সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫১ এম
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক এবং অন্যান্য খাতে সহযোগিতা প্রদান করায় জার্মানদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ উঠেছে যে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পরিবর্তে ইউক্রেনকে অধিক গুরুত্ব দিচ্ছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
প্রায় চার বছর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিল জার্মানির সাধারণ জনগণ। যুদ্ধ শুরু হওয়ার পর, জার্মানিতে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় পেয়েছেন। রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও এগিয়ে এসেছে। দেশটির জনগণের করের টাকায় নগদ অর্থ, বিপুল পরিমাণ সমরাস্ত্রসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করেছে জার্মানি।
কিন্তু, সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইউক্রেনকে প্রতিশ্রুতির চেয়ে বেশি সহযোগিতা প্রদান করা হয়েছে, ফলে দেশটির জনগণের মধ্যে অসন্তোষের বীজ বপন হচ্ছে।
জার্মানির প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার আঠারো বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে, চারভাগের এক ভাগ মনে করছে, ইউক্রেনকে প্রদত্ত সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তা এখনই বন্ধ করা উচিত।
সর্বমোট, ইউক্রেনকে সহায়তা প্রদান বিরোধী অবস্থানে রয়েছে প্রায় ৪২ শতাংশ সাধারণ জার্মান। জরিপের ফলাফল অনুযায়ী, এই যুদ্ধের সমাপ্তির জন্য মস্কো ও বার্লিনের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশটির ৪৯ শতাংশ জনগণ।
এদিকে, ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে ইইউর সম্মিলিত তহবিল থেকে আরও ২২০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান এবং জার্মান শিল্প উদ্যোক্তাদের ইউক্রেনে বিনিয়োগের আহ্বান জানানোয় চ্যান্সেলর মের্ৎসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল এএফডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ