ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন


বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জীব ও ভূবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস (ভলিউম ২, ডিসেম্বর ২০২৪)’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে গবেষণা কার্যক্রমের বৃদ্ধি প্রয়োজন এবং নিয়মিত জার্নাল প্রকাশনা নিশ্চিত করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, অভ্যন্তরীণ প্রকাশনা ছাড়াও আন্তর্জাতিক মান বজায় রেখে গুণগত গবেষণা ও সম্মেলন আয়োজনের মাধ্যমে গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে। তিস্তা অববাহিকার জীবিকা ও পরিবেশগত বৈচিত্র্য নিয়ে গবেষণার বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধান অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে লাগেজ নিয়ে আগের মতো এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


বিমানবন্দরে লাগেজ নিয়ে আগের মতো এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ ও ব্যাগ নিয়ে যাত্রীদের আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না, এমন দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি উল্লেখ করেন, বিমানবন্দরের যাত্রীসেবার মান নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর ফ্লাইটে সম্প্রতি দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পর্কে মন্ত্রী জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। তদন্তে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঢাকা থেকে উড়োজাহাজটি সম্পূর্ণ সচল অবস্থায় যাত্রা শুরু করেছিল। তবে জাপান থেকে ফেরার পথে উড়োজাহাজের ডানার পেছনের অংশে থাকা ফ্ল্যাপে কিছুটা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এ ধরনের ছোটখাটো ত্রুটি উড়োজাহাজ চলাচলে অস্বাভাবিক নয়। তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে মন্ত্রী জানান, পূর্ণাঙ্গভাবে টার্মিনালটি চালুর লক্ষ্যে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত মেনে নেওয়া হয়েছে। থার্ড টার্মিনাল চালু হলে বর্তমান টার্মিনাল ১ ও ২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে।

তবে টার্মিনাল দুটি পরিত্যক্ত রাখা হবে না জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনালে স্থানান্তরের পর পুরোনো দুটি টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি কার্গো, চার্টার্ড ও ভিভিআইপি ফ্লাইট পরিচালনার কাজেও এগুলো ব্যবহার করা হবে।

এ ছাড়া সরকার নতুন একটি বাজেট এয়ারলাইন্স চালুর পরিকল্পনা করছে। এর কার্যক্রমও টার্মিনাল ১ ও ২-কে কেন্দ্র করে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একটি নতুন বিমানবন্দর নির্মাণ করতে অন্তত ১০ থেকে ১২ বছর সময় প্রয়োজন। আর পূর্ণাঙ্গভাবে চালু করতে সব মিলিয়ে প্রায় ১৫ বছর লেগে যায়। তাই আপাতত বিদ্যমান বিমানবন্দরগুলোর অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বিমানবন্দরে যাত্রীসেবার উন্নতির এই ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


মাদারীপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেয়ার কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগের সম্মুখীন হয়েছেন স্বামী। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের কন্যা এবং অভিযুক্ত সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির পুত্র।

পুলিশ ও নিহতের আত্মীয়রা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সির সাথে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। এরপর সুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। সুজন একাধিকবার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে বুধবার বিকেলে জান্নাতুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে নিহতের মরদেহ রেখে পরিবারকে খবর দেয় সুজন। এ সময় মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাজৈর থানায় খবর দেয়। এরপর হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহত জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম জাহাজে ৮৩০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


প্রথম জাহাজে ৮৩০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ল

নানা অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৮৩০ জন পর্যটক নিয়ে চলতি মৌসুমের প্রথম জাহাজ এমভি বার আউলিয়া সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার সময় কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের সিদ্ধান্তের কথা জানান সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। জেলা প্রশাসক মো. আ. মান্নানও বিষয়টি নিশ্চিত করেন।

তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা ছিল। সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন পাওয়া গেলেও জেলা প্রশাসকের সম্মতি না পাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু করা নিয়ে সংশয় তৈরি হয়। তবে আগে থেকে টিকিট কাটা পর্যটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত একটি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়।

কক্সবাজারের বাঁকখালী নদীতে পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ। যাত্রী পরিবহনের জন্য জাহাজগুলোর সংস্কার ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। পর্যটকদের বসার চেয়ারও পরিবর্তন করা হয়েছে। তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলির ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

জাহাজগুলোর দায়িত্বে থাকা নুরুল ইসলাম জানান, প্রশাসনিক কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জাহাজগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সরকারি অনুমোদন পাওয়ায় জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।

বুধবার সকাল থেকেই বৃহস্পতিবার থেকে তিনটি জাহাজে পর্যটক পরিবহনের ঘোষণা দেয়া হয়েছিল। সেই অনুযায়ী টিকিট বিক্রিও শুরু করে জাহাজ কর্তৃপক্ষ। রাত ৮টা পর্যন্ত ৭০০টির বেশি টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের সম্মতি না পাওয়ায় জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে।

তখন হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছিলেন, সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন পাওয়া গেলেও জেলা প্রশাসকের সম্মতি না থাকায় বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না। পরে রাত ১১টার দিকে সম্মতি পাওয়ার পর সিদ্ধান্ত হয়, আগে টিকিট কাটা সব পর্যটক বৃহস্পতিবার একটি জাহাজে সেন্টমার্টিন যাবেন। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল করবে।

হোসাইন ইসলাম বাহাদুর আরও জানান, জাহাজ চলাচলের অনুমোদন পেতে এ পর্যন্ত মোট নয়টি জাহাজ আবেদন করেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ণাঙ্গ নথি জমা দেয়ার পর তিনটি জাহাজ অনুমোদন পেয়েছে। বাকি ছয়টির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা অনেক পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সকাল ৭টায় জাহাজটি ছেড়ে যাওয়ার কথা।

তিনি আরও জানান, পর্যটকবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা হবে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পর্যটক পরিবহন ও সেন্টমার্টিন ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং সেখানে রাত্রিযাপন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেসকোর প্রি-পেইড রিচার্জে বিঘ্নের শঙ্কা, আগাম রিচার্জের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


ডেসকোর প্রি-পেইড রিচার্জে বিঘ্নের শঙ্কা, আগাম রিচার্জের পরামর্শ

ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) প্রি-পেইড মিটার ব্যবস্থার আধুনিকায়নের কাজের কারণে কিছু নির্দিষ্ট প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই বিঘ্ন ঘটতে পারে।

ডেসকোর একটি জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব প্রি-পেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু হয়, সেসব মিটারে রিচার্জ সেবা এই সময়ে সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

এ পরিস্থিতিতে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য অনুরোধ জানিয়েছে ডেসকো।

প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%