১১:১৪ পি.এম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা এবং লাশ পুড়িয়ে গুম করার অভিযোগে আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এই রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে প্রেমের সম্পর্ক এবং আর্থিক লেনদেনের কারণে বিরোধের জেরে ভিকটিম হাছিনা বেগমকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে মহিবুল্লাহ। পরে আলামত নষ্ট করার উদ্দেশ্যে এবং লাশ গুম করার জন্য তা স্কুলের পরিত্যক্ত টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরে সুমির মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মোবাইল কল লিস্টের সূত্র ধরে র্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। প্রসিকিউশনের পক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং সার্বিক প্রমাণাদি পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, "আসামির স্বীকারোক্তি, সুরতহাল ও মেডিক্যাল রিপোর্ট, এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হয়।" আদালত বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় আসামিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন