বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫৭ পি.এম
সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মাঠ প্রশাসনকে অধিকতর জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সরকার বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করেছে।’
আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মো. নূরুল ইসলাম প্রশ্ন রাখেন, মাঠ প্রশাসনকে আরও বেশি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের বিদ্যমান নীতিমালার কোনো সংস্কার বা আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা?
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বর্তমানে সেবা সহজীকরণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কর্মসম্পাদন পরিবীক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পরিদর্শন ও তদারকি, গণশুনানি কার্যক্রম, তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এরই অংশ হিসেবে ২০২৬ সালে সেবা সহজীকরণ নির্দেশিকা ২০২৬ এবং সরকারি দপ্তরের ওয়েবসাইট নির্দেশিকা, ২০২৬ এবং জেলা প্রশাসকদের কার্যক্রম মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।’
এছাড়াও, ডি-নথি, আইবাস, ই-নামজারি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, ই-জিপি, অনলাইন জিডি, ই-রিটার্ন, ই-পর্চা, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং হেল্পলাইন নাম্বার ৯৯৯, ৩৩৩-সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এছাড়া সরকারি কর্মসম্পাদনের অধিকতর কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য গর্ভমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) চালু করা হয়েছে এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।’
মাঠ প্রশাসনের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে প্রতিমাসে মন্ত্রিপরিষদ বিভাগের এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সঙ্গে অনলাইনে সভা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব ও নাগরিককেন্দ্রিক করার লক্ষ্যে সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজীকরণ, প্রযুক্তিনির্ভরতা বৃদ্ধি, কার্যক্রমের স্বচ্ছতা ও তথ্যপ্রকাশ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং কর্মসম্পাদনের ফলাফলভিত্তিক পরিবীক্ষণ জোরদার করার মাধ্যমে বিদ্যমান নীতি ও ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন অব্যাহত থাকবে।’
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সংগীতজগতের দুই জনপ্রিয় নাম সুনিধি চৌহান ও নেহা কক্কর। যদিও দুজনের ক্যারিয়ারের শুরু ভিন্ন সময়ে হয়েছে, কিন্তু নিজেদের স্বতন্ত্র গায়কী দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তাঁরা।
এবার সংগীতের বাইরে রিয়েলিটি শোকে কেন্দ্র করে উভয়ের বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে।
নব্বইয়ের দশকে মাত্র ১৩ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন সুনিধি চৌহান। দীর্ঘদিন ধরে গান ও রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত এই শিল্পী সম্প্রতি এক পডকাস্টে রিয়ালিটি শোগুলোর নেপথ্যের নানা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্য ঘিরে আলোচনা শুরু হয়।
সুনিধি বলেন, ‘বর্তমানে রিয়েলিটি শোগুলি সব স্ক্রিপ্টেড। আগে থেকেই সব সাজানো থাকে। এখন আর আগের মতো বাস্তবসম্মত বিষয় দেখা যায় না। বরং প্রাধান্য পায় অতিনাটকীয়তা।
যেমন টিআরপির জন্য দর্শকের আবেগ নিয়ে খেলা কিংবা আগে থেকে নির্দিষ্ট কোনো প্রতিযোগীকে তোল্লাই দেওয়ার নির্দেশ দেন নির্মাতারা।’
শুধু তাই নয়, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে কারসাজির অভিযোগ তোলেন সুনিধি।
তাঁর কথায়, ‘এখনকার রিয়েলিটি শোয়ে প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে অবাধে অটোটিউন ব্যবহার করা হয়। সেকারণেই আমি আর রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে থাকি না।’
সুনিধির এমন মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেন।
তবে এবার সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন নেহা কক্কর। দীর্ঘদিন ধরেই বিভিন্ন গানের রিয়েলিটি শোয়ের সঙ্গে যুক্ত নেহা। একাধিক জনপ্রিয় অনুষ্ঠানে বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি। বিচারকের আসনে তাঁর আবেগঘন প্রতিক্রিয়া ও নাটকীয় আচরণ নিয়ে অবশ্য কম আলোচনা হয়নি। এমনকি সমালোচকেরা তাঁকে ‘হাইভোল্টেজ ড্রামা ক্যুইন’ বলেও কটাক্ষ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহাকে প্রশ্ন করা হয়, রিয়েলিটি শোগুলো কি সত্যিই সব সাজানো? জবাবে তিনি জানান, এসব অনুষ্ঠানে প্রতিযোগীদের আবেগ, জীবনসংগ্রাম ও ব্যক্তিগত অভিজ্ঞতার যে গল্প উঠে আসে, সেগুলো পুরোপুরি চিত্রনাট্য অনুযায়ী তৈরি করা সম্ভব নয়।
নেহার কথায়, ‘আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রান্তের ছোট শহর থেকে উঠে এসেছি এবং অনেক প্রতিকূলতা পেরিয়ে এখানে পৌঁছাতে পেরেছি। প্রতিযোগীরা নতুন করে কোনো গল্প বানিয়ে বলবে না। আর অনুষ্ঠানে আমরা সেটাই দেখতে পাই। কারো গল্প শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়লে সেই অনুভূতিটা তো স্বাভাবিক।’
রিয়েলিটি শোর টিআরপি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানান নেহা। তাঁর দাবি, তিনি যতদিন বিচারকের আসনে ছিলেন, ততদিন অনুষ্ঠানের টিআরপি ভালোই ছিল।
এরপরই সুনিধিকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে নেহা বলেন, ‘আমি যতদিন শোয়ের বিচারকের আসনে বসেছি, ততদিন টিআরপি ভালোই ছিল। আসলে আঙুর ফল না পেলে টক-ই লাগে।’
নেহার এই মন্তব্য যে সুনিধি চৌহানের সাম্প্রতিক বক্তব্যেরই পাল্টা জবাব, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রংপুর নগরীর টার্মিনাল এলাকায় অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে, যাদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী অন্তর্ভুক্ত। এই অভিযানটি অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালানো হয়। আটক পাঁচজনকে পরে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, নগরীর টার্মিনাল এলাকায় ক্যাফে গ্রিন ভ্যালিতে খাবার বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছিল, এমন তথ্য পুলিশের কাছে এসেছে।
এই তথ্যের ভিত্তিতে ক্যাফেটিতে নজরদারি বৃদ্ধি করা হয়। এরপর বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।
অভিযানের সময় ক্যাফে থেকে পাঁচজনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন ম্যানেজার এবং দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন।
তবে পুলিশ আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করেছে।
জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা ও দুর্যোগ মোকাবেলার জন্য কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গত ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে এসব সরঞ্জাম কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস) প্রকল্পের আওতায় ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন প্রদান করা হয়েছে। এই ট্রমা রেসপন্স ব্যাগগুলোতে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
দূতাবাস জানায়, এই উদ্যোগের মাধ্যমে কোস্ট গার্ডের সদস্যদের জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে।
এছাড়া, দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে সংস্থাটির প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সহযোগিতার অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভাঙ্গারি মালামাল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার ৬০০ টাকা ও একটি স্মাটফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল ইসলাম (৩৫) ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে ধাওয়া ইউনিয়ন যুবদল নেতা মো. সোহাগ মৃধা ও মো. সোহাগ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
আসাদুল ইসলাম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিরোখালী গ্রামের আশ্রাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
আসাদুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভাঙ্গারি মালামাল কেনার উদ্দেশ্যে সুমন নামের এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওভারব্রিজ এলাকায় যান তিনি। সেখানে পৌঁছে মোবাইল ফোনে সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে সাগর নামের এক ব্যক্তিকে তার কাছে পাঠান। পরে সাগর গোডাউনে নিয়ে যাওয়ার কথা বলে তাকে উপজেলার ধাওয়া এলাকার ‘গোড়াখাল’ নামের একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করেন আসাদুল ।
আসাদুল বলেন, সেখানে যাওয়ার পর পরিস্থিতি সন্দেহজনক মনে হলে তিনি বিপদের আশঙ্কা করেন। একপর্যায়ে ধাওয়া গোড়াখালের একটি সাইক্লোন শেল্টারের কাছে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।
এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করা ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ কাজী, সাবেক ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান টিটু হাওলাদার, ধাওয়া ইউনিয়ন যুবদল নেতা মো. রুবেল হাওলাদার, ধাওয়া ইউনিয়ন যুবদল নেতা মো. সোহাগ মৃধাসহ স্থানীয় অরুণ বৈরাগী, মো. সোহাগ হাওলাদার, সুকান্ত, সুমন ও সঞ্জয়সহ কয়েকজন তাকে ঘিরে ফেলেন।
স্থানীয় দোকানদারদের কাছে সাহায্য চাইলে তাকে মারধর করে মোটরসাইকেলের চাবি নিয়ে মশিউর রহমান টিটুর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন আসাদুল । সেখানে তাকে আটকে রেখে পাঁচ লাখ টাকা দাবি করা হয় এবং মারধর করা হয়।
আসাদুল ইসলামের দাবি, জিম্মি অবস্থায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে সেখানে অবৈধ মালামালের ছবি পাঠানো হয়। পরে এসব ছবি ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখানো হয়। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তার মোবাইল ফোন, মানিব্যাগ, পাঁচটি ব্যাংক চেক, দুটি এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও নগদ ২২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। এ ছাড়া বিকাশ থেকে ২ হাজার ২০০ টাকা এবং নগদ থেকে ২ হাজার ৪০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে জোরপূর্বক সিটি ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে এটিএম বুথ থেকে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন এবং মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি হিসাবে ১ লাখ ৮৭ হাজার টাকা স্থানান্তর করা হয়। সব মিলিয়ে ৩ লাখ ২৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন আসাদুল ।
ঘটনার পর মুক্ত হয়ে আসাদুল ইসলাম প্রথমে স্থানীয় থানায় বিষয়টি জানান। পরে তিনি পিরোজপুরের পুলিশ সুপার ও স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে মো. সোহাগ মৃধা ও মো. সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ