ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সময় কমানোয় চিকিৎসককে শোকজ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সময় কমানোয় চিকিৎসককে শোকজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের কার্যক্রমের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কমিয়ে দেওয়ার অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছিরের স্বাক্ষরিত একটি নোটিশে তাঁকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. শাম্মী আরা নিপা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দপ্তরপ্রধানের রুটিন দায়িত্ব পালন করছেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিকেল সেন্টারের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশে এই ঘটনাকে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে ২১তম জন্মদিনে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র গড়লেন তরুণী মিরিয়াম হারেগোট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


লস অ্যাঞ্জেলেসে ২১তম জন্মদিনে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র গড়লেন তরুণী মিরিয়াম হারেগোট

২১ বছর বয়সে পদার্পণ উপলক্ষে বিলাসবহুল পার্টি বা লাস ভেগাসে ভ্রমণের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্যোগ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন মিরিয়াম হারেগোট। এই তরুণী তার বিশেষ দিনটিকে আরও অর্থবহ করে তুলতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে গৃহহীনদের জন্য একটি আশ্রয়কেন্দ্র সংস্কার ও চালু করেছেন।

মিরিয়াম মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, "মানুষকে মানবিকতার ছোঁয়া দিতে পেরে দারুণ লাগছে, কারণ বর্তমান বিশ্বে এর বড্ড অভাব। আপনি নিজে সমাজে যে পরিবর্তন দেখতে চান, সেই পরিবর্তনের সূচনা আপনার নিজেকে দিয়েই করা উচিত।"

আশ্রয়কেন্দ্র চালুর পরপরই মিরিয়াম প্রতিষ্ঠা করেন ‘দ্য প্যাক প্রজেক্ট’ (P.A.C.K. - People Advocating Community Kinship) নামের একটি সংগঠন।

সাউথ সেন্ট্রাল লস অ্যাঞ্জেলেসের তরুণ, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের নিয়ে গঠিত এই সংগঠনটি মূলত গৃহহীন ও সুবিধাবঞ্চিত তরুণদের খাদ্য, বাসস্থান এবং শিক্ষার ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছে।

তাদের এই প্রজেক্টের আওতায় ‘ফিড দ্য হোমিস’ (Feed The Homies) নামের একটি মাসিক উদ্যোগের মাধ্যমে স্কিড রো এলাকায় এ পর্যন্ত হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষকে গরম খাবার পরিবেশন করা হয়েছে।

সমাজ পরিবর্তনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক পদবি, বড় তহবিল বা অনুমোদনের অপেক্ষা না করে মিরিয়াম যেভাবে নিজেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলার হুমকি, ইউক্রেনের জন্য অস্ত্র তৈরি করা ইউরোপীয় কারখানাগুলোকে লক্ষ্য করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রাশিয়ার হামলার হুমকি, ইউক্রেনের জন্য অস্ত্র তৈরি করা ইউরোপীয় কারখানাগুলোকে লক্ষ্য করবে

রাশিয়া ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক কারখানাগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। মস্কোর পক্ষ থেকে এই বিষয়টি জানিয়ে একটি কঠোর সতর্কতা পাঠানো হয়েছে।

পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা উৎপাদনের পরিকল্পনা নিয়ে সম্প্রতি প্রকাশিত এক বক্তব্যের প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কতা প্রদান করেন। তিনি এক সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট করে উল্লেখ করেন যে, ইউক্রেনের ভূখণ্ডের বাইরে অস্ত্র তৈরি হলেই তা নিরাপদ—এমন কোনো ধারণা রাখা উচিত নয়।

জাখারোভা বলেন, "ইউরোপের যেসব দেশে ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদিত হচ্ছে, সেসব কারখানা রাশিয়ার সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হতে পারে। ইউক্রেনীয় ভূখণ্ডের বাইরে অবস্থিত কারখানাগুলো কিয়েভ সরকারের জন্য অস্ত্র তৈরি করে নিরাপদ থাকবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। যারা তা ভাবছেন, তারা চরম ভুল করছেন।"

এই সতর্কবার্তার ফলে কিয়েভকে পশ্চিমা বিশ্বের অব্যাহত সামরিক সহায়তার প্রেক্ষিতে ক্রেমলিনের কঠোর অবস্থান ন্যাটো সদস্য দেশগুলোর উদ্বেগকে আরও বৃদ্ধি করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মহেশ ভাটের স্ত্রী, আলিয়ার মা হলেও আমি এখনো লড়াই করে যাচ্ছি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


‘মহেশ ভাটের স্ত্রী, আলিয়ার মা হলেও আমি এখনো লড়াই করে যাচ্ছি’

মহেশ ভাটের স্ত্রী এবং আলিয়া ভাটের মা—এই দুটি পরিচয় থাকা সত্ত্বেও অভিনয়জীবনে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সোনি রাজদান। তিনি উল্লেখ করেন, বিয়ের আগে যেমন অভিনয়ে সংগ্রাম করতে হয়েছিল, বিয়ের পরেও সেই বাস্তবতা পরিবর্তিত হয়নি। আলিয়ার মা হওয়ার পরও তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দেখেন।

সম্প্রতি গালাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনি তার অভিনয়জীবন, ক্যারিয়ারের শুরুর সময়ের বাধা এবং কাজ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

মহেশ ভাটের স্ত্রী এবং আলিয়া ভাটের মা হওয়ার বাইরে তিনি নিজেকে কিভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে সোনি বলেন, তিনি একজন সংগ্রামী অভিনেত্রী ছিলেন এবং বিয়ের পরও সেই পরিচয় পরিবর্তিত হয়নি। আলিয়ার মা হওয়ার পরও তিনি একজন অভিনেত্রী হিসেবেই নিজেকে চিহ্নিত করেন। অভিনয়কে তিনি অত্যন্ত ভালোবাসেন বলেও জানান।

সোনি জানান, তার ক্যারিয়ারের পথ খুব একটা সহজ ছিল না। তার বিশ্বাস, ক্যারিয়ারের শুরুর দিকে তার চেহারার ধরন কাজ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল।

সোনি বলেন, তার চেহারা হয়তো সে সময়কার প্রচলিত ভারতীয় সৌন্দর্যের ধারণার সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না। তবে তিনি মনে করেন, অভিনয়ের প্রতিভার অভাব ছিল না। তার মতে, যদি আজ তিনি ২৫ বছর বয়সী হতেন, তাহলে চেহারার এই বিষয়টি হয়তো এতটা বাধা হয়ে দাঁড়াত না।

অভিনয়ে আসার আগে থিয়েটারের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন সোনি। প্রথমদিকে তার ইচ্ছা ছিল মঞ্চেই অভিনয় করে ক্যারিয়ার গড়ার। কিন্তু থিয়েটার থেকে আয় করা কঠিন হওয়ায় পরে চলচ্চিত্রে আসতে বাধ্য হন।

সোনির ভাষায়, তিনি সবসময় ভেবেছিলেন থিয়েটার অভিনেত্রী হিসেবেই থাকবেন। পরে তিনি বুঝতে পারেন, থিয়েটার থেকে আয় করা সহজ নয়। তখনই তাকে বাস্তবতার মুখোমুখি হয়ে চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত নিতে হয়।

তবে সোনি শুধু পর্দায় আকর্ষণীয় উপস্থিতির জন্য পরিচিত হতে চাননি। তিনি অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিতে চেয়েছেন। ‘গ্ল্যাম ডল’ হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবেই দর্শকের কাছে পরিচিত হতে চেয়েছেন সোনি।

সম্প্রতি ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে তাকে দেখা গেছে। সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীতে ৩টি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রাজশাহী মহানগরীতে ৩টি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী, ১ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মো. মাহফুজুর রহমান রিটন, যিনি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর প্রশাসক।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

প্রথমে, রাসিক প্রশাসক নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। সেখানে তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। পরে তিনি হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%