বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ চাঁদপুর শহরের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ‘জুলাই ভাস্কর্য’ পরিদর্শন করেছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নেতৃবৃন্দ ভাস্কর্যটির বর্তমান অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।
পরিদর্শনকালে বক্তারা উল্লেখ করেন, "জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্লোগানসংবলিত এই ভাস্কর্যটিতে ২০ দিন আগে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।" তবে দুঃখজনকভাবে প্রশাসন এখন পর্যন্ত নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়নি। এছাড়া, ভাস্কর্যটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, ভাস্কর্যটি চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে। এর প্রবেশপথের রাস্তার ইট উঠে যাচ্ছে, চারপাশ অপরিষ্কার-অপরিচ্ছন্ন হয়ে আছে এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা বাতি জ্বালানো হয় না। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান যে, অনতিবিলম্বে ভাস্কর্যটি সংস্কার করে এর পবিত্রতা ও পারিপার্শ্বিক পরিবেশ যথাযথভাবে সংরক্ষণ করা হোক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর সদস্য সচিব প্রকৌশলী মশিউর রহমান খোকন এবং পৌর ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক জহির হোসেন। এছাড়াও যুব শক্তির আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব সাইফুর রহমান গাজি, সদস্য রিফাত আহমদ চৌধুরী, জুলাইয়ের নারী যোদ্ধা তানজিনা আক্তার, ছাত্র শক্তির কামরুল ইসলাম, সাদিদ রহমান, জিএম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর জেলার ক্রমবর্ধমান আর্সেনিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় এ পরিস্থিতির কথা উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং অধিকতর গবেষণার ওপর তিনি জোর দিয়েছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়। কর্মশালাটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের উদ্বেগজনক পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি জানান, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে চাঁদপুরে আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে পৌঁছেছে। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও গভীর গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে ইউনিভার্সিটি অব টরন্টো এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা কর্মশালায় অংশগ্রহণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন তিনটি জাতীয় ও ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির সুষ্ঠু ও নির্বিঘ্ন বাস্তবায়ন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এসব দিবসের তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। তিনি দিবসগুলোর সব কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সংবাদ সংগ্রহের সময় বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। এই ঘটনা বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিধ্যা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয়েছে।
জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা অনিয়মের তথ্যের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বুধবার দুপুরে দেশ টিভি ও আমাদের সময় পত্রিকার হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব ওই বিদ্যালয়ে সরেজমিনে তথ্য সংগ্রহে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সংবাদ সংগ্রহের সময় সহকারী শিক্ষক অমিত দাস তাঁদের কাজে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ করেন। এ সময় তাঁদের হাতে থাকা ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে।
এছাড়াও, স্মার্ট ফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক অমিত দাস এর আগে হাতিয়া উপজেলার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে অন্য একজন শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে বেতন উত্তোলনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
এছাড়াও, লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় একজনকে রেখে তিনি বেআইনিভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সহকর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শামীম উজ্জামান হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেন, যা জিডি নম্বর ১২৮৫ হিসেবে নথিভুক্ত হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের সুযোগ দেওয়া, বিতর্কিত বদলি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগগুলো স্থানীয় সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, সরকার বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতকে বিশেষ অগ্রাধিকার প্রদান করবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি, ইভি খাতকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
হাবিবুর রশিদ আরও বলেন, চীন, ভারত, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সুযোগ ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে। এটি বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করার জন্যও ভূমিকা রাখবে।
এ তিন দিনব্যাপী প্রদর্শনী আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং প্রযুক্তি, ব্যাটারি এবং নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ