ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান


যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা এবং প্রধান আলোচক খলিল আল-হাইয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব গ্রহণ করার পর এটি আল-হাইয়ার প্রথম মিসর সফর। রবিবার (১৬ আগস্ট) সকালে তিনি মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইল ও মিসর সফরে আসবেন।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে ইসরাইল এবং অন্যান্য পক্ষের মধ্যে মতপার্থক্য কমানোর বিষয়ে তার সফরের মূল উদ্দেশ্য। কুশনারের সঙ্গে থাকবে ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। ওই পরিকল্পনার আওতায় হামাস নতুন একটি ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরের সম্মতি জানিয়েছিল।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “আমরা নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় আছি।”

আলোচনার প্রেক্ষাপটে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

ফিলিস্তিনি সরকারি সূত্রের দাবি, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ এম


ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার নামে প্রতারণা করা হচ্ছে। এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ দাবি করা হচ্ছে, যার মধ্যে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি এবং জামানত অন্তর্ভুক্ত রয়েছে।

একইভাবে, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানী, অনুদান কিংবা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বরে, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের প্রলোভন দেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন বলেছে, অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়।

এছাড়াও, কোনো ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ দিয়ে চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি জানায়, কর্তৃপক্ষের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে প্রতারকরা ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করছে।

ইসলামিক ফাউন্ডেশন চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি ও শেষ তারিখ যাচাই করার উপদেশ দিয়েছে।

এমনকি ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের কোনো ধরনের সহায়তা বা সুবিধার বিনিময়ে আগাম অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি, পাসওয়ার্ডসহ গোপনীয় তথ্য অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

যদি কেউ প্রতারণার শিকার হন, তাহলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, স্ক্রিনশট ও লেনদেনের তথ্য সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরপাড়ে পড়ে থাকা ব্যাগের সূত্র ধরে উদ্ধার স্কুলছাত্রের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ এম


পুকুরপাড়ে পড়ে থাকা ব্যাগের সূত্র ধরে উদ্ধার স্কুলছাত্রের লাশ

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। গতকাল রাতের দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে ছিলেন। তিনি তার পরিবারের সঙ্গে জেলা শহরের মডার্ন মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আল আরাবি নিখোঁজ ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে কিশোরের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুদ্ধের ৮১ বছর

ইয়াসুকুনি মন্দির কেন এড়িয়ে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৯ এম


ইয়াসুকুনি মন্দির কেন এড়িয়ে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী শনিবার পালিত হয়। এই উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে যাননি। চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের আরো অবনতি এড়াতে তাঁর এই মন্দিরে যাওয়া থেকে বিরত থাকার পেছনে ধারণা করা হচ্ছে।

তবে একই দিনে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি ও বেশ কয়েকজন মন্ত্রী ইয়াসুকুনি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, এমন তথ্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইয়াসুকুনি মন্দিরে যুদ্ধে নিহত ২৪ লাখের বেশি জাপানির স্মরণ করা হয়। কিন্তু এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৪ জন দণ্ডিত যুদ্ধাপরাধীও অন্তর্ভুক্ত আছেন। এই কারণে চীন ও দক্ষিণ কোরিয়া মন্দিরটিকে জাপানের যুদ্ধকালীন আগ্রাসনের প্রতীক হিসেবে বিবেচনা করে।

অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী তাকাইচি জাপানের যুদ্ধকালীন ভূমিকার জন্য সরাসরি অনুশোচনা প্রকাশ না করে বলেন, যুদ্ধের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। তিনি হিরোশিমা, নাগাসাকি, ওকিনাওয়া এবং বিদেশের যুদ্ধক্ষেত্রে নিহতদের স্মরণ করেন।

চীন জাপানি রাজনীতিকদের ইয়াসুকুনি সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াও এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে। তবে, দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, বর্তমান সময়ে কোরিয়া-জাপান সহযোগিতা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে ইউরোপে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ এম


তীব্র গরমে ইউরোপে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি

তাপদাহের কবলে পড়ে ইউরোপে এক সপ্তাহের মধ্যে প্রায় ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এই বিপুল পরিমাণ মৃত্যু হয়েছে জুনে তীব্র তাপপ্রবাহের ফলে, যার কারণ হিসেবে স্বাভাবিক সংখ্যার তুলনায় মৃত্যুহার বেড়ে যাওয়ার তথ্য জানিয়েছে ইউরোপীয় মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্ক।

ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানির মতো উত্তর ইউরোপীয় দেশগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে সেখানকার বাসিন্দারা এমন উচ্চ তাপমাত্রায় অভ্যস্ত নয়।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে ইউরোপজুড়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পর বিশেষ করে উত্তর-পশ্চিম অঞ্চলের দেশগুলোতে মৃত্যুর সংখ্যা হঠাৎ করে লাফিয়ে বাড়তে শুরু করে। শতাব্দী ধরে উচ্চ তাপমাত্রার সাথে লড়াই করে আসা দক্ষিণ ইউরোপের দেশগুলোর গরম মোকাবিলার জন্য নিজস্ব প্রস্তুতি থাকলেও উত্তরে এই সক্ষমতা ছিল না। এমনকি সেখানে বাসা-বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) অভাবের বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সাধারণত শীতকালে সংক্রামক শ্বাসতন্ত্রের রোগের প্রাদুর্ভাবে বেশি মানুষের মৃত্যু ঘটলেও, এবারের জুনের তাপপ্রবাহ সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। ২০০৩ এবং ২০২২ সালের জুলাই মাসে তাপদাহে ইউরোপে হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। টানা তাপদাহের প্রভাবে ইউরোপের প্রধান প্রধান নদীগুলোর পানি রেকর্ড মাত্রায় শুকিয়ে গেছে এবং একাধিক স্থানে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে। আবহাওয়াবিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতের গ্রীষ্মকালগুলো আরো বেশি উষ্ণ ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এমন পরিস্থিতির মধ্যে ইউরোপজুড়ে নতুন করে আবারও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেস আবহাওয়া দপ্তরগুলো। ব্রিটেনে সপ্তাহান্তে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলেও যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে, ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা ‘মেটিও-ফ্রান্স’ জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ প্রায় পুরো ভূখণ্ডজুড়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%