১০:১০ এম
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে সেনাবাহিনীর চার সদস্য, যার মধ্যে এক মেজরও রয়েছেন, নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এসব অভিযানে ২৪ জন সন্ত্রাসীও নিহত হয়েছে।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে নিরাপত্তা বাহিনী গত ১৩ নভেম্বর থেকে অভিযান শুরু করেছে। ১৩ ও ১৪ নভেম্বর রাতে কোলপুরে অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আট সন্ত্রাসী নিহত হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
১৪ নভেম্বর, টহলরত সেনাবাহিনীর গাড়িবহরে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।
আরও পড়ুন: যুদ্ধের পরেও ইরানের কাছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় পৃথক অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, আলী খেল এলাকায় সংঘর্ষে ১২ জন এবং মির আলী ও দত্তা খেল এলাকায় আরো চারজন নিহত হয়।
এসব অভিযানে হাবিলদার আসিমত আলি ও নায়েক আফতাব আলি নামে দুই সেনাসদস্যও নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর দাবি করেছে, নিহত সন্ত্রাসীরা বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড ও বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযানকে আরো জোরদার করা হবে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এ দুই প্রদেশের বাসিন্দা। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছেন।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন