০৩:৫৭ এম
সিলেট নগরের আখালিয়া এলাকায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। পরিবারের দাবি, সময়মতো সিজারিয়ান না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা চালানোয় শিশুটির মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মাউন্ট এডোরা হাসপাতালে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রসববেদনা শুরু হলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ও সৌদিপ্রবাসী ইদ্রিস আলী সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী
নবজাতকের দাদা এবং টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জোবায়ের হোসাইন মজুমদার অভিযোগ করেন, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে শিশুর ওজন প্রায় চার কেজি থাকার কারণে তারা শুরু থেকেই সিজারিয়ান ডেলিভারির জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা নরমাল ডেলিভারির আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রসবের এক পর্যায়ে শিশুটির মাথা বের হলেও কাঁধ আটকে যায়। তখন টানাটানি করার ফলে শিশুটির মাথা, গলা ও শরীরে মারাত্মক আঘাত লাগে এবং শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু ঘটে। পরিস্থিতি জটিল হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হলেও ততক্ষণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে নিরাপত্তার অজুহাতে তাদের বের করে দেয় বলেও তিনি দাবি করেন।
এদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপক শফিক আহমদ। তিনি জানান, শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গিয়েছিল।
শফিক আহমদ আরও বলেন, এ বিষয়ে যদি পরিবারের কোনো অভিযোগ থাকে, তাহলে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পরীক্ষা করাতে পারেন অথবা আইনি ব্যবস্থা নিতে পারেন।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন