ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এই সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা


এই সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

চলতি সপ্তাহের শেষের দিকে দেশের সরকারি ও বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই ছুটির আওতায় অন্তর্ভুক্ত হচ্ছেন না।

ছুটির সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রবিবার) পর্যন্ত স্কুল ও কলেজগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।

২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: হাবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।

তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উদযাপিত হবে। ৬ নভেম্বরের শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা টানা তিন দিনের অবকাশ পাচ্ছেন।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা পালিত হবে।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল ও কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছুটির আওতায় থাকবে।

আরও পড়ুন: আজ থেকে কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু

যদিও স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজেদের একাডেমিক ক্যালেন্ডার এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এই ছুটি পাচ্ছেন না।

শ্যামাপূজা কী

আরও পড়ুন: বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন

শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে সাধারণত এই পূজা উদযাপন করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে শ্যামাপূজার প্রচলন রয়েছে। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়।

শ্যামাপূজার দিন একই সঙ্গে দীপাবলি উৎসবও উদযাপিত হয়। দীপাবলি দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা ও যক্ষরাত্রি নামেও পরিচিত। সর্বভারতীয় পর্যায়ে এই দিন লক্ষ্মীপূজা পালিত হলেও বাঙালি, অসমিয়া ও ওড়িয়া সম্প্রদায়ের মানুষ এই তিথিতে দেবী কালীর পূজা করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির ৬ শিক্ষক ও ৬৮ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ এম


রাবির ৬ শিক্ষক ও ৬৮ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, যা ভালো ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। একই সঙ্গে, শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের জন্য অনুষদের ছয় শিক্ষককেও এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৩.৮৫ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৮ জনকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন বিবিএ পর্যায়ের এবং ৪০ জন এমবিএ পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ জন, মার্কেটিং বিভাগের ২৭ জন, ফাইন্যান্স বিভাগের ২ জন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১১ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। পুরস্কার হিসেবে তাদের ক্রেস্ট, সনদ ও নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উল্লেখ করেন, ‘আজ একটি বিশেষ দিন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সংশ্লিষ্ট শিক্ষক, ডিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত রাখা হয়। এটি যেন কোনোভাবেই বন্ধ হয়ে না যায়’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ এম


ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি

দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরে আসছে পুরুষদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে, যা বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকলেও, টিকিটের জন্য বিশ্বজুড়ে চলছে হাহাকার। তবে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এবার সকলকে অবাক করে দিয়েছে, যা ফাইনালের চেয়েও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, এই হাইভোল্টেজ লড়াইয়ের টিকিট পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে।

আইসিসির হিসাব অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ২১ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ফাইনালের জন্য প্রায় ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮৪ লাখ। ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই বিশ্বজুড়ে কতটা আলোড়ন সৃষ্টি করেছে, এটি তার একটি অনন্য প্রমাণ।

বিশ্বকাপের টিকিট পেতে এখন পর্যন্ত ১৯৩ দেশ থেকে প্রায় ৩০ লাখ সমর্থক নিবন্ধন করেছেন। বিশ্বজুড়ে মোট টিকিটের আবেদন ১২ কোটি ছাড়িয়ে গেছে। টিকিটের এই বিপুল চাহিদা শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য ম্যাচগুলিতেও এর প্রভাব স্পষ্ট। উদাহরণস্বরূপ, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, নামিবিয়ার উইন্ডোহকে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের জন্যও প্রায় ৯ লাখ দর্শক টিকিট চেয়েছে।

আগামী বছর ১৪ দলের অংশগ্রহণে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ বিশ্বকাপ। মোট ১২টি স্বাগতিক শহরের ৫৭ ম্যাচের জন্য টিকিটের আবেদন গ্রহণ চলবে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত। আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা দর্শকদের এই সাড়াকে ‘অভূতপূর্ব’ হিসেবে আখ্যায়িত করেছেন। আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপের এই প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করেছে, এবং টিকিটের এই রেকর্ডভাঙা চাহিদাই তার সবচেয়ে বড় সাক্ষী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই খাতে বড় বিনিয়োগ বিশ্ববাজার ব্যবস্থা ধ্বংসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ এম


এআই খাতে বড় বিনিয়োগ বিশ্ববাজার ব্যবস্থা ধ্বংসের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ব্যবসাবান্ধব ও শিথিল নীতির সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে হাজার কোটি ডলারের বিশাল বিনিয়োগ শেয়ারবাজারগুলোকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। একই সঙ্গে এটি চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে ৩ শতাংশ হারে ভালো প্রবৃদ্ধির প্রত্যাশা সৃষ্টি করেছে।

তবে যুদ্ধ, ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং বাণিজ্যিক উত্তেজনার চাপের কারণে বিশ্বজুড়ে আর্থিক বাজারগুলো সংকটের মধ্যে রয়েছে। জাপানি ও ফরাসি বন্ড বিক্রি করে দেওয়ার হিড়িক এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রার অধঃপতন—এসব সংকটের ইঙ্গিত দিচ্ছে। এআই খাতে এই বিশাল বিনিয়োগ কৌশলটি এতদিন বিনিয়োগকারীদের আশাবাদী করে রাখলেও এখন তাতেও ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার রয়টার্সের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাজারের টিকে থাকার সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থিতিশীল বাণিজ্যনীতি এবং ইরান যুদ্ধের ফলে জ্বালানি খাতে সৃষ্ট ধাক্কা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আবারও উসকে দিয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার বাড়ানোর চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে বিপুল মূলধন বিনিয়োগ এবং বিভিন্ন সরকারের উচ্চ ঋণের বোঝা ঋণের ব্যয়কে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

বছরের শেষ পর্যায়ে এসে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে—এমন আশঙ্কায় অনেক বিনিয়োগকারী ও অর্থনীতিবিদ মনে করছেন, বিশ্ব অর্থনীতির ওপর ঝুঁকি বেড়েই চলেছে।

এআই খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু মার্কিন কেন্দ্রীয় ব্যাংক গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাদের নির্ধারিত মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইউরো জোনের মুদ্রাস্ফীতিও বর্তমানে ৩.৮ শতাংশে রয়েছে, যা তাদের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগের সাবেক মন্ত্রী জিম ও'নিল মন্তব্য করেছেন, "সুদের হার বাড়লে সব সময়ই সবচেয়ে দুর্বল পক্ষগুলো বেরিয়ে আসে এবং তাদের নাজুক অবস্থা প্রকাশ হয়ে পড়ে। যেসব দেশ বা ব্যবসা অতিরিক্ত ঝুঁকির মধ্যে থাকে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় কোনো বিপর্যয় না হওয়ায় বড্ড অবাক হচ্ছি।"

রয়টার্স জানাচ্ছে, গত অক্টোবরে বাজারে হঠাৎ করেই অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার থেকে পুঁজি সরিয়ে তুলনামূলক নিরাপদ বন্ডের দিকে ঝুঁকে পড়েন। গত মাসে প্রযুক্তিনির্ভর নাসডাক ১০০ সূচক থেকে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্য হারিয়ে যায়। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন প্রকাশের পর সেখানে বিনিয়োগ করা অর্থ আদৌ দ্রুত মুনাফা বয়ে আনতে পারবে কি না, সে ব্যাপারে বিনিয়োগকারীরা আরও নিবিড়ভাবে খতিয়ে দেখছেন। কিছু প্রযুক্তি কোম্পানির বন্ডের বিমা খরচ বেড়ে গেছে, ডেটা সেন্টার তৈরির প্রস্তাবিত প্রকল্পগুলো অর্থ সংগ্রহের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে এবং দক্ষিণ কোরিয়া ও চীন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন ঘটেছে।

তবে বিনিয়োগকারীরা বন্ডের দিকে ঝুঁকেছেন। বন্ডের দামের সঙ্গে এর আয়ের হারের সম্পর্ক বিপরীতমুখী। তাই দাম বাড়লে আয়ের হার কমে যায়। গত ২২ অক্টোবর ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের আয় প্রায় ২০ বেসিস পয়েন্ট কমেছে। ২০২৩ সালের শুরুর পর থেকে এটিই ছিল এক দিনে সবচেয়ে বড় দরপতন।

১০ বছর মেয়াদি বন্ডের আয় এখনো ৫ শতাংশের কাছাকাছি রয়েছে, যেটা অনেক বিনিয়োগকারী সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।

বিশ্বের যেসব অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার খুব একটা প্রভাব ফেলেনি, সেখানেও চাপের লক্ষণ দেখা যাচ্ছে। ফ্রান্সে বন্ডের আয় ২০১২ সালের ইউরো অঞ্চল ঋণসংকটের সময়ের পর্যায়ে পৌঁছেছে। এর ফলে সরকার এমন এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে যে, বিক্ষোভকারীদের দাবি পূরণের জন্য তাদের হাতে খুব কম সুযোগই অবশিষ্ট আছে। দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা চলছে।

আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল জাপানে বন্ডের আয় সম্প্রতি ৩০ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ সুদের হার দ্রুত বাড়ানোর চাপের মুখে রয়েছে। এটি টোকিওর সেই নীতিগত লক্ষ্যকে ব্যাহত করছে, যার আওতায় সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা ছিল। এমনকি এটি বৈশ্বিক পুঁজি প্রবাহকেও উল্টে দিতে পারে।

ফিডেলিটি ইন্টারন্যাশনালের লিড পোর্টফোলিও ম্যানেজার মাইক রিডেল বলেছেন, "বাজারব্যবস্থা ভেঙে পড়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার আবাসন বাজার কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত জার্মান বন্ড এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা এআই তৈরি করে ডাটা সার্বভৌমত্ব রক্ষায় উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ এম


বাংলা এআই তৈরি করে ডাটা সার্বভৌমত্ব রক্ষায় উদ্যোগ

দেশের বিচ্ছিন্ন ডিজিটাল ফুটপ্রিন্টগুলোকে এক ছাতার নিচে আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালু করা হচ্ছে। পাশাপাশি, নিজস্ব সার্বভৌম বাংলা এআই তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

সোমবার (২ নভেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা তথ্যপ্রযুক্তি সংবাদিক ও একাডেমিক প্রফেশনালদের সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান। এ সময় আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিটিজের সভাপতি সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির, মহাসচিব যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাইফ আহমাদ, সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, পরিচালক (সাংগঠনিক) রেজাউল করিম জ্যান, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক কাজী সোহাগ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার রাহিতুল ইসলামসহ সিটিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আইসিটি সচিব জানান, এনআইডি, পাসপোর্ট, জন্মনিবন্ধন ও ট্যাক্স ফাইলসহ নাগরিকদের বিচ্ছিন্ন ডেটাবেজগুলোকে একত্রিত করে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে তথ্যের অপব্যবহার ও জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে। বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় এবং ডেটা সিকিউরিটি নিশ্চিত করতে একটি বিশ্বস্ত ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজও চলছে।

দেশের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার সিকিউরিটি এজেন্সিকে কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইসিটি সচিব জানান, সাইবার সিকিউরিটি এজেন্সিতে ১২০ জন জনবল নিয়োগের কার্যক্রম চলছে, যার একটি বড় অংশ কারিগরি বিশেষজ্ঞ।

এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে দেশের ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিজস্ব এআই মডেল ও শেয়ারড জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সচিব জানান, ‘স্টার্টআপ বাংলাদেশ’ ও আইসিটি বিভাগের যৌথ পরিচালনায় উদ্যোক্তাদের ফান্ডিং এবং আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব সেতু ও টোল প্লাজার জন্য একটি ‘ইউনিফাইড ডিজিটাল টোল সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটিজের পক্ষ থেকে আইসিটি বিভাগের কার্যক্রমকে স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানিয়ে সভাপতি হাসান জাকির বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় দক্ষ জনবল তৈরির নামে নামকাওয়াস্তে প্রশিক্ষণ দিয়ে কোনো গোষ্ঠিকে অর্থ তছরুপের সুযোগ যেন না দেওয়া হয়। তিনি অর্থের অপচয় হয় এমন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ না করারও দাবি জানান।

সিটিজের মহাসচিব সাইফ আহমাদ বলেন, প্রযুক্তি খাতে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত। তিনি উদ্বাবনি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়া হবে তা যেন প্রকৃত উদ্যোক্তারা পায়, সেটি নিশ্চিত করা আবশ্যক। এখানে যেন স্বজনপ্রীতি না হয়।

মতবিনিময় সভায় সিটিজের পক্ষ থেকে কয়েক দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো– প্রতিবেদন তৈরির স্বার্থে সাংবাদিকদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা, এআই, সাইবার সিকিউরিটিসহ তথ্যপ্রযুক্তির নতুন নতুন খাত এবং কারিগরি দিক নিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মশালা আয়োজন, গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটি ও সভায় সিটিজের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রযুক্তি খাতের স্বচ্ছতা ও অবকাঠামোগত সংস্কারে সিটিজের পর্যবেক্ষণ ও দাবিগুলো সময়োপযোগী উল্লেখ করে আইসিটি সচিব ড. মামুনুর রশিদ ভুঁঞা বলেন, আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিটি বিভাগ আন্তর্জাতিক সার্টিফেকশন ছাড়া অন্য কোনো প্রশিক্ষণ আর দেবে না। প্রধানমন্ত্রী এ সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নামকাওয়াস্তে আর কোনো প্রশিক্ষণ হবে না। স্টার্টআপসহ উদ্ভাবনি প্রকল্পের অর্থ ব্যয়েও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি সিটিজের সঙ্গে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%