সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০২ পি.এম
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তিনি সামরিক অভিযানের উদ্দেশ্য, হামলার জন্য নির্ধারিত স্থাপনা এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিশাল অর্থের হিসাব চাওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে এই যুদ্ধের জন্য জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেছেন।
মার্ক কেলি মার্কিন সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই সিনেটর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক পাইলট। তিনি সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কেলি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেলি জানতে চেয়েছেন, ইরানে সামরিক অভিযান পরিচালনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছিল কি না। নাকি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশটিতে যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানো।
তিনি বলেন, “আমি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই।” একই সঙ্গে তিনি এসব হামলার অনুমোদন কে বা কারা দিয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। কেলি ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, সেই হিসাবও জানতে চান।
কেলির এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে আরও কঠোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৬ : ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ২০ মিনিটের জন্য স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানিয়েছেন, আজ ভোর রাত ৩.২০ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। ২ ঘণ্টা ২০ মিনিট পর যখন ঘন কুয়াশা কমে যায়, তখন পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
তিনি আরো জানান, বর্তমানে সব ফেরি পূর্ণ যাত্রী নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ