ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তাজনূভা


হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তাজনূভা

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে যেকোনো গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে সরকার এবং সব রাজনৈতিক পক্ষ একত্রে বসবে বলে বিশ্বাস করেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন এবং নাশকতার হুমকি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। জনগণকে নিরাপত্তার আস্থা দেওয়া সরকারের দায়িত্ব।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তাজনূভা জাবীন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি লেখেন, ‘হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে যায়, তখন যেমন ওখানে বিজেপি-কংগ্রেস এক টেবিলে বসেছিল, ঠিক তেমনি এখানেও হাসিনার ফেরার বিষয়ে যেকোনো সিরিয়াস ইস্যুতে সরকারসহ সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে বসবে বলেই আমার বিশ্বাস।’

গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায় এসে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনা ভুলে যাবে না বলে তিনি মনে করেন। তাজনূভা লেখেন, ‘গণঅভ্যুত্থানের মাত্র দুই বছরের মাথায় এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আসেনি যে কোনো দল এবং সাধারণ মানুষ গত ১৭ বছরের স্বৈরশাসনের সকল অপকর্ম, লুটপাট, খুন, গুম, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাইয়ের এত বড় অধ্যায় ভুলে যাবে। হাসিনা প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেই আমি মনে করি। হাসিনা যদি ফিরে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা সবার অফিসিয়াল বক্তব্য।’

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যকে ফাঁকা বুলি উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই বুঝে তার সেই সৎ সাহস নেই দেশে ফেরার, এগুলো সবই ফাঁকা বুলি এখন পর্যন্ত।’ তবে তিনি এই ইস্যুকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাজনূভা লেখেন, ‘কিন্তু চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের বিশেষ মনোযোগ প্রয়োজন। হাসিনা বিষয় হেসে উড়িয়ে দেওয়া বা স্ট্যান্ডবাজি বলা/বোঝা এক জিনিস আর সাধারণ জনগণকে নিরাপত্তার আস্থায় রাখা আরেক জিনিস। ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন, নাশকতার হুমকি—এসব সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।’

সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সবাই সমানভাবে রাজনৈতিকভাবে সচেতন বা শিক্ষিত না। মনে রাখতে হবে, জুলাইয়ে আপামর জনসাধারণ, অরাজনৈতিক মানুষের বিস্তর অংশগ্রহণ ছিল। জনগণকে সেফ ফিল করানো সরকারের দায়িত্ব, বিশেষ করে যেখানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক।

আরও পড়ুন: আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর যদি আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

এছাড়া, রাষ্ট্রের মানুষের সংসদের প্রতি যে প্রত্যাশা রয়েছে, তা পূরণের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সদস্যদের জন্য দোয়া করা হয়।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন। রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তাওফিক দিন।’

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

শোকপ্রস্তাবের মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাব্বুল আলামিন, আপনার দেওয়া এই মহান সংসদে আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আজ যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য এবং অন্যান্য প্রয়াত ব্যক্তির নাম শোক প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, আপনি তাদের ক্ষমা করে দিন। তাদের ঈমানের মর্যাদা অনুযায়ী পুরস্কৃত করুন। তাদের জীবদ্দশায় সংঘটিত জানা-অজানা ভুলত্রুটির দিকে না তাকিয়ে আপনার অসীম রহমতের মাধ্যমে তাদের ক্ষমা করে দিন।

মোনাজাতে শামীম কায়সার বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসে সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসে দিশাহারা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছিল। পরবর্তী সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে সংকটময় পরিস্থিতি থেকে জাতিকে উত্তরণের জন্য আজীবন চেষ্টা করে গেছেন। আপনি তাকে ক্ষমা করে দিন। বহুদলীয় গণতন্ত্রকে জীবন দিয়ে লালন করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মানের সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরকালেও তাকে সম্মানিত করুন।

‘রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে যা চেয়েছিলাম, তার অনেক কিছুরই প্রতিফলন আজকের এই সংসদে দেখতে পাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান তারেক রহমান ন্যায়বিচারভিত্তিক এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের আস্থার ভিত্তিতে তিনি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। আপনি তাকে আরও দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে আগাম সতর্কবার্তার অভাবে বর্ষায় চরম আতঙ্কে সীমান্তাঞ্চলের মানুষ, হঠাৎ পাহাড়ি ঢলে বাড়ছে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


শেরপুরে আগাম সতর্কবার্তার অভাবে বর্ষায় চরম আতঙ্কে সীমান্তাঞ্চলের মানুষ, হঠাৎ পাহাড়ি ঢলে বাড়ছে জনদুর্ভোগ

শেরপুরে ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বর্ষা মৌসুমে সীমান্তবর্তী নদ-নদীর পানির স্তর হঠাৎ বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে নদীতীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ প্রতিবছর বন্যা ও আকস্মিক প্লাবনের আতঙ্কে দিন কাটান। তবে, জেলার গুরুত্বপূর্ণ দুটি নদী, মহারশি ও সোমেশ্বরীতে, নেই পানি পরিমাপের যন্ত্র বা আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থা। ফলে স্থানীয়রা নদীর পানির স্তর বাড়ার পূর্বাভাস জানার সুযোগ না পেয়ে তাদের ঘরবাড়ি, ফসল এবং মূল্যবান সম্পদ হারাচ্ছেন।

শেরপুর জেলায় পাঁচটি প্রধান নদী রয়েছে। সেগুলো হলো—শেরপুর সদরে পুরাতন ব্রহ্মপুত্র, নালিতাবাড়ীতে চেল্লাখালী ও ভোগাই, ঝিনাইগাতীতে মহারশি এবং শ্রীবরদীতে সোমেশ্বরী। এর মধ্যে তিনটি নদীতে পানি পরিমাপের ব্যবস্থা থাকলেও মহারশি ও সোমেশ্বরীতে তা নেই। এই কারণে, নদী দুটির পানির উচ্চতা ও গতিবিধি সম্পর্কে স্থানীয়দের অনুমান ও অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়।

ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকা থেকে ঝিনাইগাতীর হলদি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মহারশি নদী। সোমেশ্বরী নদী শ্রীবরদীর বালিজুড়ির খাড়ামোরা এলাকা দিয়ে প্রবেশ করেছে। বর্ষাকালে পাহাড়ি ঢলে নদী দুটি দ্রুত ভয়ংকর রূপ ধারণ করে, ফলে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যায়।

শ্রীবরদীর খাড়ামোরা এলাকার বাসিন্দা হুসাইন হাবিব বলেছেন, "আগের দিন সন্ধ্যায় নদীতে পানি থাকে না, অথচ পরদিন সকালে বাড়ির উঠানে পানি চলে আসে। আগে থেকে পানির খবর পাওয়া গেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকত।"

একই এলাকার করিম মিয়ার অভিযোগ, নালিতাবাড়ীর নদীতে পানি বাড়ার খবর জানা গেলেও তাঁদের নদীর পানির কোনো আগাম তথ্য পাওয়া যায় না। অন্যদিকে, ঝিনাইগাতীর ব্রিজপাড় এলাকার বাসিন্দা আলমাছ জানান, "প্রতিবছর নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হয় এবং বাঁধ ভেঙে যায়। পানির উচ্চতা বোঝার জন্য তাঁরা নিজেরাই বাঁশ পুঁতে রাখেন।"

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, "মহারশি নদীতে পানি পরিমাপের যন্ত্র স্থাপন অত্যন্ত জরুরি। সামান্য বৃষ্টিতেই নদীর পানি উপচে ঝিনাইগাতী সদর বাজারসহ আশপাশের এলাকা প্লাবিত হয়।"

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মহারশি ও সোমেশ্বরী নদীতে পানি পরিমাপক যন্ত্র স্থাপন জরুরি। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে বিকল্প পদ্ধতিতে পানি পরিমাপ করতে হয়, যা সময়সাপেক্ষ।

স্থানীয়দের দাবি, দ্রুত নদী দুটিতে পানি পরিমাপক যন্ত্র ও স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হোক। এতে পাহাড়ি ঢলের পূর্বাভাস পেয়ে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগই পারে সীমান্ত এলাকার মানুষের বর্ষাকালীন আতঙ্ক ও ক্ষয়ক্ষতি কমাতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার পর গাজায় ত্রাণ-খাদ্য সরবরাহে ইসরাইলকে বাধা না দিতে আহ্বান আয়ারল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


বন্যার পর গাজায় ত্রাণ-খাদ্য সরবরাহে ইসরাইলকে বাধা না দিতে আহ্বান আয়ারল্যান্ডের

আয়ারল্যান্ড দেশটি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে যাতে গাজায় খাদ্য, আশ্রয় ও জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করা হয়। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি।

হেলেন ম্যাকএন্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতিতে উল্লেখ করেন যে, ইসরাইলকে অবশ্যই ত্রাণ, খাদ্য ও জীবনরক্ষাকারী সরঞ্জাম সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করতে হবে। তিনি বলেন, "তাদের এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয় ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

তিনি আরও জানান, গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে শুধুমাত্র তাঁবু বা অস্থায়ী স্থাপনা মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট নয়। বরং, আরও টেকসই ও দীর্ঘস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন অবকাঠামো নির্মাণ করা অত্যাবশ্যক।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি জানান, গাজার চলমান পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহে ডাবলিনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি) বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহকর্মীদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। একই বিষয়টি ইইউর পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকে উত্থাপন করার পরিকল্পনাও রয়েছে তার।

গাজায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে খাদ্য, জরুরি ত্রাণ ও টেকসই আশ্রয় নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী গণহত্যাকারীরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


আওয়ামী গণহত্যাকারীরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই: রাশেদ খাঁন

রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সারাদেশে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেছেন, 'আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় তারা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে। গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে।'

তিনি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আসামিরা আত্মগোপনে রয়েছে উল্লেখ করে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লেখেন, "তথ্য অনুযায়ী, সারাদেশ থেকে আওয়ামী লীগের পলাতক অপরাধীরা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করবো, আপনার বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন।"

একই সাথে পলাতক কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দিবেন না। সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতোদিন নমনীয়তা দেখানোকে তারা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%