প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী সন্ত্রাসীদের গুলিতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন, এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ী চক্র কর্তৃক পুলিশের সদস্যের হাত-পা ভেঙে রগ কেটে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
মাওলানা মিয়াজী বলেন, "বর্তমানে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ও নিরাপত্তা হুমকির মুখে।" তিনি উল্লেখ করেন যে, মানব পাচার ও মাদক ব্যবসা নির্মূল করার জন্য সরকারকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী ও সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলিবিদ্ধ হয়ে তিতাস শেখ (২৭) নামের এক সেনা সদস্য শহীদ হন। অন্যদিকে, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ী চক্র।
মাওলানা মিয়াজী আরও বলেন, "যে দেশে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর জীবনের নিরাপত্তা নেই, জনসাধারণের নিরাপত্তার গ্যারান্টি কে দিবে?" তিনি তিন পার্বত্য জেলা রক্ষায় শক্তিশালী ভারি অস্ত্রসহ যথেষ্ট পরিমাণ সেনা মোতায়েন এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
৭ নভেম্বর শনিবার বাদ যোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, হাজী জালাল উদ্দিন বকুল, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি আব্দুল বারী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, জনাব আতিকুল ইসলাম, মাওলানা তৌহিদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল ও মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুরী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন