুঁজে বের করা হোক। আর যদি কোনো স্বজনের সন্ধান না পাওয়া যায়, তবে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।"
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ এই দাবি করেছেন যে, তার ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান। তবে বৃদ্ধ তাঁর নাম-পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি। ফলে তার এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, "স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের মাধ্যমে একজন অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি প্রকাশ করে তার পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন