সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর, ইউক্রেনের উদ্ধারকর্মীরা সোমবার ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জোর তৎপরতা চালান।
এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন বর্তমানে আরেকটি শীত মৌসুমের মুখোমুখি, যেখানে রাশিয়া প্রায় প্রতি রাতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের চলমান যুদ্ধ ইতোমধ্যে পঞ্চম বছরে প্রবেশ করেছে।
রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ডাইমার শহরে রুশ হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করতে দেখা গেছে।
সোমবার, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তকাচেঙ্কো লেখেন, ‘উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন। এতে ডাইমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।’
এর আগে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানিয়েছিল, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন।
তকাচেঙ্কো আরও জানান, রোববার সন্ধ্যায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, আবার কারও কাছে পৌঁছানোও যাচ্ছিল না।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস এই হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গণহত্যামূলক যুদ্ধের’ অংশ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্বের আর চোখ ফিরিয়ে রাখার সুযোগ নেই। এই সন্ত্রাসের নিন্দা জানান, রাশিয়াকে জবাবদিহির আওতায় আনুন এবং নিরপরাধ ইউক্রেনীয়দের হত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন।’
এদিকে, ভিশনেভে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
তকাচেঙ্কো বলেন, ‘মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার হামলায় তাদের স্বাভাবিক কেনাকাটার যাত্রা এক মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।’
তিনি আরও জানান, বিলা তসেরকভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাশিয়া দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে।
তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসতে শুরু করায় ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। বিশেষ করে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের ওপর পুতিনের কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত এই সেতুটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক এবং অন্যান্য খাতে সহযোগিতা প্রদান করায় জার্মানদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ উঠেছে যে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পরিবর্তে ইউক্রেনকে অধিক গুরুত্ব দিচ্ছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
প্রায় চার বছর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিল জার্মানির সাধারণ জনগণ। যুদ্ধ শুরু হওয়ার পর, জার্মানিতে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় পেয়েছেন। রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও এগিয়ে এসেছে। দেশটির জনগণের করের টাকায় নগদ অর্থ, বিপুল পরিমাণ সমরাস্ত্রসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করেছে জার্মানি।
কিন্তু, সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইউক্রেনকে প্রতিশ্রুতির চেয়ে বেশি সহযোগিতা প্রদান করা হয়েছে, ফলে দেশটির জনগণের মধ্যে অসন্তোষের বীজ বপন হচ্ছে।
জার্মানির প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার আঠারো বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে, চারভাগের এক ভাগ মনে করছে, ইউক্রেনকে প্রদত্ত সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তা এখনই বন্ধ করা উচিত।
সর্বমোট, ইউক্রেনকে সহায়তা প্রদান বিরোধী অবস্থানে রয়েছে প্রায় ৪২ শতাংশ সাধারণ জার্মান। জরিপের ফলাফল অনুযায়ী, এই যুদ্ধের সমাপ্তির জন্য মস্কো ও বার্লিনের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশটির ৪৯ শতাংশ জনগণ।
এদিকে, ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে ইইউর সম্মিলিত তহবিল থেকে আরও ২২০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান এবং জার্মান শিল্প উদ্যোক্তাদের ইউক্রেনে বিনিয়োগের আহ্বান জানানোয় চ্যান্সেলর মের্ৎসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল এএফডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ