০৭:৩১ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে চাঁদাবাজির অভিযোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পপি বেগম নামে এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় এবং দাবি করা অর্থ না দিলে বিভিন্ন ধরনের চাপ ও হুমকি দেওয়া হয়।
অভিযোগের পর বিষয়টি তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ভৈরব থানা পুলিশের অবস্থান কঠোর। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন