০৯:৫৬ পি.এম
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। এই পরিবর্তনের ফলে, নতুন করে তৈরি হওয়া মিসাইলগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার থেকে বেশি হবে।
শনিবার (৭ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি। এ তথ্য এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বার্তা সংস্থা অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এই ঘোষণাটি এমন একটি সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০
কিছুদিন আগে, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি জানান, যদি ইরানের ওপর নতুন করে হামলা হয়, তাহলে তাদের পাল্টা হামলা হবে ভৌগলিক সীমাবদ্ধতার বাইরে। অর্থাৎ হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিপ্লবী গার্ডের মুখপাত্র জানান, মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে এটি করে দেখাবে।
তিনি স্পষ্ট করেননি যে, ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল আছে কি না, অথবা অতীতে ছিল কি না।
বর্তমানে দুই হাজার কিলোমিটার রেঞ্জের সীমাবদ্ধতার আওতায় রয়েছে ইউরোপের গ্রিস ও বালকান অঞ্চলের কিছু অংশ, পুরো আরব উপত্যকা এবং মিসরের বেশির ভাগ অংশ। এর অর্থ হলো, ইরান তাদের মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অংশে হামলা চালাতে পারবে। যদি রেঞ্জ বৃদ্ধি করা হয়, তাহলে অন্যান্য দেশগুলোও তাদের মিসাইলের আওতায় চলে আসবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি
চলতি বছরের মার্চে, ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল; যা ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে। রেঞ্জের বাইরের অঞ্চলে মিসাইল নিক্ষেপের ঘটনায় প্রশ্ন উঠেছিল, ইরান কি আরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরি করেছে। যদিও দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া তাদের দুটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগ, নিজেদের মহাকাশ প্রোগ্রামকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে ইরান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন