ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনওর জরুরি বৈঠক


ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনওর জরুরি বৈঠক

ঢাকার ধামরাইয়ে টানা চার রাতের মধ্যে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক নাশকতার কারণে স্থানীয় পরিবহন খাত, মোটর মালিক এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সড়কে নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বুধবার (১১ নভেম্বর) পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক আয়োজন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মারুফ সিকদার এবং ডি লিংক ও জনসেবা পরিবহনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: ফেনীর লালপোল বেদে পল্লীতে পুলিশের অভিযান, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৪

সভায় পরিবহন মালিকদের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “কোনো অবস্থাতেই সড়ক, মহাসড়কের পাশে বা অরক্ষিত ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করে রাখা যাবে না। কেউ যদি নির্জন স্থানে গাড়ি রেখে নির্দেশ অমান্য করেন, তবে আইন অনুযায়ী সেই পরিবহন তাৎক্ষণিকভাবে ডাম্পিং করা হবে।”

তিনি আরও নির্দেশ দেন, দেশের সম্পদ রক্ষা এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখতে রাত জেগে নিজস্ব পাহারার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে দ্রুত নিরাপত্তা তদারকি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই অভিনেতা তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ভাইয়ের মৃত্যুর খবর জানালেন।

প্রিয় ভাইয়ের আকস্মিক মৃত্যুতে ডিপজল গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভাইকে হারানোর শূন্যতা কখনো পূরণ হবে না।

ফেসবুক পোস্টে ডিপজল উল্লেখ করেন, ‘আমার অত্যন্ত শ্রদ্ধেয় মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকালমৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’

একই পোস্টে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও করেছেন তিনি।

ডিপজল লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

জানা গেছে, আজ বুধবার বাদ জোহর বাড়ায়ানি পাড়া জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, ৯ নভেম্বর, ডিপজল তার মেজো ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। তখন ডিপজলের সেই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যানজট কমাতে নতুন ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


চট্টগ্রামে যানজট কমাতে নতুন ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) যানজট নিরসনে নতুন একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা গত ১৫ বছরের মধ্যে নির্মিত ৫টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সমালোচনার পরও বাস্তবায়িত হচ্ছে।

নগরীর প্রবেশদ্বার অক্সিজেন মোড়ে নির্মিত হবে সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক। সিডিএর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির লাখ লাখ মানুষের দুর্ভোগ কমবে। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ অনুযায়ী মাস্টার প্ল্যান অনুসরণ করে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এ বিষয়ে বলেন, “আমাদের মূল উদ্দেশ যানজট কমানো। উত্তর চট্টগ্রামের মানুষের স্বস্তির ব্যবস্থা করা। অক্সিজেন মোড়ে সব সময় যানজট লেগেই থাকে। এতে যানজট কমে আসবে। গাড়ির চাপ নিয়ন্ত্রণ করতে হলে এটার বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়ক সংযুক্ত হবে মুরাদপুর, বায়েজিদ, হাটহাজারি ও কুয়াইশ সড়ককে। থাকবে সাতটি রাম্প। এর ব্যয় দুই হাজার ২০০ কোটি টাকা।”

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, “বেশি গুরুত্ব দেয়া উচিত সড়ক আর জনগণের ওপর। সড়কগুলো বড় করা উচিত। শহরের নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো হয়নি। পরিকল্পনা করতে হবে। শুধু উড়াল সড়ক যানজটের স্থায়ী সমাধান নয়; মাস্টার প্লান অনুসরণে প্রয়োজন সমন্বিত সড়ক ও গণপরিবহন ব্যবস্থা করা। জনগণ ও নগর বিবেচনায় এমন প্রকল্প নেয়া উচিত বলে মনে করেন এ শিক্ষাবিদ।”

এ বিষয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির মন্তব্য করেন, “জনগণ ও নগরীর গুরুত্ব বিবেচনায় প্রকল্প গ্রহণ করা উচিত। যেটা অর্থনৈতিকভাবে কাজে আসে। প্রকল্পটির নকশা ও বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

উড়াল সড়কের সাতটি গন্তব্য হলো:

বায়েজিদ থেকে হাটহাজারী, বায়েজিদ থেকে কুয়াইশ সড়ক, হাটহাজারী সড়ক থেকে বায়েজিদ, হাটহাজারী থেকে মুরাদপুর, হাটহাজারী থেকে কুয়াইশ, কুয়াইশ থেকে বায়েজিদ।

এর আগের ৫টি উড়াল সড়ক ও এলিভেটর এক্সপ্রেসওয়ে: লালখানবাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাট ফ্লাইওভার, মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভার, কদমতলী-ধনিয়ালাপাড়া ফ্লাইওভার এবং দেওয়ানহাট ফ্লাইওভার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে নীরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে নীরব

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার, মেগান মার্কেল জনসমক্ষে আসেন বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর এটি তার প্রথম উপস্থিতি।

বেলজিয়ামের ব্রাসেলসে স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে সফরের সময় তিনি বেশিরভাগ সময় নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন।

ইউরোপীয় পার্লামেন্টে অনলাইনে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পৌঁছালে ফটোগ্রাফারদের একটি দল তাদের স্বাগত জানায়।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকরা এ বিষয়ে মন্তব্য জানতে মেগানের কাছে প্রশ্ন করলেও তিনি কোনো জবাব দেননি।

অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনী পর্বে কেবল হ্যারি বক্তব্য দেন। অনুষ্ঠানটি ৫০ শিশু, যারা অনলাইনে নির্যাতন ও শোষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছে, তাদের স্মরণে নির্মিত বিশেষ স্থাপনা ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’ উদ্বোধনের উপলক্ষে আয়োজন করা হয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ-কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাবার গ্রেফতারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে এই মুহূর্তে তার পক্ষে জনসমক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছে দুজনকেই বেশ শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল।

মেগানের পরনে ছিল কালো পোশাক, এবং বুকে লাগানো ছিল ছোট একটি পপি ফুলের প্রতীক, যা যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে ব্যবহার করা হয়।

এ সময় তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পরনে ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক পোশাক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা এবং স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের সঙ্গে সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল দেখা যায় মেগানকে হ্যারির পাশে।

যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এটি প্রথমবার একসঙ্গে দেখা গেল মেগান ও হ্যারিকে।

বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মেগানের ৮২ বছর বয়সী বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার ফ্লোরিডার লেকল্যান্ডে তার বসবাসের অবসরকালীন আবাসন থেকে এফবিআই সদস্যরা গ্রেফতার করেন। পরে তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, থমাস মার্কেলকে আটক রাখার আবেদন করেছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী তার হাতে একটি ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি নিজেই সেটি কেটে খুলে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লিন্ডসে গ্রিফিন মঙ্গলবার এক আদেশে থমাস মার্কেলকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

আদেশে বলা হয়, তিনি বিচার শুরুর আগে জামিনে মুক্ত থাকার শর্ত ভঙ্গ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগ রয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌন উত্তেজক ছবি থাকার অভিযোগও অন্তর্ভুক্ত।

প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদামে এসব ছবি সংরক্ষিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে থমাস মার্কেলের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগে গত মাসে ব্রিটেনের কয়েকটি ট্যাবলয়েড সংবাদমাধ্যম জানায়, ফিলিপাইনে থমাস মার্কেলের সাবেক বাড়িতে শিশুদের যৌন নিপীড়নের ছবি পাওয়া গেছে। পরে পুলিশও এ-সংক্রান্ত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। তবে মেগানের বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক বিবৃতিতে মেগান বলেন, তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে মর্মাহত’। আগের কিছু ‘উদ্বেগজনক ও ভয়াবহ’ অভিযোগের কারণে সন্তান আর্চি (৭) ও লিলিবেটের (৫) সঙ্গে বাবার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও জানান তিনি।

শিশুদের অনলাইন নিরাপত্তায় ইইউর প্রশংসা হ্যারির

অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। সেখানে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তা দুব্রাভকা সুইকা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লোপেজ-ইস্তুরিজও উপস্থিত ছিলেন।

আলোচনায় ২০২০ সাল থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেন হ্যারি। তার বক্তব্যের সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে সমর্থন জানান।

হ্যারি বলেন, ‘খুব দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল, এই সমস্যা দূর হচ্ছে না। বরং আরও বেশি শিশু আত্মহত্যা করছে কিংবা এমন ক্ষতির শিকার হচ্ছে, যার প্রভাব সারা জীবন থেকে যাচ্ছে। আরও বেশি মা-বাবা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এই সমস্যার মূলে থাকা প্রতিষ্ঠানগুলো কোনো পরিবর্তন আনতে রাজি নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণহীন বিস্তার নিয়ে সমালোচনা করে হ্যারি বলেন, ‘অল্প কয়েকজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি চান, পুরো বিশ্ব যেন সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ে, যেখানে কোনো আইন বা নিয়ন্ত্রণ থাকবে না।’

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) কার্যক্রম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৫ বছর বয়স পর্যন্ত সীমিত ও অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনার প্রশংসা করেন হ্যারি। এ উদ্যোগটি ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে পরিচিত।

হ্যারি বলেন, ‘সবাই মিলে একটি অভিন্ন নীতিতে এগিয়ে যাওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিরাপত্তার প্রমাণ দেওয়ার দায়িত্ব মা-বাবার পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়ার মধ্য দিয়েই কাজ শুরু করা উচিত।’

২০২০ সালের শুরুর দিকে মেগান ও হ্যারি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তারা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর অভিবাসনপ্রত্যাশীদের বহর আটকে দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


মেক্সিকোর অভিবাসনপ্রত্যাশীদের বহর আটকে দেওয়ার চেষ্টা

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করা মধ্য আমেরিকার প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীর একটি বহরকে আটকে দেওয়ার চেষ্টা করেছে মেক্সিকো।

মঙ্গলবার, দেশটির কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে।

গত তিন দিনের মধ্যে এটি ছিল অভিবাসনপ্রত্যাশীদের দ্বিতীয়বারের মতো বহর গঠন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা। এর আগে রোববার, প্রায় এক হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি বড় বহর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মেক্সিকোতে প্রবেশ করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, গুয়াতেমালার সঙ্গে মেক্সিকোর দক্ষিণ সীমান্তে সুচিয়াতে নদী পার হওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের পথ আটকে দাঁড়ায় দেশটির ন্যাশনাল গার্ড, অভিবাসন কর্তৃপক্ষ ও পুলিশ।

চিয়াপাস অঙ্গরাজ্যের একটি সড়কে তাদেরকে অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিবাসনপ্রত্যাশীদের ঘিরে ফেললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

সীমান্তের সবচেয়ে কাছের শহর তাপাচুলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ সময় প্রায় ৪০ জনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি নিশ্চিত করতে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এর আগে রোববার সন্ধ্যায়, প্রায় এক হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি বহর কোনো বাধার মুখে না পড়েই সীমান্ত অতিক্রম করে মেক্সিকোতে প্রবেশ করে। তারা তাপাচুলা শহরে কিছুক্ষণ অবস্থান করার পর আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে যুক্তরাষ্ট্রের সীমান্ত কার্যত বন্ধ রয়েছে।

রোববার মেক্সিকোতে প্রবেশ করা নিকারাগুয়ার ৪৭ বছর বয়সী অভিবাসনপ্রত্যাশী সিজার স্যান্ডোভাল বলেন, ‘আমাদের গন্তব্য যুক্তরাষ্ট্র।’

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘আরেকটি সুযোগ’ পাওয়ার আশা করছেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অজনপ্রিয় ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল বড় ধরনের ধাক্কা খেয়েছে। টেক্সাস, কানসাস ও ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটদের কাছে আসন হারিয়েছে দলটি।

স্যান্ডোভাল আরও বলেন, ‘আমরা আশা করি, তারা মনে রাখবেন, হিস্পানিক ও লাতিনো জনগোষ্ঠীর সন্তানদের ভোটেই তারা সিনেট ও কংগ্রেসে যাওয়ার সুযোগ পেয়েছেন।’

এ কথা বলার পর তিনি আবারও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

অভিবাসনপ্রত্যাশীদের এই দলে অনেক পরিবার রয়েছে। তাদের সঙ্গে শিশু ও পোষা কুকুরও রয়েছে।

নিজেদের জিনিসপত্র সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছের একটি মহাসড়ক ধরে তাঁরা হেঁটে এগিয়ে যাচ্ছেন। তাঁদের কারও কারও হাতে ছিল হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালার জাতীয় পতাকা।

সেপ্টেম্বরের পর থেকে এটি যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় মধ্য আমেরিকার অভিবাসনপ্রত্যাশীদের তৃতীয় বহর। এর আগে গঠিত অন্য দুটি বহর চিয়াপাস অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা ছাড়ার আগেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তাদের অস্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র দেয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ও পরবর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও কাগজপত্রহীন অভিবাসীদের এসব বহর নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ৩৮ বছর বয়সী গুয়াতেমালার নাগরিক ক্রিস্তিয়ান পাবলো নিজের দেশের পতাকা হাতে বলেন, ‘এই যাত্রায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। গুয়াতেমালের চেয়ে যুক্তরাষ্ট্রে ভালো সুযোগ-সুবিধা পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%